• ই-পেপার

টেস্ট ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে মুশফিক ও তাইজুল

বিশ্বকাপ শেষে ফুটবলকে বিদায় বলে দিতে পারেন মডরিচ

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ শেষে ফুটবলকে বিদায় বলে দিতে পারেন মডরিচ
লুকা মডরিচ। ছবি : সংগৃহীত

বয়স ৪০ বছর পেরিয়ে গেছে। তার ক্লাব এসি মিলানকেও আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে না। সব মিলিয়ে শেষের ডাক শুনতে পাচ্ছেন লুকা মডরিচ। আসন্ন বিশ্বকাপ দিয়ে ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে ক্রোয়েশিয়ার অধিনায়কের।

ইতালির সাংবাদিক নিকোলো স্কিরা জানিয়েছেন, বিশ্বকাপ শেষে অবসরের ঘোষণা দিতে চলেছেন মডরিচ। মিলানের সঙ্গে তার এক বছরের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মাসে। চুক্তিপত্রে মডরিচের শর্ত ছিল, মিলান যেন আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করতে পারে। 

কিন্তু গত রবিবার ইতালিয়ান সিরি ‘আ’-এর শেষ রাউন্ডে কালিয়ারির কাছে হেরে যাওয়ায় মিলানের সেই আশা শেষ হয়ে যায়। পাঁচে থেকে লিগ শেষ করে দলটি।

সেই ব্যর্থতায় পরদিন কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রিকে বরখাস্ত করে মিলান। পাশাপাশি কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহীকেও সরিয়ে দেয় ক্লাবটি। পরে পরিস্থিতি নাকি আরো জটিল হয়ে উঠেছে।

যদিও মডরিচ তার মিলান অধ্যায় দারুণ উপভোগ করছিলেন। এক বছরেই আপন করে নিয়েছিলেন ভক্তদের। কিন্তু মিলান চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে না পারাই সবকিছু নতুন করে ভাবতে হচ্ছে তাকে। রিয়াল মাদ্রিদে ১৩ বছরের গৌরবময় অধ্যায় শেষ করে গত বছরের জুলাইয়ে মিলানে যোগ দিয়েছিলেন তিনি।

ক্লাবকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য মডরিচের হাতে খুব বেশি সময় নেই। কয়েক দিনের মধ্যেই এই মিডফিল্ডার বিশ্বকাপ খেলতে ক্রোয়েশিয়া দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রওনা হবেন। 

মডরিচের সব মনোযোগ এখন বিশ্বকাপ নিয়ে। তাই তার ক্লাব ছাড়ার বিষয়টি চূড়ান্ত হয়ে যেতে পারে কদিনের মধ্যে। মিলান যদিও তাকে ধরে রাখতে আগ্রহী। কিন্তু ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, সেটি সম্ভব হবে না। মদরিচ বিশ্বকাপ শেষেই বর্ণাঢ্য ক্যারিয়ারকে বিদায় জানাবেন।

২০১৮ সালে ব্যালন ডি’অর জেতা মডরিচ এবার নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়া প্রীতি ম্যাচ খেলবে স্লোভেনিয়া ও বেলজিয়ামের বিপক্ষে। 

১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ক্রোয়টদের বিশ্বকাপ অভিযান। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা।

মালদ্বীপ ম্যাচে নেই মনিকা, গোলপোস্টের নিচে থাকছেন মিলিই

রানা শেখ, গোয়া থেকে
মালদ্বীপ ম্যাচে নেই মনিকা, গোলপোস্টের নিচে থাকছেন মিলিই
অনুশীলনে মিলি আক্তার। ছবি : মীর ফরিদ

গোয়ার ডনবস্কো বিশ্ববিদ্যালয় মাঠে সতীর্থদের সঙ্গেই মাঠে নামতে দেখা গেল মিডফিল্ডার মনিকা চাকমাকে। শুরুতে রানিং, স্ট্রেচিংও সেরে নিলেন। দেখে মনে হচ্ছিল না যে, তিনি চোটে পড়েছেন।

তবে ম্যাচের আবহ অনুশীলনে আর দেখা গেল না মনিকাকে। এতে ধরেই নেওয়া হচ্ছিল আগামীকাল মালদ্বীপের বিপক্ষে খেলবেন না তিনি। অনুশীলন শেষে সেই শঙ্কা সত্যি করে দিলেন কোচ পিটার বাটলার। জানালেন, হালকা চোটের কারণে মালদ্বীপ ম্যাচে খেলতে পারবেন না মনিকা।

