• ই-পেপার

এক বোর্ড সভাতেই ক্রিকেটারদের বেতন বাড়ানো সম্ভব : ইসরাফিল খসরু

আয়োজক কানাডার বিশ্বকাপ দল ঘোষণা, কারা আছেন-কারা নেই

ক্রীড়া ডেস্ক
আয়োজক কানাডার বিশ্বকাপ দল ঘোষণা, কারা আছেন-কারা নেই
ছবি : এএফপি

ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আসরের সহ-আয়োজক কানাডা। চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন ইনজুরি কাটিয়ে ওঠা অধিনায়ক আলফোনসো ডেভিস এবং ফর্মে থাকা স্ট্রাইকার জোনাথন ডেভিড। এই দলটিকে কানাডার ইতিহাসের ‘সেরা ২৬ সদস্যের দল’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন কোচ জেসি মার্শ।

পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় ডেভিস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। তবে বিশ্বকাপে খেলার জন্য তাকে ফিট ঘোষণা করা হয়েছে। যদিও ১২ জুনের উদ্বোধনী ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

জুভেন্টাসের এই তারকা ফরোয়ার্ড কানাডার আক্রমণভাগের মূল ভরসা হিসেবে দলে আছেন।

৩৩ বছর বয়সী মিডফিল্ডার জোনাথন ওসোরিও এই স্কোয়াডের সবচেয়ে প্রবীণ এবং অভিজ্ঞ (৮৯টি আন্তর্জাতিক ম্যাচ) খেলোয়াড়।

এদিকে প্রাথমিক স্কোয়াড থেকে জ্যাসেন রাসেল-রো, ড্যানিয়েল জেবিসন এবং জেডেন নেলসনের মতো খেলোয়াড়রা বাদ পড়েছেন।

সহ-আয়োজক কানাডা ‘বি’ গ্রুপে রয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ড।

কানাডার স্কোয়াড :

গোলরক্ষক : ম্যাক্সিম ক্রেপো (অরল্যান্ডো সিটি) ডেইন সেন্ট ক্লেয়ার (ইন্টার মায়ামি) ওয়েন গুডম্যান (ক্রিস্টাল প্যালেস)।

ডিফেন্ডার : আলফনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ) অ্যালিস্টেয়ার জনস্টন (সেল্টিক) মোইসে বোম্বিটো (ওজিসি নিস) ডেরেক কর্নেলিয়াস (মার্সেই) রিচি লারিয়া (টরন্টো এফসি) নিকো সিগুর (হায়দুক স্প্লিট) জোয়েল ওয়াটারম্যান (শিকাগো ফায়ার) লুক ডি ফুগারোলেস (ফুলহ্যাম) অ্যালফি জোন্স (মিডলসব্রা)।

মিডফিল্ডার : স্টিফেন ইউস্তাকিও (এফসি পোর্তো) ইসমায়েল কোনে (সাসুওলো) তাজন বুকানন (ভিয়ারিয়াল) ম্যাথিউ শোইনিয়ার (এলএএফসি) আলি আহমেদ (নরউইচ সিটি) নাথান সালিবা (আন্ডারলেখট) জেকব শ্যাফেলবার্গ (এলএএফসি) লিয়াম মিলার (হাল সিটি) মার্সেলো ফ্লোরেস (তিগ্রেস) জোনাথন ওসোরিও (টরন্টো এফসি)।

ফরোয়ার্ড : জোনাথন ডেভিড (ইউভেণ্টাস) কাইল লারিন (সাউদাম্পটন) তানি ওলুয়াসেয়ি (ভিয়ারিয়াল)প্রমিজ ডেভিড (ইউনিয়ন সেন্ট-গিলোইস)।

ক্রিকেট নিয়ে পিএইচডি করতে চান মুশফিক

ক্রীড়া ডেস্ক
ক্রিকেট নিয়ে পিএইচডি করতে চান মুশফিক
ছবি : এআই দিয়ে বানানো

রানের হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন ১০০তম টেস্ট খেলার মাইলফলক। উইকেটকিপার হিসেবেও সবচেয়ে বেশি ডিসমিসাল তার। 

সব মিলিয়ে মুশফিকুর রহিম নিজেকে দেশের ক্রিকেটের কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। খেলার পাশাপাশি পড়াশোনাতেও মুশফিক যে কতটা ভালো, তা অনেকেরই জানা। দেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে উচ্চ শিক্ষিত। 

এবার শিক্ষাগত যোগ্যতায় নিজেকে আরো উঁচুতে নিজে যাওয়ায় ইচ্ছা প্রকাশ করলেন মুশফিক। ৩৯ বছর বয়সী এই তারকা জানালেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করতে তিনি পিএইডি করতে চান। তার গবেষণার বিষয় হবে দক্ষিণ এশিয়ার ক্রিকেট ইতিহাস। 

