জর্জিয়ার সংসদে তুমুল হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ( ২৬ জুন) বসন্তকালীন অধিবেশনের শেষ বৈঠকে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি ও বিরোধী দল ফর জর্জিয়ার সংসদ সদস্যদের মধ্যে এই সংঘর্ষ হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে তার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করছিলেন।
নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী জর্জি গাখারিয়ার নেতৃত্বাধীন বিরোধী দল ‘ফর জর্জিয়া’-এর সংসদ সদস্য জর্জি শারাশিদজে প্রশ্নোত্তর পর্বে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক জর্জিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের ভূমিকার সমালোচনা করেন। তার এই মন্তব্যের পর সংসদ কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয় এবং কয়েক মিনিট ধরে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংসদের নিরাপত্তা কর্মীরা বিরোধী দলের কয়েকজন সদস্যকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেন।
ভিডিওগুলোতে দেখা যায়, প্রথমে দুই এমপির মধ্যে মারামারি শুরু হয়। জানা গেছে, তারা হলেন জর্জিয়ান ড্রিমের ইরাকলি খেলাদজে এবং ফর জর্জিয়ার গিগা পারুলাভা। এরপর এতে আরো পুরুষ ও নারী আইনপ্রণেতারা জড়িয়ে পড়েন।
হাতাহাতি-মারামারি যখন চলছিল, তখন কোবাখিডজে এবং তার মন্ত্রিসভার সদস্যদের দূর থেকে নিজেদের চেয়ারে বসে তা পর্যবেক্ষণ করতে দেখা যায়।
প্রশ্নোত্তর পর্বের সময় পোডিয়াম থেকে দেওয়া বক্তব্যে ফর জর্জিয়ার জর্জি শারাশিডজে আলিয়েভের এপ্রিল সফর এবং জর্জিয়ান ড্রিমের প্রতিষ্ঠাতা ও অনারারি চেয়ারম্যান বিদজিনা ইভানিশভিলির সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করেন।
প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিতে গিয়ে বিরোধী দলের সংসদ সদস্য জর্জি শারাশিদজে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের সমালোচনা করেন। তিনি বলেন, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের জর্জিয়া সফরের সময় প্রকাশিত ছবিগুলোতেই সরকারের ভেতরে কোবাখিদজের প্রকৃত অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।
শারাশিদজের ভাষায়, ‘প্রেসিডেন্ট আলিয়েভ যখন জর্জিয়ায় ছিলেন, তখন পুরো দেশ সেই ছবিগুলো দেখেছে। সেখানে আপনি এক পাশে দাঁড়িয়ে ছিলেন, যা এই সরকারের মধ্যে আপনার প্রকৃত ভূমিকা ও অবস্থানকে তুলে ধরে।’ তার এই মন্তব্যের পর সংসদ কক্ষে হট্টগোল শুরু হয়। তিনি আরো বলেন, ‘জর্জিয়ায় অনেক প্রধানমন্ত্রী এসেছেন, কিন্তু এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি।’
এরপর তিনি ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনাদের নির্লজ্জতা ও অভদ্রতা অন্য কোথাও নিয়ে যান।’ শারাশিদজের বক্তব্যের পর ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ জানাতে শুরু করেন। এতে সংসদ কক্ষের পরিবেশ দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে শারাশিদজে মঞ্চ থেকে নামার সময় ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। কয়েক মিনিট ধরে উভয় পক্ষের সদস্যদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংসদের নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করেন। এ সময় সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষে জড়িতদের মধ্যে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম দলের কয়েকজন সংসদ সদস্যও ছিলেন। তাদের মধ্যে লাশা তালাখাদজেকে স্পষ্টভাবে দেখা যায়। তিনি ভারোত্তোলনে তিনবারের অলিম্পিক স্বর্ণজয়ী হিসেবে পরিচিত। এ ছাড়া সংসদের আইনি বিষয়ক কমিটির চেয়ারম্যান আর্চিল গোরদুলাদজেকেও সংঘর্ষে জড়িত থাকতে দেখা যায়।
হাতাহাতির ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে সংসদ ভবনে জরুরি চিকিৎসা সেবা দলকে ডাকা হয়। পরে চিকিৎসাকর্মীদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা যায়।