• ই-পেপার

পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের যত ইতিহাস

একাদশেও জায়গা হারাচ্ছেন আফঈদা

গোয়া থেকে প্রতিনিধি
একাদশেও জায়গা হারাচ্ছেন আফঈদা
ছবি : মীর ফরিদ

ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে জায়গা হারাতে পারেন ডিফেন্ডার আফঈদা খন্দকার। মালদ্বীপের বিপক্ষে এই সেন্টার ব্যাকের পারফরম্যান্স প্রত্যাশা মেটাতে পারেনি। প্রতিপক্ষ দল যে দুইটি কাউন্টার অ্যাটাক করেছে, দুইটিতে গোল হজম করে বাংলাদেশ। বিশেষ করে, দ্বিতীয় গোলে আফঈদার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে। যে কারণে আজ ভারত ম্যাচে তার জায়গা হতে পারে বেঞ্চে।

গতকাল অনুশীলনেও এমন আভাস পাওয়া গেছে। ডন বস্কো বিশ্ববিদ্যালয় মাঠে ম্যাচ আবহ প্রস্তুতিতে আফঈদার পরিবর্তে সেন্টার ব্যাকে দেখা গেছে সুরমা জান্নাতকে। পুরোটা সময়ই মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন সুরমা। আর আফঈদা ছিলেন বেঞ্চের দলে। 

টিম ম্যানেজমেন্ট সূত্রেও জানা গেছে, আফঈদাকে আজ বেঞ্চে বসতে হতে পারে।

তবে সবকিছু নির্ভর করছে কোচ পিটার বাটলারের ওপর। ম্যাচের আগে দলীয় মিটিংয়ের পর জানা যাবে কারা থাকছে মূল একাদশে।

২০২৩ সালের পহেলা ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হয় আফঈদার। এরপর থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৪টি। কিন্তু কোনো ম্যাচেই পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি। অবশেষে ভারত ম্যাচে জায়গা হারাতে চলেছেন। এর আগে অধিনায়কত্বও হারিয়েছেন তিনি। সবমিলিয়ে বেশ কঠিন সময় পার করছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারতের ম্যাচ শুরু হবে রাত ৮টায়। দুই দলই প্রথম ম্যাচ জেতায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। তবে কারা গ্রুপসেরা হবে তা নির্ধারণ হবে আজকের ম্যাচে। সেরা হতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই, আর ভারতের ড্র-ই যথেষ্ট।
 

ব্রাজিলের বিশ্বকাপ দলে না থাকা তারকা চ্যাম্পিয়নস লিগে গড়লেন ইতিহাস

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের বিশ্বকাপ দলে না থাকা তারকা চ্যাম্পিয়নস লিগে গড়লেন ইতিহাস
ছবি : রয়টার্স

চ্যাম্পিয়নস লিগে আর্সেনালকে স্পটকিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। এতেই রিয়াল মাদ্রিদের রড্রিগোকে পেছনে ফেলে সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে দুইটি চ্যাম্পিয়নস লিগ জয়ের ইতিহাস গড়েছেন লুকাস বেরালদো। 

২০২৪-২৫ এবং ২০২৫-২৬ মৌসুমে বেরালদো প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) হয়ে টানা দুইটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন।

পরিসংখ্যান অনুযায়ী, বেরালদো ২২ বছর, ৬ মাস এবং ৬ দিন বয়সে দুইটি চ্যাম্পিয়নস লিগ জিতলেন। 

এর আগে রিয়ালের হয়ে রড্রিগো ২৩ বছর, ৪ মাস এবং ২৩ দিন বয়সে দুইটি চ্যাম্পিয়নস লিগ জিতে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন। 

তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জিতে এনরিকে বললেন, ‘কিংবদন্তি? ওসবে আমার আগ্রহ নেই’

ক্রীড়া ডেস্ক
তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জিতে এনরিকে বললেন, ‘কিংবদন্তি? ওসবে আমার আগ্রহ নেই’
ছবি : রয়টার্স

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালের ষষ্ঠ মিনিটের গোলটি ছিল পিএসজির জন্য সবচেয়ে কঠিন ধাক্কা বলে মনে করেন কোচ লুইস এনরিকে। তবে সেই ধাক্কা সামলে উঠে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট ধরে রাখেন ফরাসি জায়ান্টরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। মাত্র ছয় মিনিটে কাই হাভার্টজ একক প্রচেষ্টায় গোল করে লন্ডনের ক্লাবটিকে স্বপ্নের সূচনা এনে দেন। হঠাৎ পাওয়া সেই গোলের পর পিএসজিকে দীর্ঘ সময় লড়াই করতে হয়েছে শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ আর্সেনাল রক্ষণভাগের বিরুদ্ধে।

দ্বিতীয়ার্ধে উসমান দেম্বেলের পেনাল্টি গোলে সমতায় ফেরে পিএসজি। এরপর নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে জয় তুলে নেয় প্যারিসের ক্লাবটি।