গতকাল অনুশীলনে পায়ের গোড়ালিতে ব্যথা পান মনিকা। ৩১ মে ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যে কারণে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মালদ্বীপের সঙ্গে লড়াইয়ে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এ ব্যাপারে বাটলার বলেছেন, ‘সে (মনিকা) কাল খেলবে না। তার হালকা চোট আছে। তাকে এই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।’

হালকা চোটে পড়েছেন ডিফেন্ডার শিউলি আজিমও। অনুশীলনের শুরুতে স্ট্রেচিং করতে গিয়েই বুকে ব্যথা পান তিনি। প্রাথমিক চিকিৎসার পর আবার মাঠে ফিরতে চাইলেও কোচ তাকে বিশ্রামে থাকতে বলেন। তার সর্বশেষ অবস্থা নিয়ে বাটলার জানিয়েছেন, ‘শিউলির একটু বুকের ব্যথা হয়েছিল। সতর্কতার জন্য তাকে অনুশীলন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে গুরুতর কিছু নয়।’

ভারতে আসার আগে থাইল্যান্ডে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ। হাতে ব্যথার কারণে সেই ক্যাম্পের শুরুর দিকে অনুশীলন করতে পারেননি গোলরক্ষক মিলি আক্তার। তাই আগামীকালের ম্যাচে তিনি খেলবেন কি না, সেই প্রশ্ন উঠেছিল।

বাটলার নিশ্চিত করেছেন মালদ্বীপের বিপক্ষে শুরুতে গোলপোস্টের নিচে থাকবেন মিলিই, ‘আমি সবাইকে সুযোগ দিই। তবে মিলি ফিরে এসেছে। সে পুরোপুরি ফিট। মিলিই শুরু করবে। এরপর আশা করি ৪৫ মিনিট পরে কিছু পরিবর্তন আনতে পারব।’

বেশি বেশি গোল করা নিয়ে বাটলার বললেন, ‘এটা ম্যারাথন, স্প্রিন্ট নয়’

রানা শেখ, গোয়া থেকে
বেশি বেশি গোল করা নিয়ে বাটলার বললেন, ‘এটা ম্যারাথন, স্প্রিন্ট নয়’
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে প্রধান কোচ পিটার বাটলার। ছবি: মীর ফরিদ

আগের দিন প্রস্তুতি মাঠ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। তবে গতকাল নতুন মাঠে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল ঋতুপর্ণা চাকমা-মারিয়া মান্দাদের। দক্ষিণ গোয়ায় ডনবস্কো বিশ্ববিদ্যালয় মাঠে টানা দেড় ঘণ্টা ঘাম ঝরিয়েছেন পিটার বাটলারের শিষ্যরা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতের কাছে ১১-০ গোলে হারা মালদ্বীপের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ দুর্বল হওয়ায় বাংলাদেশ কত গোল করবে সেই প্রশ্ন এল ঘুরে-ফিরে। কিন্তু নির্দিষ্ট কোনো গোলের সংখ্যা নিয়ে ভাবছেন না বাংলাদেশ কোচ।

অনুশীলনের শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাটলার বলেছেন, 'আপনি যদি গোলের পেছনে ছোটেন, তাহলে শেষ পর্যন্ত ব্যর্থ হতে পারেন। আমি অনেকদিন ধরে এই পেশায় আছি। মালদ্বীপের ওই ম্যাচের (ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হার) ফল নিয়ে আমি কিছুই ভাবছি না, কারণ তাদের প্রস্তুতি ভালো ছিল না। তারা দীর্ঘ সময় ট্রানজিটে আটকে ছিল। আমি ম্যাচটি দেখেছি। আমাদের দিক থেকে আমি যা চাই, তা হলো একটি পেশাদার, শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্স। যেন আমরা ইতিবাচকভাবে ম্যাচ শেষ করতে পারি। গোলের পেছনে ছোটাটা সঠিক উপায় নয়। অনেকেই বলে এত গোল করতে হবে, ওত গোল করতে হবে। যারা এভাবে কথা বলে, তারা ফুটবল বোঝে না। এটা ম্যারাথন, স্প্রিন্ট নয়।'

