• ই-পেপার

বিক্ষোভে ২০ জনের বেশি নিহত, অচল পাকিস্তান শাসিত কাশ্মীর

গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জিতলেন বার্নহাম, চ্যালেঞ্জের মুখে কিয়ার স্টারমার

অনলাইন ডেস্ক
গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জিতলেন বার্নহাম, চ্যালেঞ্জের মুখে কিয়ার স্টারমার
ছবি : রয়টার্স।

উত্তর ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম সহজেই জয় পেয়েছেন। এই বিজয় তাকে লেবার পার্টির ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য দাবিদার হিসেবে আরো শক্ত অবস্থানে নিয়ে গেছে এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

শুক্রবার (১৯ জুন) ভোরে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেকারফিল্ড আসনের উপনির্বাচনে অ্যান্ডি বার্নহাম অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের রবার্ট কেনিয়নকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। এই জয়ের মাধ্যমে তিনি হাউস অব কমন্সে একটি আসন নিশ্চিত করেছেন। এটি ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গুরুত্বপূর্ণ শর্ত।

অ্যান্ডি বার্নহাম ২৪ হাজার ৯২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং কেনিয়নের চেয়ে নয় হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।
রিস্টোর ব্রিটেনের রেবেকা শেফার্ড অনেক ব্যবধানে তৃতীয় হয়েছেন। তার পেছনে অবস্থান করেছেন কনজারভেটিভ পার্টির মাইকেল উইনস্টানলি, গ্রিন পার্টির সারা ওয়েকফিল্ড এবং লিবারেল ডেমোক্র্যাটসের জেক অস্টিন।

বিজয়ী ভাষণে অ্যান্ডি বার্নহাম বলেন, ‘সবাই জানে যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ঠিকমতো কাজ করছে না।’

সকলেই বুঝতে পারবেন, দেশটি যেখানে থাকা উচিত সেখানে নেই। আজকের রাতটিই হতে পারে একটি সন্ধিক্ষণ। এখন থেকে আমি আমার সর্বস্ব দিয়ে তা নিশ্চিত করব।

বিশ্লেষকদের মতে, অ্যান্ডি বার্নহামের এই জয় স্টারমারের ওপর রাজনৈতিক চাপ আরো বাড়াতে পারে। এতে স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হতে পারে বা তার নেতৃত্বকে ঘিরে বার্নহাম ও ওয়েস স্ট্রিটিংয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হতে পারে।

যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যবস্থায় সাধারণ নির্বাচন ছাড়াই সংসদ সদস্যরা নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারেন। স্টারমারকে চ্যালেঞ্জ করলে বার্নহামকে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

শ্রমিক ইউনিয়ন-সমর্থক ভোটার কিথ ডেভিস বলেন, ‘আমি কিয়ার স্টারমারের ওপর আস্থা হারিয়েছি। মনে হয় তিনি পথ হারিয়েছেন।’ একটি নতুন জরিপে দেখা গেছে, ব্রিটিশদের ২৫ শতাংশ অ্যান্ডি বার্নহামকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন, যেখানে কিয়ার স্টারমারের সমর্থন ১২ শতাংশ।

স্টারমারের স্থলাভিষিক্ত হলে বার্নহাম হবেন ২০১৬ সালের ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী। ২০১৫ সালে লেবার নেতৃত্ব নির্বাচনে তিনি শুরুতে এগিয়ে থাকলেও পরে জেরেমি করবিনের কাছে পরাজিত হন।

২০২৪ সালের নির্বাচনে লেবার বড় জয় পেলেও স্টারমার এখন সমালোচনা ও অসন্তোষের মুখে। মে মাসের স্থানীয় নির্বাচনে দলের বড় হার তার বিরুদ্ধে পদত্যাগের দাবি আরো বাড়িয়েছে। গত দুই বছরে তার সরকারের ২০ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। তাদের অনেকেই তার নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এর মধ্যে ওয়েস স্ট্রিটিংও আছেন।

তবে স্টারমার পদত্যাগের দাবি মানছেন না এবং বলেছেন, নেতৃত্ব নিয়ে যেকোনো চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করবেন।

