• ই-পেপার

সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প

তাইওয়ান সীমান্তে আবারও চীনের যুদ্ধবিমান-নৌযান শনাক্ত

অনলাইন ডেস্ক
তাইওয়ান সীমান্তে আবারও চীনের যুদ্ধবিমান-নৌযান শনাক্ত
ছবি : রয়টার্স

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ভূখণ্ডের চারপাশে আবারও চীনা সামরিক বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। সোমবার (৮ জুন) সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় তাইওয়ানের আকাশসীমা ও জলসীমায় চীনের ২টি যুদ্ধবিমান, ৬টি নৌযান ও ৭টি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে জানায়, শনাক্ত হওয়া ২টি চীনা যুদ্ধবিমানই তাইওয়ানের পূর্বাঞ্চলীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ অঞ্চলে প্রবেশ করেছিল। চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) এই উস্কানিমূলক তৎপরতার পর তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।

এর আগে মে মাসে এক আলাপচারিতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘তাইওয়ান সমস্যা’ নিয়ে কাজ করবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটি চমৎকার ও অসাধারণ বৈঠক হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, তাইওয়ানের বিষয়ে আমি সবার সাথে কথা বলব। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তাইওয়ানের ওপর চীনের মালিকানার দাবিটি দীর্ঘদিনের একটি জটিল রাজনৈতিক ও ঐতিহাসিক বিষয়। বেইজিং মনে করে তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। ১৬৮৩ সালে চিং রাজবংশ কর্তৃক এই দ্বীপটি দখলের ইতিহাস টেনে চীন আন্তর্জাতিকভাবে এই দাবি করে থাকে। অন্যদিকে, তাইওয়ান সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব সরকার, সামরিক বাহিনী ও অর্থনীতি পরিচালনা করে একটি স্বতন্ত্র পরিচয় বজায় রেখেছে। আন্তর্জাতিক আইনে তাইওয়ানের এই সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণ অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে বৈশ্বিক বিতর্ক চলছে।

সূত্র : এএনআই

ইবোলা নিয়ন্ত্রণে ডিআর কঙ্গোর জন্য ডব্লিউএইচও’র ৫১৮ মিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা

অনলাইন ডেস্ক
ইবোলা নিয়ন্ত্রণে ডিআর কঙ্গোর জন্য ডব্লিউএইচও’র ৫১৮ মিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা
ম্পোন্ডওয়ে সীমান্ত ক্রসিংয়ের একটি অস্থায়ী ক্লিনিকে একজন স্বাস্থ্যকর্মী হাত ধুচ্ছেন। ছবি : রয়টার্স

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) চলমান ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৫১৮ মিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচিও)। রাজনৈতিক সদিচ্ছা, দীর্ঘমেয়াদি অর্থায়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়ে সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেউসাস এ পরিকল্পনা ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইনিউজ এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে ডব্লিউএইচও প্রধান লেখেন, ২০২৬ সালের জুন থেকে নভেম্বর মাসের জন্য একটি ‘মহাদেশীয় প্রস্তুতি ও সাড়াদান পরিকল্পনা’ গ্রহণ করেছে আফ্রিকা সিডিসি এবং ডব্লিউএইচও। এই পরিকল্পনার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৫১৮ মিলিয়ন মার্কিন ডলার। এতে অংশীদার হিসেবে রয়েছে ইউনিসেফ, ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইএফআরসি এবং ফাইন্ডডিএক্স।

ডব্লিউএইচও প্রধান আরো জানান, চলতি সপ্তাহের শুরুর দিকে বুন্দিবুজিও ভাইরাসের কারণে সৃষ্ট ইবোলা প্রাদুর্ভাব নিয়ে ডিআরসি-র প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির সঙ্গে তার একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।

এক্স-এর ওই পোস্টে তিনি লেখেন, ‘সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশ বুনিয়াতে গত সপ্তাহে আমার সফরের বিষয়ে প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদিকে অবহিত করেছি। এ ছাড়া ডব্লিউএইচও কর্তৃক নির্মিত এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা একটি ইবোলা চিকিৎসা কেন্দ্রসহ রোগ নির্ণয় ও চিকিৎসার পরিধি বাড়ানোর অগ্রগতি নিয়েও আমাদের কথা হয়েছে।’

প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে সচেতন ও সংগঠিত করার বিষয়ে উভয় নেতাই একমত হয়েছেন।

