সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পরিচালিত মার্কিন বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম জানায়, ১৯ জুন সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের বাহিনী একটি নির্ভুল বিমান হামলা চালায়। এতে আইএসের জ্যেষ্ঠ নেতা আলি হুসাইন আল-উলাইউই নিহত হন।
যুক্তরাষ্ট্রের চলমান সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান চালায় সেন্টকম। তারা বলছে, চলমান এই অভিযানের লক্ষ্য হলো এমন সন্ত্রাসী নেতাদের খুঁজে বের করে নির্মূল করা, যারা বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছে।
বিবৃতিতে বলা হয়, এই নির্ভুল হামলায় আলি হুসাইন আল-উলাইউই নিহত হয়েছে। বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে চাওয়া সন্ত্রাসীদের কার্যক্রম ব্যাহত ও নির্মূল করার প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।
সেন্টকম আরো জানায়, তারা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে আইএস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।