উত্তর ইংল্যান্ডে জনপ্রিয়তার কারণে ‘কিং অব দ্য নর্থ’ নামে পরিচিত অ্যান্ডি বার্নহামকে নির্বাচনি প্রচারে লেবারকে বদলে দেশ বদলানোর কথা বলেছেন। মেয়র হিসেবে তিনি উত্তর ইংল্যান্ডের পিছিয়ে থাকা এলাকাগুলোর পক্ষে কথা বলে জনপ্রিয়তা পান এবং লন্ডনকেন্দ্রিক রাজনীতি ও নব্য উদারনৈতিক অর্থনীতির সমালোচনা করেন।

২০১৭ সালে প্রথম মেয়র নির্বাচিত হয়ে তিনি ২০২১ ও ২০২৪ সালে আবারও জয়ী হন। তিনি বলেন, ব্রিটিশ রাজনীতি অনেক বেশি লন্ডনকেন্দ্রিক এবং ট্রিকল-ডাউন অর্থনীতি ঠিকভাবে কাজ করেনি।

বিজয়ী ভাষণে তিনি মেকারফিল্ডকে তার রাজনীতির ‘মানদণ্ড’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই ‘মেকারফিল্ড টেস্ট’ নিশ্চিত করবে, অবহেলিত এলাকাগুলো ন্যায্যতা পাবে।

প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং গর্ডন ব্রাউনের অধীনে মন্ত্রী থাকা বার্নহাম এই নির্বাচনে সামান্য এগিয়ে ছিলেন বলে জরিপে দেখা যায়। লেবার পার্টির জোশ সাইমন্স আসন ছেড়ে দেওয়ায় উপনির্বাচনটি হয় এবং বার্নহাম স্টারমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান। প্রায় ৭৫ হাজার ভোটারের এই আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৮ দশমিক৭৫ শতাংশ, যা আগের নির্বাচনের তুলনায় বেশি।
 

সৌন্দর্যসেবাকে এগিয়ে নিতে জোট বাঁধল ল’রিয়াল ও ওপেনএআই

অনলাইন ডেস্ক
সৌন্দর্যসেবাকে এগিয়ে নিতে জোট বাঁধল ল’রিয়াল ও ওপেনএআই
সংগৃহীত ছবি

ফ্রান্সের বহুজাতিক সৌন্দর্যপণ্য প্রতিষ্ঠান ল’রিয়াল গ্রুপ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পানি ওপেনএআইয়ের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব শুরু করেছে। এই ঘোষণা দেওয়া হয় ইউরোপের বড় প্রযুক্তি সম্মেলন ভিভা টেকনোলজি-তে।

প্রতিষ্ঠানটি জানায়, এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো সৌন্দর্যপণ্য কেনাকাটা, গবেষণা এবং বিপণনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরো বাড়ানো। এর মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা সহজ হবে ও তারা একান্তই নিজস্ব চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে সাহায্য পাবেন। ল’রিয়ালের মতে, এর মাধ্যমে গ্রাহকেরা চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করে সহজেই সঠিক সৌন্দর্যপণ্য খুঁজে নিতে পারবেন, পণ্য সম্পর্কে আরো সহজে জানতে পারবেন এবং ব্যবহারবিধি বুঝতে পারবেন। কম্পানিটি আরো জানিয়েছে, এই প্রকল্প দুটি প্রধান দিককে লক্ষ্য করে অগ্রসর হবে। প্রথমত, গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে এআই ব্যবহার করা। দ্বিতীয়ত, গবেষণা, পণ্য়ের উন্নয়ন এবং কনটেন্ট তৈরির কাজকে আরো দ্রুত ও আধুনিক করা।

