• ই-পেপার

স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার, এখন কেমন আছেন জোভান?

অগ্রিম বুকিংয়ে ‘ককটেল টু’ ঝড়

বিনোদন ডেস্ক
অগ্রিম বুকিংয়ে ‘ককটেল টু’ ঝড়
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর বড় পর্দায় ফিরছে জনপ্রিয় রোমান্টিক কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ককটেল’। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সাইফ আলি খান, দীপিকা পাডুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত ‘ককটেল’-এর সিক্যুয়াল ‘ককটেল ২’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। মুক্তির আগেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান সেই উন্মাদনারই প্রমাণ দিচ্ছে।

নতুন কিস্তিতে আগের তারকাদের জায়গায় দেখা যাবে শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মন্দানাকে। প্রেম, বন্ধুত্ব ও সম্পর্কের নতুন গল্প নিয়ে নির্মিত এই ছবির ট্রেলার ও গান ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

অগ্রিম বুকিংয়ের হিসাব বলছে, মুক্তির আগেই ভারতে ছবিটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ কোটি ৪৯ লাখ রুপিরও বেশি। 

Cocktail 2 Review: Shahid, Kriti, and Rashmika SHINE in messy, mature, and  beautiful love story

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ব্লকড সিটের হিসাব যোগ করলে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৬৬ লাখ রুপিতে। ইতোমধ্যে দেশজুড়ে ৭০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

সবচেয়ে বেশি অগ্রিম বুকিং হয়েছে মহারাষ্ট্রে। সেখানে ১ হাজার ৪৯১টি শোর জন্য টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৬২ লাখ ১৫ হাজার রুপি। ব্লকড সিটসহ সেই পরিমাণ প্রায় ৯৭ লাখ ২৪ হাজার রুপিতে পৌঁছেছে।

অগ্রিম বুকিংয়ের এই প্রবণতা দেখে চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ছবিটি ৪ কোটির বেশি আয় করতে পারে। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বুকিং আরো বাড়তে পারে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে প্রথম দিনে ‘ককটেল ২’-এর আয় ৫ থেকে ১০ কোটি রুপির মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে দিল্লি-এনসিআর, মুম্বাই, পুনে, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো বড় শহরগুলোতে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। যদিও অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানই একটি ছবির চূড়ান্ত সাফল্য নির্ধারণ করে না, তবে মুক্তির আগে দর্শকদের আগ্রহের মাত্রা বোঝার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

গুগল-ফেসবুকের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেলেন প্রীতি

বিনোদন ডেস্ক
গুগল-ফেসবুকের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেলেন প্রীতি
সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বড় পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা। 

ডিপফেক ভিডিও, বিকৃত ছবি এবং ভুয়া এআই চ্যাটবটের মাধ্যমে তাঁর পরিচয় ব্যবহার ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে গুগল, মেটাসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছেন তিনি।

সম্প্রতি বোম্বে হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতির করা বিশেষ আবেদন মঞ্জুর করে মামলা দায়েরের অনুমোদন দেন।

আদালতে প্রীতির পক্ষে আইনজীবী রোহন কদম জানান, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে অভিনেত্রীর পরিচয় নকল করা হচ্ছে। এমনকি তাঁর নামে ভুয়া চ্যাটবট তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, প্রীতির নাম, কণ্ঠস্বর ও অবয়ব তাঁর অনুমতি ছাড়াই ব্যবহার করে বিভিন্ন কনটেন্ট তৈরি ও প্রচার করা হচ্ছে। এতে তাঁর ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) এবং পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এসব কর্মকাণ্ড ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনেরও লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।

আইনজীবীর ভাষ্য, গুগল, মেটা, এক্স, জিফি ও গোড্যাডিসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ ধরনের ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ায় প্রীতি জিনতার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যদিও এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর সদর দপ্তর ভারতের বাইরে, তবে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ভারতে, বিশেষ করে মুম্বাইয়ে।

এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে সেলিব্রিটিদের ব্যক্তিত্বের অধিকার রক্ষার বিষয়টি এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে। এর আগে একই ধরনের আইনি সুরক্ষা পেয়েছেন বলিউড তারকা শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং সংগীতশিল্পী অরিজিৎ সিং।
 

‘সম্পর্কের কারণে না, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার’, বলেছিলেন পরীমনি

