যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর ভারতের নতুন হাই কমিশনার হিসেবে বাংলাদেশে দীনেশ ত্রিবেদীর নিয়োগ ও দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে গোর লিখেছেন, 'বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।'
তিনি আরো বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে ভবিষ্যতে দিনেশ ত্রিবেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। শুভেচ্ছা বার্তায় আঞ্চলিক বিভিন্ন বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহের কথাও তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলাদেশ-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুর পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়ার বৃহত্তর অঞ্চলের নানা বিষয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন ভারতের নতুন হাইকমিশনার ত্রিবেদী। বৃহস্পতিবার সকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তা জানান, বঙ্গভবনে ত্রিবেদীকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। পরে রাষ্ট্রীয় নিয়ম অনুসারে তিনি রাষ্ট্রপতির কাছে তাঁর কূটনৈতিক পরিচয়পত্র জমা দেন।
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনারের এই দায়িত্ব গ্রহণ এমন এক সময়ে হলো, যখন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে স্বাভাবিক করার চেষ্টা চলছে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এরপর থেকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগ চলছে।
এমন পরিস্থিতিতে নতুন হাইকমিশনার হিসেবে ত্রিবেদীর দায়িত্ব গ্রহণকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।






