‘এমন একটা কিছুই আমরা চাইছিলাম, যাতে গ্রুপের শেষ ম্যাচের আগে নির্ভার থাকতে পারি’—ম্যাচ শেষে বলছিলেন লিওনেল মেসি। ২৭ জুন (বাংলাদেশ সময় ২৮ জুন সকাল ৮টা) গ্রুপের সেই শেষ ম্যাচের আগে মেসির জন্মদিনও জমকালো তুমি এই দিনে পৃথিবীতে এসেছিলে...উদযাপনের পথ খুঁজে নিয়েছে।
অস্ট্রিয়া ম্যাচের জয়, মেসির রেকর্ড ভাঙা গোল—এ সব কিছুই এখন কতই না আনন্দময় করে তুলেছে আজ তাঁর জন্মদিনটিকে। ৩৯-এ পা রাখছেন। সব অর্জনের সঙ্গে এই বয়সটা মেলালেই তা আরো অবিশ্বাস্য, মহিমাময় হয়ে উঠছে। অথচ সব কিছু উল্টে যেতে পারত, সেভাবেই তো শুরু হয়েছিল ম্যাচটি।
মেসি পেনাল্টি মিস করলেন! একটা বাজে দিন যাওয়ার জন্য এর বেশি আর কী লাগে। পরে ম্যাচ শেষে নিজেই বলছিলেন, ‘যেভাবে রেকর্ডটা হলো, অসাধারণ! ওই পেনাল্টিটা মিস না হলে হয়তো পরের দুটি গোল পাওয়া হতো না। আমি ভীষণ খুশি, নিজের পারফরম্যান্স ও দলের জয় নিয়ে।’ মেসিকে এমন খুশি আসলে খুব কমই দেখা যায়।
ম্যাচ শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তুমি এই দিনে পৃথিবীতে এসেছিলে...অনেক কথা বললেন, এরপর এলেন মিক্সড জোনে। আর্জেন্টিনাসহ গোটা বিশ্বের সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। মেসি একের পর এক ডাকে সাড়া দিতে থাকলেন, সময় নিয়ে সবার প্রশ্নের জবাব দিচ্ছিলেন। টিম ম্যানেজমেন্ট থেকে বরং তাড়া দেওয়া হলো বাস ছেড়ে যাচ্ছে বলে। মেসিকে এমন প্রাণবন্ত তাঁর কাছের সাংবাদিকরাও খুব কম দেখেছেন।
নিজের রেকর্ড গড়া গোলটি নিয়েও বলেছেন খোলামেলা, ‘আমি সব সময়ই নেগ্রোকে (থিয়াগো আলমাদা, প্রথম গোলের সময় যিনি বাঁ প্রান্তে ফাকুন্দো মেদিনাকে বল বাড়িয়েছিলেন। এরপর নিজেও ওপরে উঠে গিয়ে জায়গা নেন মেদিনা ও মেসির মাঝামাঝি। মেদিনার কাটব্যাকে ডামি করে বল ছেড়ে দেন মেসির পায়ে) বলি, ফিরতি পাসটা যেন পাই, আমি ঠিক জায়গামতো থাকব। সে আজকে অসাধারণভাবেই সেটা করেছে। আমাকে উঠে আসতে দেখেছে, এনসো তার মার্কারকে টেনে নিয়ে গেছে একদিকে, লাউতারো নিয়ে গেছে তার মার্কারকে; আমার জন্য জায়গা তৈরি হয়েছে। সেই পুরনো দিনের কথা মনে হচ্ছিল, যখন ইহোর্দি (সাবেক বার্সেলোনা লেফট ব্যাক ইহোর্দি আলবা) আমাকে এ ধরনের পাস বাড়াত। আজ পুরো কৃতিত্বটাই তাই মেদিনার।’
মেসি সেই বার্সার দিন ফিরিয়ে আনছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপে, দুই ম্যাচে পাঁচ গোলের রহস্য তো সেখানেই। সেখানে পেনাল্টি মিসের ঘটনায় নিজের ওপর ভীষণ রাগ হয়েছিল বলেও জানিয়েছেন ‘মিক্সড’ জোনের সেই প্রতিক্রিয়ায়, ‘এর আগেও আমি বলেছিলাম, আমি খুব উপভোগ করছি খেলাটা, মাঠে বেশ ভালো সময় কাটছে। সেখানে ওই পেনাল্টি মিসে আমার নিজের ওপরই খুব রাগ হচ্ছিল, খুব বাজে মেরেছিলাম। সৌভাগ্য যে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা আমরা জিততে পেরেছি।’ দলের এই জয় নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনিই, ‘সত্যিই খুব খুশি, বিশেষ করে এই জয়টার জন্য। কারণ অনেক কঠিন ম্যাচ ছিল। আর আমরা জানতামও এই ম্যাচে এক মুহূর্তের জন্য আমাদের মনোযোগ হারানো চলবে না। সেটা আমরা পেরেছি এবং আমাদের যে লক্ষ্য ছিল নক আউট পর্ব নিশ্চিত করা, সেটিও হয়েছে। কিন্তু এই বিশ্বকাপটা যেভাবে এগোচ্ছে, জানেন যে কারও জন্য কোনো কিছুই নিশ্চিত নয়। আজও আমাদের সেই কঠিন পরীক্ষাটাই পার হতে হয়েছে। লম্বা সময় আমাদের বলের দখল রাখা সম্ভব হচ্ছিল না, ম্যাচ অনেক গতিময় হয়ে উঠছিল—এ সবকিছুর সঙ্গে তাল মিলিয়েই আমরা পারফর্ম করেছি। পুরো টুর্নামেন্টেও তা-ই করতে চাই।’
কোচ লিওনেল স্কালোনির চোখে এই পারফরম্যান্স মেসিকেন্দ্রিক, ‘যখন লিও ভালো খেলে, তখন পুরো দলই ভালো খেলে। এটা দলেরও কৃতিত্ব। তবে আবার দল যখন ছন্দ পায় না, তখন লিও বাড়তি পরিশ্রম করে, নিজেই বলের জন্য যায়, গোলের চেষ্টা করে। সে দলের জন্য নিবেদিত। আর সে যা করে তার তুলনা নেই।’ টিওয়াইসি স্পোর্টসের কলামিস্ট আন্তোনিও সারপা তাই লিখেছেন, ‘সবাই মেসির জন্য আর মেসি সবার জন্য।’ মেসি প্রশংসায় ভাসছেন এই মুহূর্তে আসলে সব দিক থেকেই। ম্যাচ শেষে অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিকও যেমন বলেছেন, ‘৩৯ বছর বয়সেও কেউ যদি দুই গোল করে আর বিশ্বকাপের শুরুতেই পাঁচ গোল পেয়ে যায়, সেটিই আসলে পার্থক্য গড়ে দেয়। মেসি প্রমাণ করেছে, সে-ই সেরা। ম্যাচ ঘুরিয়ে দিতে খুব বেশি সুযোগেরও দরকার হয় না তার।’ প্রতিপক্ষের জন্য মেসি আসলে নিয়তি, তাঁকে থামানোর জন্য প্রার্থনা ছাড়া কোনো উপায় বোধ হয় জানা নেই কোচদের কাছেও।