তেদরোস আধানোম গেব্রেউসাস যোগ করেন, ‘আমরা একমত হয়েছি যে, এই প্রাদুর্ভাব রুখতে স্থানীয় জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে। এর অর্থ হলো—স্থানীয় জনপ্রতিনিধি ও নেটওয়ার্কগুলোকে সক্রিয় করা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ দাফন নিশ্চিত করা, সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা এবং লক্ষণ দেখা দিলে মানুষকে দ্রুত চিকিৎসার আওতায় আনা, যাতে জীবন বাঁচাতে পারে। আশার কথা হলো, অনেক রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এটি প্রমাণ করে যে দ্রুত চিকিৎসা কতটা কার্যকর এবং কেন আমাদের প্রতিটি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া উচিত।’

তিনি আরো উল্লেখ করেন, ইবোলার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি জরুরি স্বাস্থ্য ও মানবিক সেবাগুলোকেও অবহেলা করা যাবে না। ডিআরসি-র সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠার প্রশংসা করে তিনি বলেন, তাদের যথাযথ সহায়তা দেওয়া অত্যন্ত জরুরি।

এই সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঙ্গোর পাশে দাঁড়িয়ে সুসমন্বিত সহায়তা ও প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে, এমন কোনো ভ্রমণ বা বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ না করার অনুরোধ জানান, যা এই লড়াইকে বাধাগ্রস্ত করতে পারে। ডব্লিউএইচও এই প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত কঙ্গোর পাশে থাকবে এবং এই জরুরি অবস্থাকে কাজে লাগিয়ে দেশের স্বাস্থ্য খাতকে আরো শক্তিশালী করতে কাজ করবে।

উল্লেখ্য, ইবোলা মূলত একটি মারাত্মক ভাইরাল হেমোরেজিক ফিভার বা রক্তক্ষরণকারী জ্বর, যা বুন্দিবুজিও ভাইরাস স্ট্রেনের সংক্রমণের কারণে ঘটে। এটি একটি অত্যন্ত গুরুতর রোগ এবং এতে মৃত্যুর হার অনেক বেশি। বর্তমানে বুন্দিবুজিও স্ট্রেনজনিত ইবোলা রোগ প্রতিরোধ বা চিকিৎসার জন্য অনুমোদিত কোনো ভ্যাকসিন কিংবা নির্দিষ্ট ওষুধ নেই।

বিশ্ববাজার

জ্বালানি তেলের দামে বড় লাফ, আরো বাড়ার শঙ্কা

অনলাইন ডেস্ক
জ্বালানি তেলের দামে বড় লাফ, আরো বাড়ার শঙ্কা

লেবাননে ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গতকাল রবিবার হামলার পর এক লাফে ব্যালের প্রতি দুই ডলার বেড়েছে তেলের দাম।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ১০ ডলার বা ২ দশমিক ৩২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯২ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। 

অন্যদিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ৩৩ ডলার বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৫ দশমিক ৪২ ডলারে পৌঁছেছে।

এদিকে বৈরুতে হামলার কারণে ইসরায়েলে হামলা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পরে পাল্টা হামলায় ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। উভয় দেশে পাল্টাপাল্টি হামলা শান্তিচুক্তি ক্ষেত্রে নতুন করে বাধা হতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে তেলের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে ৫ জন আহত, সন্দেহভাজন আটক

অনলাইন ডেস্ক
নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে ৫ জন আহত, সন্দেহভাজন আটক
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ততম পেন স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। রবিবার (৭ জুন) সন্ধ্যার এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ধারণা, আটককৃত ব্যক্তি একজন গৃহহীন হতে পারেন।

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে পেন স্টেশনের একটি প্রবেশপথে (ওয়েস্ট ৩৩তম স্ট্রিট এবং ৭ম অ্যাভিনিউ) একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাতের খবর পেয়ে তারা দ্রুত ছুটে যান। হামলায় আহত পাঁচজনকেই বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও কারো আঘাতই প্রাণঘাতী নয়।

ম্যানহাটনের বিখ্যাত ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেন’-এর ঠিক নিচে অবস্থিত এই পেন স্টেশনটি শহরের সাবওয়ে এবং যাত্রীবাহী রেলের একটি প্রধান সংযোগস্থল। এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচ দেখতে সোমবার (৮ জুন) এই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যাওয়ার কথা রয়েছে। ট্রাম্পের এই সফরের ঠিক আগের দিন এই হামলার ঘটনায় পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অ্যামট্র্যাক পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীকে গ্রেপ্তার করে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক বিবৃতিতে ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ ও উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ঘটনার কারণে ট্রেন বা রেল পরিষেবার ওপর কোনো প্রভাব পড়বে না।

সোমবারের (৮ জুন) এনবিএ ফাইনালে মুখোমুখি হবে ‘নিউইয়র্ক নিকস’ ও ‘সান আন্তোনিও স্পার্স’। ১৯৯৯ সালের পর এই প্রথম এখানে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সেনা মোতায়েন, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।

সূত্র : সিএনএন