• ই-পেপার

লিভারপুলের ১০০ মিলিয়নের প্রস্তাব প্রত্যাখ্যান করে পিএসজির দিকে ‘বিস্ময়বালক’

বিশ্বকাপের শেষ ষোলোতে কার মুখোমুখি স্বাগতিক কানাডা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের শেষ ষোলোতে কার মুখোমুখি স্বাগতিক কানাডা
ছবি : রয়টার্স

বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক কানাডা। রাউন্ড অব ৩২-এ দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে নকআউটের পরের ধাপে জায়গা করে নিয়েছে তারা। এখন কানাডার সামনে অপেক্ষা নতুন চ্যালেঞ্জ।

শেষ ষোলোর ম্যাচে কানাডার প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার রাউন্ড অব ৩২ ম্যাচের বিজয়ী দল। এই দুই দলের লড়াইয়ের ফলই নির্ধারণ করবে কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।

নেদারল্যান্ডস গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে। অন্যদিকে শক্তিশালী ব্রাজিলের পর গ্রুপ ‘সি’-তে দ্বিতীয় স্থান নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কো।

নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচে জয়ী দল ৪ জুলাই হিউস্টনে কানাডার মুখোমুখি হবে। সেই ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে স্বাগতিকরা।

নিজেদের দর্শকদের সমর্থনে উজ্জীবিত কানাডা ইতোমধ্যেই ইতিহাস গড়েছে। এখন তাদের লক্ষ্য সেই ইতিহাসকে আরো সমৃদ্ধ করে বিশ্বকাপে আরো এক ধাপ এগিয়ে যাওয়া।

ক্রিকেটে হতাশার দিনে ভারতের মুখে হাসি ফোটাল হকি দল

ক্রীড়া ডেস্ক
ক্রিকেটে হতাশার দিনে ভারতের মুখে হাসি ফোটাল হকি দল
সংগৃহীত ছবি

ভারতের ক্রীড়াঙ্গনে গতকাল রবিবার ছিল মিশ্র অনুভূতির। একদিকে নারী ও পুরুষ—দুই ক্রিকেট দলই বিদেশের মাটিতে হতাশাজনক পরাজয়ের মুখ দেখেছে। তবে দিনের শেষটা স্বস্তির করে তুলেছে ভারতের পুরুষ হকি দল, যারা এফআইএইচ হকি প্রো লিগে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে।

প্রথম ধাক্কাটি আসে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। অধিনায়ক হারমানপ্রীত কৌরের নেতৃত্বে ভারত ১৭০ রানের লড়াকু সংগ্রহ গড়লেও শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায়। এলিস পেরি ও অ্যাশলি গার্ডনারের দুর্দান্ত অর্ধশতকে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

এই হারে গ্রুপ-১ থেকে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করতে হয় ভারতকে। অন্যদিকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।

নারী দলের হতাশার রেশ কাটতে না কাটতেই আয়ারল্যান্ড থেকে আসে আরো বড় দুঃসংবাদ। ভারতীয় পুরুষ টি-টোয়েন্টি দল দ্বিতীয় ম্যাচে মাত্র এক রানে হেরে ০-২ ব্যবধানে সিরিজ খোয়ায়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দ্বিপক্ষীয় সিরিজে ভারতকে হারানোর ইতিহাস গড়ে আয়ারল্যান্ড। একই সঙ্গে ২০২৩ সালের পর টানা ১৬টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের ভারতীয় রেকর্ডও থেমে যায়।

তবে দিনের শেষ ভাগে ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফেরায় পুরুষ হকি দল। লন্ডনে এফআইএইচ হকি প্রো লিগের ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর শুটআউটে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারায় ভারত। এই জয়ে প্রো লিগ অভিযানও ইতিবাচকভাবে শেষ করে দলটি।

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

ক্রীড়া ডেস্ক
ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড
সংগৃহীত ছবি

ভারতের কেরালায় নাবালিকা ক্রিকেটারকে যৌন নির্যাতনের দায়ে এক ক্রিকেট কোচকে ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৭৯ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। এটি তার বিরুদ্ধে দায়ের হওয়া তৃতীয় পকসো (প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স) মামলার রায়।