ল’রিয়ালের প্রধান ডিজিটাল ও মার্কেটিং কর্মকর্তা আসমিতা দুবে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গ্রাহক সেবা, বিপণন এবং গবেষণার কাজ আরো উন্নত করা সম্ভব। তার মতে, ওপেনএআইয়ের সঙ্গে এই অংশীদারত্ব সৌন্দর্য শিল্পে নতুন ধরনের প্রযুক্তি ও সমাধান আনতে সাহায্য করবে। এই প্রকল্পের অংশ হিসেবে ল’রিয়ালের ব্র্যান্ড মেবেলিন নিউইয়র্ক অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়ালি মেকআপ 
প্রয়োগ করার সুবিধা চালুর পরিকল্পনা করছে। এছাড়া ল’রিয়ালের স্কিনসিউটিক্যালস এবং সেরাভি ব্র্যান্ড ওপেনএআইয়ের বিজ্ঞাপন পরীক্ষামূলক কর্মসূচিতে যুক্ত হবে। সেখানে এআই ব্যবহার করে গ্রাহকের পণ্য খোঁজা থেকে শুরু করে কেনার সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সহজ করার চেষ্টা করা হবে। গবেষণার ক্ষেত্রে ল’রিয়াল জানিয়েছে, তারা ত্বকের জীবাণু ও অণুজীব সম্পর্কিত তথ্য বিশ্লেষণে ওপেনএআইয়ের বিশেষ জীববিজ্ঞানভিত্তিক মডেল জিপিটি-রোজালিন্ড ব্যবহার করবে। এর পাশাপাশি কম্পানিটি তাদের নিজস্ব জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম 'ক্রিয়েলটেক'-এ ওপেনএআইয়ের নতুন মডেল যুক্ত করবে। এর মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের জন্য ছবি ও ভিডিও কনটেন্ট তৈরি করা আরো দ্রুত ও সহজ হবে।

ল’রিয়াল এই প্রযুক্তিগত সম্প্রসারণের পাশাপাশি এশিয়ার বাজারেও মনোযোগ বাড়াচ্ছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সৌন্দর্য ব্র্যান্ডগুলোর দিকে। ২০১৮ সালে কোরিয়ান মেকআপ ব্র্যান্ড 'থ্রিসিই'-কে কিনে কোরিয়ান বাজারে প্রবেশ করে ল’রিয়াল। এরপর থেকে ব্র্যান্ডটির পূর্ব-পরিচয় বজায় রেখে আন্তর্জাতিক বাজারে এর বিস্তার ঘটানো হচ্ছে। বর্তমানে এটি এশিয়া ও চীনের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে।

পরবর্তীতে ২০২৪ সালের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার আরেকটি স্কিনকেয়ার ব্র্যান্ড 'ডক্টর জি'-কে ল’রিয়ালের পোর্টফোলিওতে যুক্ত করা হয়। এই ব্র্যান্ডটি এখন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াসহ একাধিক দেশে বিক্রি হচ্ছে এবং ধীরে ধীরে ইউরোপ ও লাতিন আমেরিকাতেও বিস্তার লাভ করছে।

বিশ্বজুড়ে ত্বকবিজ্ঞানভিত্তিক ও বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত পণ্যের ওপর ভর করে ল’রিয়াল তাদের অবস্থান আরো শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্রিটেনে আড়াই লাখ নারী যৌন নির্যাতনের শিকার, বেশির ভাগ অপরাধীই পাকিস্তানি পুরুষ

অনলাইন ডেস্ক
ব্রিটেনে আড়াই লাখ নারী যৌন নির্যাতনের শিকার, বেশির ভাগ অপরাধীই পাকিস্তানি পুরুষ
ছবি : রয়টার্স

যুক্তরাজ্যে শিশু ও কিশোরীদের ওপর সংঘবদ্ধ যৌন নির্যাতনের ঘটনায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ২১৮ পৃষ্ঠার একটি প্রতিবেদনে ব্রিটিশ এমপি রুপার্ট লো দাবি করেন, গত কয়েক দশকে অন্তত আড়াই লাখ মেয়ে ‘গ্রুমিং গ্যাং’-এর সহিংসতার শিকার হয়েছে। এসব অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের বেশির ভাগই পাকিস্তানি বংশোদ্ভূত পুরুষ। 

