• ই-পেপার

পাকিস্তানে পৃথক হামলায় সামরিক সদস্যসহ নিহত ২০

নাইজেরিয়ায় বিরল আয়োজন: যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে

অনলাইন ডেস্ক
নাইজেরিয়ায় বিরল আয়োজন: যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে
সংগৃহীত ছবি

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ইবাদানে সপ্তাহান্তে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান। যমজ দুই ভাই তাইও ও কেহিনদে ওগুনতোয়ে বিয়ে করেছেন যমজ দুই বোন তাইও ও কেহিনদে আদেদিরানকে। বিরল এই বিয়ে দেখতে গির্জায় জড়ো হয়েছিলেন আত্মীয়-স্বজন, বন্ধু এবং অসংখ্য অতিথি।

স্থানীয়দের কাছে অনুষ্ঠানটি ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। কারণ, যমজ সন্তানের সংখ্যা এই অঞ্চলে তুলনামূলক বেশি হলেও, যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের একসঙ্গে বিয়ে হওয়ার ঘটনা খুবই বিরল। নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বসবাসকারী ইয়োরুবা জনগোষ্ঠীর মধ্যে যমজ সন্তানের জন্মের হার বিশ্বের অন্যতম বেশি। ইয়োরুবা সংস্কৃতিতে যমজ সন্তানকে সৌভাগ্য ও আশীর্বাদের প্রতীক হিসেবে দেখা হয়। এ কারণে যমজ সন্তানদের জন্য বিশেষ নামও আগে থেকেই নির্ধারিত থাকে। বড় সন্তানের নাম রাখা হয় 'তাইও'(অর্থ- যে পৃথিবীকে পরীক্ষা করে) এবং ছোট সন্তানের নাম 'কেহিনদে' (অর্থ- যে পরে এসেছে)।

বিয়ের দিন তাইও ওগুনতোয়ে জানান, ছোটবেলা থেকেই তিনি ও তার ভাই যমজ কাউকে বিয়ে করার স্বপ্ন দেখতেন। তিনি আরো বলেন, তারা চান ভবিষ্যতে তাদের সন্তানদের মধ্যেও যমজ সন্তান জন্ম নিক। 

এই চারজনের প্রেমের গল্প শুরু হয় প্রায় ১০ বছর আগে। তখন তারা সবাই ইবাদান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ওগুনতোয়ে ভাইদের এক শিক্ষক তাদের জানান, তিনি এমন দুই যমজ বোনকে চেনেন, যাদের সঙ্গে তাদের পরিচিত হওয়া উচিত। এরপর দুই ভাইয়েরও আগ্রহ তৈরি হয়। তবে প্রথম দিকে বিষয়টি এত সহজ ছিল না। তাইও ওগুনতোয়ে বলেন, এর আগেও তারা অন্য যমজ বোনদের সঙ্গে পরিচিত হয়েছিলেন এবং প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। অন্যদিকে আদেদিরান বোনেরাও শুরুতে পরিচিত হতে আগ্রহ দেখাননি। এমনকি ওই শিক্ষকের ফোন কলেরও উত্তর দেননি। পরে অবশ্য চারজনের দেখা হয়। তাইও ওগুনতোয়ে স্মৃতিচারণ করে বলেন, তারা দেখা করতে গিয়েছিলেন। অনেক কথাও হয়েছিল। কিন্তু তখন আদেদিরান বোনেরা কোনো প্রেমের সম্পর্কের বিষয়ে আগ্রহী ছিলেন না।

প্রথম সাক্ষাতের পর প্রেম নয়, বরং চারজনের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এরপর সময়ের সঙ্গে তাদের জীবন ভিন্ন পথে এগিয়ে যায়। আদেদিরান বোনেরা স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য চলে যান। অন্যদিকে ওগুনতোয়ে ভাইরা কাজের সূত্রে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে ভ্রমণ ও কর্মজীবন কাটান। দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও পরে আবার তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। ধীরে ধীরে সেই বন্ধুত্ব গভীর ভালোবাসায় রূপ নেয়। পরিবারের সদস্যরাও এই সম্পর্ককে সাদরে গ্রহণ করেন। তাইও ওগুনতোয়ে বলেন, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও তাদের খুব দ্রুতই ঘনিষ্ঠতা তৈরি হয়। তারা তাদের নিজেদের পরিবারের সদস্যের মতো গ্রহণ করেছে।