দণ্ডপ্রাপ্ত কোচ মনু এমের বিরুদ্ধে অভিযোগ, ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ নিয়ে ২০১৮ সালে এক নাবালিকা ছাত্রীকে একাধিকবার যৌন নির্যাতন করেন তিনি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে তার বিরুদ্ধে পকসো আইন, তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়।

মামলার শুনানি শেষে কেরালার বিশেষ পকসো আদালত তাকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করে ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি আদালত ৭৯ হাজার রুপি অর্থদণ্ডও আরোপ করেন।

তবে আদালত জানিয়েছে, বিভিন্ন ধারায় দেওয়া সাজাগুলো একসঙ্গে কার্যকর হবে। ফলে আইন অনুযায়ী তাকে কার্যকরভাবে ২০ বছর কারাভোগ করতে হবে। এই সাজা তার আগের দুটি মামলার সাজা শেষ হওয়ার পর কার্যকর হবে।

জানা গেছে, ২০২৪ সালে একাধিক সাবেক শিক্ষার্থীর অভিযোগের পর মনু এমের বিরুদ্ধে মোট ছয়টি পকসো মামলা দায়ের করা হয়। এর মধ্যে তিনটি মামলায় ইতোমধ্যে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। বাকি মামলাগুলোর বিচার এখনো চলমান।

জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল

নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই এ কথা ভালোভাবেই জানা ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। তাই জাপানের বিপক্ষে শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইকে সামনে রেখে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। অতিরিক্ত সময় থেকে শুরু করে পেনাল্টি শুটআউটের মতো সব ধরনের কঠিন পরিস্থিতির জন্যই নিজের দলকে প্রস্তুত রেখেছেন তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, ‘নকআউট পর্বে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে ব্রাজিল। অতিরিক্ত সময়, পেনাল্টি—সবকিছুর জন্য আমরা প্রস্তুত। এই ধরনের ম্যাচে শুধু পা নয় সঙ্গে মস্তিষ্কও সমানভাবে কাজ করতে হবে। এটি এক লেগের ম্যাচ। হেরে গেলে আর ফিরে আসার সুযোগ নেই।’

তবে দলের ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘আমার খেলোয়াড়রা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা জানে এই চাপ কীভাবে সামলাতে হয়।’

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচের আগের শেষ অনুশীলনে পুরো স্কোয়াডকে একসঙ্গেই পেয়েছেন আনচেলত্তি। তবে শুরুর একাদশ নিয়ে সংবাদ সম্মেলনে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দলই জাপানের বিপক্ষে মাঠে নামতে পারে—এমন গুঞ্জন ফুটবলপাড়ায় ভাসলেও বিষয়টি রহস্যই রেখে দিয়েছেন ব্রাজিল কোচ।

এ প্রসঙ্গে কিছুটা রসিকতার সুরে তিনি বলেন, ‘আমি একাদশ ফাঁস করে আপনাদের কাজ সহজ করতে চাই না। তবে যারা খেলবে, তারা আগেই বিষয়টি জেনে গেছে। তাই খেলোয়াড়রা হয়তো কোচের চেয়ে অনেক নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে।’

ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় এবং ইতিবাচক খবর এসেছে দলের পোস্টার বয় নেইমার জুনিয়রকে ঘিরে। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে অল্প সময় মাঠে নামা এই তারকাকে জাপানের বিপক্ষে আরও বেশি সময় খেলতে দেখা যেতে পারে।

নেইমারের শারীরিক অবস্থা নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার খুব দ্রুত উন্নতি করছে। গত সপ্তাহের তুলনায় সে এখন অনেক ভালো অবস্থায় রয়েছে। আজ সে নিশ্চিতভাবেই ১৫ মিনিটের বেশি খেলার জন্য প্রস্তুত। তবে কখন তাকে মাঠে নামানো হবে, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও জাপানের বিপক্ষে সাম্প্রতিক স্মৃতি মোটেও সুখকর নয় সেলেসাওদের। সর্বশেষ গত বছরের অক্টোবরে একটি প্রীতি ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। গোলরক্ষক ও রক্ষণভাগের একাধিক দৃষ্টিকটু ভুলেই মূলত সেই ম্যাচে জয় হাতছাড়া হয়েছিল ব্রাজিলের।

এবার সেই হতাশার স্মৃতি পেছনে ফেলে, অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে নকআউট পর্বে দাপুটে জয় দিয়েই কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে চায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।