এই প্রতিবেদনটি যুক্তরাজ্যের সরকার বা পার্লামেন্টের কোনো আনুষ্ঠানিক তদন্তের অংশ নয়, বরং এটি এমপি লো-এর নিজস্বভাবে প্রকাশ করা একটি রিপোর্ট। যুক্তরাজ্যে ‘গ্রুমিং গ্যাং’ বলতে এমন একটি সংঘবদ্ধ অপরাধী চক্রকে বোঝানো হয়, যারা মূলত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের টার্গেট করে। তাদের অনেকেই সুবিধাবঞ্চিত,পারিবারিক সমস্যা, দারিদ্র্য বা সামাজিক ঝুঁকিতে থাকা মেয়ে। প্রথম ধাপে অপরাধীরা তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং ধীরে ধীরে তাদের বিশ্বাস অর্জন করে। তারা ভালোবাসা, যত্ন বা সম্পর্কের ভান করে মেয়েদের প্রভাবিত করে। এরপর ধীরে ধীরে এসব মেয়েদের যৌন নির্যাতনের চক্রে জড়িয়ে ফেলা হয়। একপর্যায়ে তারা ভয়, চাপ এবং মানসিক নিয়ন্ত্রণের মধ্যে আটকে পড়ে। কিছু ক্ষেত্রে ভুক্তভোগীদের এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাওয়া এবং বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তরের অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, এসব ঘটনার শিকারদের বড় একটি অংশ শ্বেতাঙ্গ মেয়ে। এ ছাড়া অভিযোগ করা হয়েছে যে দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যের সরকার এই সমস্যাকে সঠিকভাবে গুরুত্ব দেয়নি। অনেক ক্ষেত্রেই কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু ভুক্তভোগী দাবি করেছেন, তারা সাহায্যের জন্য কর্তৃপক্ষের কাছে গেলেও অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পাননি। কেউ কেউ অভিযোগ করেছেন, তাদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি। ইয়াহু নিউজের একটি ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, আড়াই লাখ ভুক্তভোগীর যে সংখ্যা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে, তার পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই। তবে সংখ্যাগত বিতর্কের বাইরে গিয়ে লোর প্রতিবেদনে ভুক্তভোগীদের অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। সেখানে অনেকেই অভিযোগ করেছেন, তারা দীর্ঘ সময় ধরে যৌন নির্যাতন, ভয়ভীতি, হুমকি এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

রুপার্ট লো জানান, এই প্রতিবেদন তৈরিতে এক বছরের বেশি সময় লেগেছে এবং এতে প্রায় ৬ লাখ পাউন্ড ব্যয় হয়েছে। সরকারি অর্থায়নের পরিবর্তে জনসাধারণের অনুদানের মাধ্যমে এই প্রকল্প পরিচালিত হয়। এর আগে যুক্তরাজ্যে এ ধরনের অভিযোগ নিয়ে একাধিক তদন্ত হয়েছে। এর মধ্যে ‘জে ইনকোয়ারি’ এবং ‘টেলফোর্ড ইনকোয়ারি’ উল্লেখযোগ্য।  ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের মোট ১৪৯টি স্থানীয় প্রশাসনিক এলাকায় এ ধরনের অপরাধচক্রের কার্যক্রমের তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে শত শত ভুক্তভোগীর সাক্ষ্য, আদালতের নথি এবং বিভিন্ন সংস্থা থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

সমালোচকদের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক সময় সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধায় ছিল। তাদের আশঙ্কা ছিল, অভিযুক্তদের অনেকেই পাকিস্তানি মুসলিম হওয়ায় বিষয়টি বর্ণবাদী ইস্যু হিসেবে দেখা হতে পারে। প্রতিবেদনটি প্রকাশের পর যুক্তরাজ্যে শিশু সুরক্ষা, যৌন অপরাধ দমন এবং আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহি নিয়ে নতুন করে জাতীয় পর্যায়ে বিতর্ক শুরু হয়েছে। একই সঙ্গে অতীতে অভিযোগ পাওয়ার পরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, সেই প্রশ্নও আবার সামনে এসেছে।
 

নিরাপত্তাসংকটের সমাধান শুধু হত্যা নয়—ইসরায়েলকে জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক
নিরাপত্তাসংকটের সমাধান শুধু হত্যা নয়—ইসরায়েলকে জেডি ভ্যান্স
ছবি : অিানাদোলু এজেন্সি

মার্কিন-ইরান সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েলি ‘আতঙ্কের’ সমালোচনা করে বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন-ইরান সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