ক্রিকেট বিষয়ক প্ল্যাটফর্ম বিডিক্রিকটাইমকে দেওয়া সাক্ষাৎকারে মুশফিক বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার ক্রিকেটের ইতিহাস নিয়ে আমার পিএইচডি করার ইচ্ছা আছে। এখনো সেই কাজ শুরু করিনি। তবে আশা করি, একদিন এটা শেষ করতে পারব।’

শৈশবে বগুড়া জিলা স্কুলের মেধাবী ছাত্র ছিলেন মুশফিক। ক্রিকেটার হওয়ার নেশায় পরবর্তীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হন তিনি। সেখান থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। 

এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন মুশফিক। এই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরের পর এমফিল কোর্স সম্পন্ন করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মধ্যেও মুশফিক নিয়মিত পড়াশোনা করেছেন। কোথাও সফরে গেলে বই ও নোটপত্র নিয়ে গেছেন এবং সুযোগ পেলেই টিম হোটেলে পড়াশোনা করেছেন। লেখাপড়া এগিয়ে নিতে তাকে সহযোগিতা করেছেন সহপাঠীরা। 

পেশাদার ক্রিকেটার হয়েও পড়াশোনার প্রতি মুশফিকের যে ঝোঁক, তা ক্রীড়াঙ্গনে এক বিরল দৃষ্টান্ত হয়ে আছে।

আর্নে স্লটকে বরখাস্ত করল লিভারপুল, নতুন কোচ প্রায় চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক
আর্নে স্লটকে বরখাস্ত করল লিভারপুল, নতুন কোচ প্রায় চূড়ান্ত
আর্নে স্লট। ছবি: রয়টার্স

একটা বাজে মৌসুম পার করলেও আর্নে স্লট অ্যানফিল্ডে থেকে যাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। লিভারপুল সমর্থকদের পক্ষ থেকে তাকে ছাঁটাইয়েরও জোরালো দাবি ওঠেনি। 

কিন্তু লিভারপুল কর্তৃপক্ষই স্লটকে আর রেখে দেওয়ার প্রয়োজন মনে করল না। ইংল্যান্ডের অন্যতম সফল এই ক্লাব আজ জানিয়ে দিল, স্লটকে বরখাস্ত করা হয়েছে। নতুন কোচ নিয়োগের প্রক্রিয়াও এরই মধ্যে শুরু হয়েছে।

লিভারপুলের বিবৃতিতে বলা হয়েছে, ‘লিভারপুল এফসি নিশ্চিত করছে যে, আর্নে স্লট প্রধান কোচের পদ থেকে অবিলম্বে বিদায় নিচ্ছেন। তার উত্তরসূরি নিয়োগের কাজ চলছে। তিনি একটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ক্লাব ছাড়ছেন এবং তার অবদানের জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ক্লাবের মালিকপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬-২৭ মৌসুমে দলকে আবার সাফল্যের পথে ফেরাতে পরিবর্তন প্রয়োজন ছিল। তারা উল্লেখ করেন, স্লটের অবদান ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নতুন দিক নির্দেশনার প্রয়োজন দেখা দিয়েছে।

সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমে হতাশাজনকভাবে পঞ্চম স্থানে শেষ করে লিভারপুল। কোনোরকমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে। অথচ মৌসুম শুরুর আগে দলটি শিরোপা ধরে রাখার অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হয়েছিল।

স্লটের চাহিদা অনুযায়ী সর্বশেষ গ্রীষ্মকালীন দলবদলে ৭৩৪৫ কোটি টাকা খরচ করে লিভারপুল, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে কোনো ক্লাবের সর্বোচ্চ বিনিয়োগ। দলে যোগ দেন অ্যালেক্সান্ডার ইসাক, ফ্লোরিয়ান ভির্টৎস, জেরেমি ফ্রিমপং এবং মিলোস কেরকেজের মতো তারকারা। তবে চোট ও ধারাবাহিকতার অভাবে তারা প্রত্যাশা পূরণ করতে পারেননি।

নতুনদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হুগো একিতিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৭ গোল করেছিলেন। কিন্তু এপ্রিল মাসে গুরুতর এসিএল চোটে পড়ে মৌসুম শেষ হয়ে যায় তার। সঙ্গে শেষ হয়ে যায় ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনাও।