ম্যাচ শেষে এনরিকে বলেন, ‘ম্যাচটা তাদের জন্য আদর্শভাবেই শুরু হয়েছিল। তারা ভাগ্যের সুবিধায় প্রথম দিকেই গোল পেয়ে যায়। এরপর আমাদের জন্য কাজটা আরো কঠিন হয়ে পড়ে, কারণ আর্সেনাল জানে কীভাবে রক্ষণ সামলাতে হয়।’

তিনি আরো বলেন, ‘ওদের বিপক্ষে খেলাটা খুব কঠিন ছিল। আমরা সাধারণত অনেক খেলোয়াড় নিয়ে আক্রমণ করি, কিন্তু আর্সেনাল শারীরিকভাবে খুব শক্তিশালী দল। তারা প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে। তবুও আমি মনে করি আমরা সমতায় ফেরার যোগ্য ছিলাম এবং শেষ পর্যন্ত ট্রফি জিততে পেরে আমরা ভীষণ খুশি।’

এই জয়ের মাধ্যমে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ যুগে (১৯৯২ সালের পর) রিয়াল মাদ্রিদের পর মাত্র দ্বিতীয় দল হিসেবে টানা দুবার শিরোপা জয়ের কীর্তি গড়ল।

এদিকে কোচ হিসেবে নিজের তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও ‘লিজেন্ড’ তকমা নিতে রাজি নন এনরিকে। তিনি বলেন, ‘লিজেন্ড? ওসবে আমার কোনো আগ্রহ নেই। আমার এখনো মাত্র তিনটি শিরোপা। তাই আরো উন্নতি করতে হবে। অবশ্যই আমি চতুর্থটাও জিততে চাই।’

তিনি যোগ করেন, ‘এই মুহূর্তে অনুভূতিগুলো মিশ্র। আনন্দ, ক্লান্তি সবকিছু একসঙ্গে কাজ করছে। কিন্তু মৌসুমের সেরা মুহূর্ত এটি। টানা দুবার চ্যাম্পিয়ন হওয়া সত্যিই অবিশ্বাস্য।’

অন্যদিকে পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী যে এনরিকে ক্লাবেই থাকবেন। নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও স্প্যানিশ এই কোচকে বিশ্বের সেরা কোচ বলে আখ্যা দিয়েছেন তিনি।

আল-খেলাইফি বলেন, ‘তিনি শুধু অসাধারণ কোচ নন, একজন দুর্দান্ত মানুষও। আমাদের প্রকল্পের জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তরুণ একটি দল নিয়ে তিনি যা করেছেন, তা সত্যিই অসাধারণ।’

চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ফ্রান্সজুড়ে তাণ্ডব, ৪১৬ গ্রেপ্তার

ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ফ্রান্সজুড়ে তাণ্ডব, ৪১৬ গ্রেপ্তার
ছবি : রয়টার্স

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার পিএসজি ইউরোপ সেরার মুকুট জিতলেও সেই আনন্দ বেশিক্ষণ থাকেনি। ফ্রান্সজুড়ে সমর্থক ও পুলিশের সংঘর্ষে ৪০০-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্যও।

ফাইনাল জয়ের পর রাজধানী প্যারিসের রাস্তায় নেমে আসে হাজার হাজার পিএসজি সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও বিভিন্ন এলাকায় আতশবাজি, ফ্লেয়ার ছোড়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয় বৈদ্যুতিক মোটরসাইকেলে, আবার কিছু দোকানের কাচও ভেঙে ফেলা হয়।

ম্যাচ শেষ হওয়ার পরপরই ঐতিহাসিক শঁজেলিজে সড়কে সমর্থকদের ঢল নামে। এর আগেই পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হওয়া সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

পুলিশ জানিয়েছে, সহিংসতার ঘটনায় অন্তত ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার ভোর পর্যন্ত মোট ৪১৬ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ২৮০ জনই প্যারিসে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ এই সহিংসতাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

অন্যদিকে ডানপন্থী নেত্রী মারিন ল্য পেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘শুধু ফ্রান্সেই একটি ফুটবল ক্লাবের জয় দাঙ্গার কারণ হতে পারে। এমনকি বিজয়ের রাতেও মানুষকে সহিংসতার ভয়ে ঘরে থাকতে হয়।’

এদিকে রবিবার পিএসজি খেলোয়াড়দের জন্য বিশেষ বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। তারা আইফেল টাওয়ারের পাশের শঁ দ্য মার্স এলাকায় সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করবেন এবং পরে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন।

উল্লেখ্য, গত বছরও পিএসজির ইউরোপীয় শিরোপা জয়ের পর উদযাপন সহিংস রূপ নিয়েছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দুইজন, যার মধ্যে একজন ছিল ১৭ বছর বয়সী কিশোর।