ভ্যান্স বলেছেন, ‘সব সমস্যার সমাধান শুধু হত্যা নয়।’ তিনি জানান, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান কোনো ছাড় পাবে না। হোয়াইট হাউসে তিনি ইসরায়েলের উগ্র ডানপন্থী কয়েকজন মন্ত্রীর সমালোচনা করে বলেন, তারা যুক্তরাষ্ট্রের সমর্থনের যথাযথ মূল্যায়ন করছেন না। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি এ সমালোচনার বাইরে রাখেন।  

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও অস্থিতিশীলতা নিরসনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে ইসরায়েল বেশ উদ্বিগ্ন। ইসরায়েলের আশঙ্কা, এই চুক্তি তাদের দীর্ঘমেয়াদি যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা লক্ষ্যগুলোকে বাধাগ্রস্ত করবে। এই পরিস্থিতিতে জেডি ভ্যান্স ইসরায়েলকে এমন মন্তব্য করেন।

ভ্যান্স দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘ইসরায়েলের এই পুরো আতঙ্ক আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছে। কারণ আমি মনে করি, এটি অবিশ্বাসের জায়গা থেকে এসেছে এবং আমেরিকা বিশ্বের ওই অঞ্চলের আস্থা অর্জন করেছে।’ তিনি বলেন, ‘বলপ্রয়োগের মাধ্যমে সব জাতীয় নিরাপত্তা সমস্যার সমাধান করা যায় না।’ 

তিনি আরো বলেন, ‘আমরা ওই দেশ ও সরকারের জন্য অনেক ভালো কাজ করেছি। আমরা একটি খারাপ চুক্তি করেছি, এমন ধারণার পক্ষে কোনো তথ্য-প্রমাণ নেই। বরং দীর্ঘদিনের সম্পর্কের কথা বিবেচনা করলে এ দাবি মোটেও যৌক্তিক নয়।’

তিনি বলেন, ‘ইসরায়েলি রাজনৈতিক ব্যবস্থা এবং জনসংখ্যার একটি বড় অংশ এই চুক্তি নিয়ে অত্যন্ত সংবেদনশীল। চুক্তিটি সম্পর্কে ভুল তথ্যের কারণেই তাদের এই আতঙ্ক সৃষ্টি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তবে ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই এমন কিছু ব্যক্তি আছেন, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের মতো মানুষ, যারা এই চুক্তির সমালোচনা করেছেন। তাদের উদ্দেশে আমার প্রশ্ন, আপনাদের বিকল্প প্রস্তাব কী? মাত্র ৯০ লাখ মানুষের একটি দেশ হিসেবে ইসরায়েল তার প্রতিটি জাতীয় নিরাপত্তা সংকটের সমাধান শুধু সামরিক অভিযান বা হত্যাযজ্ঞের মাধ্যমে করতে পারে না।’

এই চুক্তিটি ইসরায়েলসহ ‘সমগ্র অঞ্চল এবং বিশ্বের’ জন্য ভালো হবে উল্লেখ করে ভ্যান্স বলেন, এই চুক্তির মাধ্যমে ইরানের ‘পারমাণবিক কর্মসূচি’ বন্ধ করা সম্ভব হয়েছে।

ভ্যান্স বলেন, ‘আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস করে দিয়েছি। একই সঙ্গে আমরা ইরানকে এমন এক অবস্থায় নিয়ে এসেছি, যেখানে তারা এমন কিছু প্রস্তাব দিচ্ছে, যেগুলো বাস্তবায়ন করবে কি না, তা সময়ই বলে দেবে। কিন্তু ছয় মাস আগেও সেগুলো কেবল কল্পনা বলেই মনে হতো।’

তিনি বলেন, ‘সুতরাং, আসুন এই আলোচনাটি এগিয়ে নিয়ে যাই। দেখা যাক, ইরানের কর্মকাণ্ড তাদের কথার সঙ্গে মেলে কি না এবং মার্কিন যুক্তরাষ্ট্রকেও কিছুটা কৃতিত্ব দেওয়া যাক। আমার মতে দীর্ঘদিন ধরে ইসরায়েলি সরকারের এক অসাধারণ অংশীদার হিসেবে কাজ করে আসছে।’