পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃনমূল কংগ্রেসের (টিএমসি) শোচনীয় পরাজয়ে দলে দেখা দিয়েছে ভাঙন। বিধানসভায় বিধায়কদের বিদ্রোহের রেশ না কাটতেই টিএমসি সংসদীয় দলেও ভাঙন দেখা দিয়েছে। সংসদীয় দলের অনেক সংসদ দল ত্যাগের গুঞ্জন আগেই চাউর হয়েছিল। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে বসেছেন তৃণমূলের ১৪ জন সাংসদ। এতেই গুঞ্জন স্পষ্ট হয়ে যায়।
সোমবার (৮ জুন) নয়াদিল্লির ৯ নম্বর মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কারা কারা যোগ দিয়েছে তা নিয়ে তৈরি হয় জল্পনা। নাটকীয় এই ভোল পাল্টানো নেতাদের দলের ছিলেন অভিনেতা দেবও বলে জানা গেছে। বৈঠকে ব্লু শার্ট ও জিন্স প্যান্ট পরে হাজির হয়েছিলেন দেব। বসেছিলেন এক কোনায়। নিজেকে এমনভাবে আড়ালে রেখেছিলেন ছবি যাতে না দেখা যায়।
বৈঠকের একটি ছবি ভাইরাল হলেও দেবকে সেখানে দেখা যায়নি। তবে জানা গেছে, বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছতেই সবাই উঠে দাঁড়ান। আর মুখ্যমন্ত্রী সস্নেহে গালও টিপে দেন দেবের।
এদিকে তৃণমূলের এই সাংসদরা এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না। তারা একটি পৃথক ব্লক গঠন করবেন। স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানাবেন, তাদের ব্লকের মুখ্য সচেতক হলেন কাকলি ঘোষ দস্তিদার। এ ব্যাপারে স্পিকারের উদ্দেশ করে লেখা চিঠিতে সইও করেছেন দেব।
বস্তুত এই দলবদল পর্বে দেবের নাম নিয়ে গত কয়েক দিনে বিজেপির অন্দরে বেশ আলোচনা হয়েছে।
বিজেপি সূত্র জানিয়েছে, দেব সরাসরি কথা বলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। তারপর মুখ্যমন্ত্রীর কথামতো সকালে দিল্লিতে পৌঁছে যান দেব। সাংসদ হিসাবে সরকারি বাসভবন পেয়েছেন তিনি, সেখানে দেব ছিলেন না। তিনি ছিলেন একটি অভিজাত হোটেলে। সেখান থেকেই ভূপেন্দ্র যাদবের বাসভবনে পৌঁছে যান ঘাটালের সাংসদ।
একটু পেছনে হাঁটলে দেখা যাবে, ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই দেব জানিয়ে দিয়েছিলেন। তিনি আর লোকসভা ভোটে প্রার্থী হতে রাজি নন।
তৃণমূল ভোটে হেরে যাওয়ার পর ভোল পাল্টে মিশলেন বিজেপিতে। তাছাড়া বিজেপি নেতাদের সঙ্গে দেবের সৌজন্য সম্পর্ক অনেক দিন ধরেই রয়েছে। মহাগুরু মিঠুন চক্রবর্তী তাঁর ছবিতে সহ অভিনেতা শুধু নন, দাদার মতোই। শুভেন্দু অধিকারীর সঙ্গেও সম্পর্ক বরাবরই ভাল ছিল। মাঝে কিছু প্রকাশ্য বাদানুবাদ ছাড়া।
তবে এদিনের ঘটনাপ্রবাহ নিয়ে ঘাটালের সাংসদ এখনো স্পষ্ট করে কিছু বলেননি। এখন অপেক্ষা পালা এই অভিনেতার মাস্টারপ্ল্যানে কী আছে?