বিয়ের অনুষ্ঠানে দুই দম্পতি একই ধরনের পোশাক পরেছিলেন। এতে অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। অনুষ্ঠানে আরো কয়েক জোড়া যমজ উপস্থিত ছিলেন। কারণ, ওগুনতোয়ে ভাইরা স্থানীয়ভাবে যমজ সংস্কৃতি নিয়ে কাজ করার জন্য পরিচিত। তারা 'ওগুনতোয়ে টুইনস' নামে বিভিন্ন সাংস্কৃতিক ও পর্যটন কার্যক্রমের সঙ্গে যুক্ত। যদিও দুই ভাই অভিন্ন যমজ নন এবং তাদের চেহারায় কিছু পার্থক্য রয়েছে। তবে তাদের স্ত্রীরা দেখতে প্রায় একই রকম। কেহিনদে ওগুনতোয়ে মজা করে বলেন, তাদের স্ত্রীরা এতটাই একই রকম দেখতে যে, তাদের পরিবারের সদস্যরাও মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যান। তবে তারা কখনো ভুল করেন না। তারারা নিজ নিজ স্ত্রীকে খুব ভালোভাবেই চিনতে পা্রেন

দুই ভাই জানান, তাদের ও তাদের স্ত্রীদের ব্যক্তিত্বের মধ্যে অনেক মিল রয়েছে। তারা পরিস্থিতি অনুযায়ী কখনো শান্ত, আবার কখনো প্রাণবন্ত হয়ে ওঠেন। তাদের সম্পর্ক খুব গভীর হলেও, বিয়ের পর দুই দম্পতি আলাদা থাকবেন বলে জানান তাইও ওগুনতোয়ে। 

এখন নতুন জীবনের শুরুটা উপভোগ করছেন এই নবদম্পতিরা। দীর্ঘদিনের পরিচয়, বন্ধুত্ব এবং ভালোবাসার পথ পেরিয়ে অবশেষে চারজনের জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। বিরল এই বিয়ে শুধু তাদের পরিবারের জন্য নয়, পুরো ইবাদান শহরের মানুষের কাছেও এক স্মরণীয় ঘটনা হয়ে উঠেছে।

৬৬ বছরের পুরোনো পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন বিরোধ

অনলাইন ডেস্ক
৬৬ বছরের পুরোনো পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন বিরোধ
ছবি : রয়টার্স

সিন্ধু নদের পানিবণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, পানির অধিকার কেড়ে নিয়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলা হলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়াতেও প্রস্তুত। তবে তিনি যোগ করেন, এখনই যুদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

দুই দেশের মধ্যে ৬৬ বছরের পুরোনো একটি পানিবণ্টন চুক্তি রয়েছে, যা সিন্ধু পানি চুক্তি নামে পরিচিত। ভারত এখন এই চুক্তিটি বাতিল করতে চাইছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ না করা পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে। ভারতের পানিসম্পদ মন্ত্রী সি আর পাতিল বলেছেন, আগামী দিনগুলোতে পাকিস্তানে যেন এক ফোঁটাও পানি না যেতে পারে, ভারত সেই ব্যবস্থা করছে।

পাকিস্তানের জন্য সিন্ধু নদের পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির ৯০ শতাংশ ফসলি জমির সেচ এবং সবকটি জলবিদ্যুৎ কেন্দ্র এই পানির ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি পুরোপুরি পানি বন্ধ নাও করে, শুধু বাঁধের পানি ছাড়ার সময় ও নিয়ম পরিবর্তন করে, তাতে পাকিস্তানের বড় ক্ষতি হয়ে যাবে। চাষের মৌসুমে পানি আটকে রাখলে খরা হবে, আবার হুট করে পানি ছেড়ে দিলে পাকিস্তানে বন্যা দেখা দেবে।

ইতোমধ্যেই চেনাব নদীর পানির হঠাৎ হ্রাস-বৃদ্ধি নিয়ে পাকিস্তান বেশ কয়েকবার ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের সুযোগ দিন দিন কমে আসছে।

কানাডার মন্ট্রিয়লে বন্দুকধারীর হামলায় নিহত তিন

অনলাইন ডেস্ক
কানাডার মন্ট্রিয়লে বন্দুকধারীর হামলায় নিহত তিন
সংগৃহীত ছবি

কানাডার মন্ট্রিয়ল শহরে সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, একজন সাধারণ নাগরিক এবং হামলাকারী নিজেও রয়েছেন। এ ঘটনায় আরো এক নারী পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তবে তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