বিনোদন ডেস্ক
‘সম্পর্কের কারণে না, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার’, বলেছিলেন পরীমনি
সংগৃহীত ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এই ঘটনার পর আবারও সামনে এসেছে চিত্রনায়িকা পরীমনির একটি পুরোনো সাক্ষাৎকার। ২০২৪ সালের ২৫ জুন দেওয়া ওই সাক্ষাৎকারে সাকলায়েনকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। 

তখনই দাবি করেছিলেন, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার।

সাকলায়েনের চাকরি হারানোর বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেছিলেন, ‘আমি বা সাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে বলছে। প্রশাসনও এটা নিয়ে বলছে। এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনো আসেনি, ব্যক্তিগত পর্যায়ে যদি আসে, তখন আমি কথা বলব।’

তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও অভিযোগ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্তও আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মনগড়া জিনিস লেখা হয়েছে।’

সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলছি, সেখানে এই সম্পর্কটা কী, তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে।’

সাকলায়েনকে ঘিরে নেওয়া প্রশাসনিক পদক্ষেপ নিয়ে পরীমনির মন্তব্য ছিল, ‘আমার শুধু মনে হয়, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে।’

তিনি আরো বলেছিলেন, ‘প্রেম-ভালোবাসা যা-ই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আবারও বলছি, আমার মনে হয়, সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার।’

কার সেই ব্যক্তিগত আক্রোশ—এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেছিলেন, ‘আমি জানি না। তবে অবশ্যই ব্যক্তিগত আক্রোশ। কিন্তু এমনটা নয়, প্রেম-ভালোবাসা ও সম্পর্কের কারণে হয়েছে, তা আমি বিশ্বাস করি না।’

সব শেষে তিনি বলেন, ‘তবে সাকলায়েনের জন্য খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ওই অভিযোগের ভিত্তিতেই মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রয়্যাল অ্যাসকটে ‘সুপারম্যান’ হেনরি ক্যাভিলের পাশে সারা

অনলাইন ডেস্ক
রয়্যাল অ্যাসকটে ‘সুপারম্যান’ হেনরি ক্যাভিলের পাশে সারা
সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বার্কশায়ারে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ঘোড়দৌড় ও সামাজিক অনুষ্ঠান ‘রয়্যাল অ্যাসকট ২০২৬’। এ বছরের রয়্যাল অ্যাসকটে বলিউড তারকা সারা আলি খান এবং হলিউডের ‘সুপারম্যান’ খ্যাত অভিনেতা হেনরি ক্যাভিল একই ফ্রেমে ধরা দিয়েছেন। এই দুই তারকার একসঙ্গে পোজ দেওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘড়ি প্রস্তুতকারক ব্র্যান্ড ‘লংজিনস’ এবং সারার অফিশিয়াল পেজ থেকে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের ছবিগুলো শেয়ার করার পর ভক্তরা যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না।

ব্রিটেনের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই বার্ষিক অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও বসেছিল চাঁদের হাট। খেলাধুলা, ফ্যাশন ও সংস্কৃতির মেলবন্ধনের এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। অনুষ্ঠানে সারা আলি খান ছাড়াও যোগ দিয়েছিলেন রাজা তৃতীয় চার্লস, রানী ক্যামিলা, প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন। এ ছাড়া হলিউডের বিখ্যাত অভিনেতা হেনরি ক্যাভিলসহ বিশ্বের নামী ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সমাবেশে অংশ নেন।

রয়্যাল অ্যাসকটের অন্যতম মূল আকর্ষণ থাকে এর কঠোর পোশাকবিধি (ড্রেস কোড) ও ফ্যাশন ঐতিহ্য। এই চিরন্তন ঐতিহ্যকে মাথায় রেখে সারা আলি খান একটি জমকালো আইভরি রঙের পোশাক বেছে নিয়েছিলেন। সেই সঙ্গে মাথায় পরেছিলেন ঐতিহ্যবাহী ও নজরকাড়া একটি ‘ফ্যাসিনেটর’ (এক ধরণের রাজকীয় টুপি)।

সারার এই মার্জিত ও আভিজাত্যপূর্ণ লুকের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে ভক্ত এবং ফ্যাশনপ্রেমীদের মাঝে তার এই লুক দারুণ প্রশংসিত হয়েছে। সারা আলি খানকে সম্প্রতি ‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমায় দেখা গেছে। ছবিটিতে তার সাথে আরো অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং, ওয়ামিকা গাব্বি ও বিজয় রাজ।