মালদ্বীপের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের। আন্তর্জাতিক ফুটবলে চার দেখার চারটিতেই জিতেছে বাংলাদেশ। ৩১ মে গ্রুপের পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেই ম্যাচকে ভীষণ কঠিন পরীক্ষার ধরা হচ্ছে।

PIC1111111
গোয়ার ডনবস্কো বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: মীর ফরিদ

তবে অন্যান্য ম্যাচের মতোই মালদ্বীপের বিপক্ষেও সেরা ফুটবল খেলতে চাওয়ার আশা বাংলাদেশ কোচের, 'একটি একটি ম্যাচ করে আমরা এগোতে চাই। আমরা এখানে (ভারত) এসেছি একদম নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। অতীতে যা হয়েছে, তা শেষ। পেছনে তাকিয়ে লাভ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সামনে এগোনো, ইতিবাচক থাকা, ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং সবচেয়ে বড় কথা বিনয়ী থাকা। সবাই হয়তো এই ম্যাচ, ওই ম্যাচ, ৩১ তারিখের ম্যাচ কিংবা কী হতে পারে—এসব নিয়ে কথা বলছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হলো পরের ম্যাচটাই। আমরা প্রতিটি প্রতিপক্ষকে সম্মান করি এবং মেয়েদের বলি মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে।'

হ্যাটট্রিক শিরোপা অভিযানের শুরুটা ইতিবাচকভাবে করতে চায় বাংলাদেশ দল। প্রস্তুতিটাও হয়েছে সেভাবেই। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

কলকাতায় দুলতে থাকা মেসির ভাস্কর্য সরিয়ে ফেলার নির্দেশ

ক্রীড়া ডেস্ক
কলকাতায় দুলতে থাকা মেসির ভাস্কর্য সরিয়ে ফেলার নির্দেশ
কলকাতায় স্থাপিত মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য। ছবি : এক্স

লিওনেল মেসিকে ঘিরে ভারতীয়দের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকা বিশাল এক ভাস্কর্যই এখন হয়ে উঠেছে নিরাপত্তাঝুঁকির কারণ। বাতাসে দুলতে শুরু করায় কলকাতায় স্থাপন করা মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্যটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

মেসির এই ভাস্কর্যের অবস্থান কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) আওতাধীন লেকটাউন এলাকায়। সেখানকার ব্যস্ত এক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সোনালি রঙের ভাস্কর্যটিতে আজ কর্মীদের উঠে দড়ি বেঁধে সেটিকে স্থিতিশীল রাখার চেষ্টা করতে দেখা যায়। ভাস্কর্যটিতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আছেন মেসি।

গত ডিসেম্বরে মেসির গোট ট্যুর অব ইন্ডিয়া উপলক্ষে ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেটি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

পশ্চিমবঙ্গের আইন প্রণেতা শরদ্বত মুখার্জি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কলকাতায় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির ভাস্কর্যটিকে পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীরা অনিরাপদ হিসেবে চিহ্নিত করেছেন। আমরা লক্ষ করেছি, ভাস্কর্যটি বাতাসে দুলছে।’

মেসির ভাস্কর্য সরিয়ে ফেলার পরিকল্পনা করা হলেও কাজটি মোটেও সহজ হচ্ছে না বলে জানিয়েছেন শরদ্বত মুখার্জি, ‘ভাস্কর্যটি সরানো যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে ততটা নয়। যত দ্রুত সম্ভব এটি সরিয়ে ফেলার পরিকল্পনা করছি।’ তবে ভাস্কর্যটি অন্য কোথাও পুনঃস্থাপন করা হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। 

পশ্চিমবঙ্গের গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা আজ মেসির ভাস্কর্য পরিদর্শনে গিয়েছিলেন। তারা জানিয়েছেন, এটি বিপজ্জনক অবস্থায় আছে এবং যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। 

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির ভাস্কর্য অক্ষত অবস্থায় নামাতে প্রয়োজন একাধিক বিশাল ক্রেন। সেগুলো রেখে কাজ করতে গেলে লেকটাউনের মতো ব্যস্ত জায়গায় যান চলাচল বন্ধ রাখতে হবে। বন্ধ করতে হবে বিদ্যুৎ সংযোগও। ভাস্কর্যের পাশেই সাবওয়ে। তার ওপর এত ভারী ক্রেন রাখা সম্ভব কি না, এ নিয়েও জটিলতা তৈরি হয়েছে।