২০২৪ সালে লিভারপুল ইতিহাসের অন্যতম সফল কোচ ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হন স্লট। নিজের প্রথম মৌসুমেই লিগ শিরোপা জেতায় তার প্রতি প্রত্যাশা আরো বেড়ে গিয়েছিল। কিন্তু শিরোপাশূন্য থেকে এই মৌসুম শেষ করতে হয়েছে অলরেডদের।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবি জানতে পেরেছে, লিভারপুলের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন আন্দোনি ইরাওলা। বর্তমানে বোর্নমাউথের দায়িত্বে থাকা এই স্প্যানিশ কোচের কাজ ফুটবল অঙ্গনে বেশ প্রশংসিত হচ্ছে। তার অধীনে বোর্নমাউথ প্রিমিয়ার লিগে ষষ্ঠ হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে অ্যানফিল্ডে ইরাওলাকে নতুন কোচ হিসাবে পরিচয় করিয়ে দিতে পারে লিভারপুল।  ডাগআউটে নতুন যুগের সূচনা করতে পারেন ইরাওলা। তবে ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি।

ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে খেলুক, কাপ নিয়ে আসুক : কায়সার হামিদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে খেলুক, কাপ নিয়ে আসুক : কায়সার হামিদ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। ছবি : ফেসবুক

ব্রাজিল ফুটবল দলের পাঁড় ভক্ত কায়সার হামিদ, তা অনেকেরই জানা। ফেসবুক প্রোফাইল পিকচারে দেশের পতাকার সঙ্গে ব্রাজিলের পতাকাও রেখেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।

সামনেই আরেকটি বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই কায়সার হামিদ ব্রাজিলকে সমর্থন দিচ্ছেন। তার আশা, নেইমার-ভিনিসিয়ুসরাই এবার চ্যাম্পিয়ন হবে। ভবিষ্যতে বাংলাদেশও বিশ্বকাপে খেলবে বলে আশাবাদী তিনি। 

কায়সার হামিদ বলেন, ‘ব্রাজিল ছন্দময় ফুটবল খেলে। আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। আমি চাই ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে খেলুক, কাপ নিয়ে আসুক। তবে তারা চ্যাম্পিয়ন হতে পারুক আর না পারুক প্রতি বছর নতুন নতুন যে টেকনিক নিয়ে আসে, সেটা ভালো লাগে।’

আজ শনিবার (৩০ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গোলখার গ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কায়সার হামিদ এসব কথা বলেন। ওই গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

কায়সার হামিদ বলেন, ‘প্রতি বিশ্বকাপেই নতুন নতুন তারকা আসে। মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে, সালাহর খেলা ভালো লাগে। এইবারের বিশ্বকাপেও নতুন তারকা উঠে আসবে বলে আমি মনে করি। তবে নতুন কোন দল এবার ভালো করবে, এটা বলা মুশকিল।’

বাংলাদেশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ডিফেন্ডার আরো বলেন, ‘বিশ্বকাপ এলেই বিভিন্ন দলের পতাকা উড়ানো দেখেই বোঝা যায়, এ দেশের মানুষ ফুটবলপ্রেমী। ফুটবল আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ইদানীং র‌্যাংকিয়েও আমাদের উন্নতি হয়েছে। হামজা চৌধুরীর মতো খেলোয়াড়রা আসার পর উন্নতি হচ্ছে।’

বাংলাদেশ কখনোই ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এ নিয়ে কায়সার হামিদের কণ্ঠে ঝরল আক্ষেপ, ‘একটি জেলার সমান দেশও বিশ্বকাপে খেলে। যুদ্ধ বিধ্বস্ত দেশও খেলে। কিন্তু আমরা কেন পারি না? এ নিয়ে পরিকল্পনার একটা ব্যাপার আছে। বাংলাদেশের গ্রামে অনেক মেধাবী খেলোয়াড় আছে। তাদের উঠিয়ে আনতে হবে। বয়সভিত্তিক ফুটবলে আমাদের জোর দিতে হবে। নয়তো যত ভালো কোচ কিংবা বিদেশি কোচ আনা হোক না কেন, কোনো লাভ হবে না। পরিকল্পনা অনুযায়ী এগোলে বাংলাদেশ আগামীতে বিশ্বকাপে অংশ নিতে পারবে বলে আশা করি।’

কায়সার হামিদ গোলখার গ্রামে আসার পর স্থানীয় লোকজন তাকে স্বাগত জানান। তাকে একটি ফুটবল উপহার দেওয়া হয়। এ সময় ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হুমায়ুন কবির জীবন, মো. জয়নাল আবেদীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মনির হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘বাংলাদেশের একজন জনপ্রিয় ফুটবলার কায়সার হামিদ। আমরা তাকে খুব কাছ থেকে দেখতে পেয়েছি। একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি এসেছেন। এলাকার মানুষ তাকে স্বাগত জানায়।’