মন্ট্রিয়লের কোট-দে-নিজ নামক এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি শহরের অন্যতম জনবহুল এলাকা। এখানে ইহুদি সম্প্রদায়ের অনেক মানুষ বসবাস করেন। এলাকাজুড়ে রয়েছে ইহুদি ধর্মীয় প্রতিষ্ঠান, কোশের বাজার ও বিভিন্ন রেস্তোরাঁ।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। মন্ট্রিয়ল পুলিশের প্রধান ফাদি দাঘের জানান, বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর পর গোলাগুলি শুরু হয়। হামলাকারী একটি ভবনের ভেতর থেকে লম্বা একটি বন্দুক ব্যবহার করে গুলি চালাচ্ছিল। পরে পুলিশের পাল্টা অভিযানে হামলাকারী নিহত হয়। পুলিশ মনে করছে, সে একাই এ হামলা চালিয়েছিল। এক সংবাদ সম্মেলনে ফাদি দাঘের ঘটনাটিকে 'একটি ট্র্যাজেডি' এবং 'একটি দুঃস্বপ্ন' বলে বর্ণনা করেন। তিনি বলেন, হামলায় এক পুরুষ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ আরো জানায়, হামলাকারীর পরনে সামরিক পোশাকের মতো পোশাক ছিল। তবে তার উদ্দেশ্য কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সময় এলাকায় থাকা অনেক মানুষ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন। ফ্রাঙ্ক ভোগাস নামে ৭১ বছর বয়সী এক ব্যক্তি জানান, তিনি একটি দোকান থেকে রং কিনছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনতে পান। তিনি বলেন, হঠাৎ দেখলেন চারদিক থেকে পুলিশ ছুটে আসছে। তাদের হাতে অস্ত্র ছিল। পরে তারা দোকানে থাকা সবাইকে মেঝেতে নিচু হয়ে থাকতে বলে।

আরেক প্রত্যক্ষদর্শী ড্যানি উইল্ক জানান, তিনি প্রথমে একটি গুলির শব্দ শুনেছিলেন। এরপর পরপর আরো কয়েকটি গুলি ছোড়া হয়। তিনি বলেন, তিনি যখন নিরাপদে থাকার জন্য একটি পিৎজার দোকানে ঢোকার চেষ্টা করছিলেন, তখন হামলাকারীকে দেখতে পান। মনে হচ্ছিল, সে আবারো গুলি চালানোর প্রস্তুতি নিচ্ছে। উইল্ক আরো জানান, তিনি মাটিতে পড়ে থাকা নিহত পুলিশ কর্মকর্তাকে দেখেছিলেন। কিছুক্ষণ পর পুলিশ হামলাকারীকে গুলি করে নিস্তেজ করে ফেলে।

হামলার কারণ নিয়ে এখনো তদন্ত চলছে। পুলিশ এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের কথা জানায়নি। তবে কানাডার সরকারি ফরাসি ভাষার সংবাদমাধ্যম রেডিও কানাডা জানিয়েছে, হামলাকারীর সঙ্গে তথাকথিত 'ইনসেল' মতাদর্শের সম্পর্ক থাকতে পারে। ইনসেল শব্দটির অর্থ হলো 'অনিচ্ছাকৃতভাবে সঙ্গীহীন'। এই মতাদর্শে বিশ্বাসী কিছু ব্যক্তি নারী সঙ্গী না পাওয়ার হতাশা থেকে নারীদের প্রতি ঘৃণা ও চরমপন্থী চিন্তাধারার দিকে ঝুঁকে পড়ে। ২০১৮ সালে টরন্টোতে এমন মতাদর্শে বিশ্বাসী এক ব্যক্তি গাড়ি তুলে দিয়ে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন। সেটি কানাডার ইতিহাসের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হয়। তবে সোমবারের হামলার সঙ্গে এই মতাদর্শের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

তবে এটি ইহুদিবিরোধী হামলা কি না, তা নিয়েও বেশ জল্পনা-কল্পনা চলছে। ঘটনাস্থলটি ইহুদি সম্প্রদায়ের বসবাসের এলাকা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করতে থাকেন, এটি হয়তো ইহুদিবিরোধী হামলা। তবে পুলিশ এ ধরনের কোনো তথ্য নিশ্চিত করেনি। পুলিশ প্রধান ফাদি দাঘের বলেন, এই মুহূর্তে গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। তদন্তে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এলাকার ধর্মীয় নেতা গেটজি মার্কোভিটজও একই আহ্বান জানান। তিনি বলেন, অনেকে জানতে চাইছেন, এটি কি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা ছিল কি না। কিন্তু এখনই এমন মন্তব্য করলে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়া হবে। তার ধারণা, এই হামলাটি পুলিশের বিরুদ্ধে সংঘটিত হয়েছে।

ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই সহিংস ঘটনায় তিনি 'ভীষণ আতঙ্কিত' ও মর্মাহত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহত ও আহতদের পরিবার, স্থানীয় বাসিন্দা এবং দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের প্রতি সমবেদনা জানান। ক্যুবেকের প্রধানমন্ত্রী ক্রিস্টিন ফ্রেশেতও শোক প্রকাশ করেন। তিনি সবাইকে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার আগে যেকোনো ধরনের জল্পনা না করার আহ্বান জানান। 

এদিকে বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশ ধীরে ধীরে নিরাপত্তা বলয় তুলে নিতে শুরু করে। এলাকায় যান চলাচলও স্বাভাবিক হতে থাকে। তবে হামলার কারণ, হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্য সম্পর্কে তদন্ত এখনো চলছে।

ঐতিহাসিক জয়ের ২ বছরের মাথায় কেন সরে দাঁড়ালেন স্টারমার?

অনলাইন ডেস্ক
ঐতিহাসিক জয়ের ২ বছরের মাথায় কেন সরে দাঁড়ালেন স্টারমার?
রয়টার্স ছবি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার দলীয় অভ্যন্তরীণ চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর পদও ছেড়ে দেবেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে স্ত্রী ভিক্টোরিয়াকে পাশে নিয়ে দেওয়া আবেগঘন বক্তব্যে স্টারমার বলেন, তিনি তার সংসদীয় সহকর্মীদের রায় মেনে নিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করবেন।

এ সময় তিনি স্ত্রীকে নিজের ‘সবচেয়ে বড় শক্তি’ হিসেবে উল্লেখ করেন এবং পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর ইচ্ছার কথাও জানান।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, স্টারমারের পদত্যাগের ফলে গত এক দশকে যুক্তরাজ্যে ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রীর পরিবর্তন ঘটতে যাচ্ছে। ব্রেক্সিট-পরবর্তী সময়ে দেশটির রাজনৈতিক অস্থিরতার এটি আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

কেন পদত্যাগ করলেন স্টারমার?

গত কয়েক মাস ধরে স্টারমার সরকারের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে কমছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলা, জনসেবা খাতের চাপ কমানো এবং অভিবাসন নীতিতে কার্যকর ফল দেখাতে না পারায় তিনি সমালোচনার মুখে পড়েন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টি বিপুল বিজয় পেলেও পরে ভোটার ও দলীয় নেতাদের একাংশ স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। সমালোচকদের অভিযোগ, তিনি বাস্তবসম্মত নীতির ওপর জোর দিলেও দেশের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো বৃহৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেননি।

এছাড়া যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়া নিয়ে বিতর্কও তার সরকারের জন্য বড় ধাক্কা হয়ে আসে। যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের সঙ্গে ম্যান্ডেলসনের সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশের পর বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্টারমারের সম্পর্কও সময়ের সঙ্গে অবনতি ঘটে। বিশেষ করে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যুক্তরাজ্য অংশ না নেওয়ায় দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ে। স্টারমারের পদত্যাগ ঘোষণার আগেই ট্রাম্প তাকে অভিবাসন ও জ্বালানি নীতিতে ব্যর্থ বলে মন্তব্য করেছিলেন।

সম্ভাব্য উত্তরসূরি

এদিকে স্টারমারের উত্তরসূরি হিসেবে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের নাম আলোচনায় রয়েছে। সম্প্রতি তিনি মেকারফিল্ড আসনের উপনির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

যদিও লেবার পার্টির ভেতরে এখন নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। তবে নতুন নেতা নির্বাচনের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

মাত্র দুই বছর আগে ঐতিহাসিক নির্বাচনী জয়ের মাধ্যমে ক্ষমতায় আসা স্টারমারের এই সিদ্ধান্ত ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্যের ক্ষমতার কেন্দ্রে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে।

পাকিস্তানে পৃথক হামলায় সামরিক সদস্যসহ নিহত ২০ | কালের কণ্ঠ