২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আজ ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম বড় টুর্নামেন্টের দল ঘোষণা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টায়) শুরু হবে দল ঘোষণার অনুষ্ঠান। রিও ডি জেনেইরোর মিউজিয়াম অব টুমরোতে অনুষ্ঠিত হবে দল ঘোষণার এই বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিবিএফ। দেশি-বিদেশি প্রায় ৭০০ সংবাদকর্মী ইতিমধ্যেই অনুমোদন পেয়েছেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানস্থলে সংবাদমাধ্যমের জন্য বিশেষ প্রবেশপথ, আলাদা প্রেস জোন এবং সংবাদ সম্মেলনের ব্যবস্থাও রাখা হয়েছে।
দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন আনচেলত্তি। সেখানে বিশ্বকাপ পরিকল্পনা, দল নির্বাচন এবং বিশেষ করে নেইমারকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
চোট কাটিয়ে ফেরা নেইমারকে চূড়ান্ত দলে রাখা হবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। এ ছাড়া তরুণ তারকা এস্তেভাওর ইনজুরিও দল নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিবিএফ টিভি তাদের ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।
এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে ব্রাজিল। আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২০ জুন প্রতিপক্ষ হাইতি এবং ২৫ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের।
আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।




