• ই-পেপার

বাংলাদেশ ফুটবল লিগ

দরিয়েলতন ও সানডের গোলে জয়, শীর্ষেই বসুন্ধরা কিংস

রাতে বাংলাদেশের ম্যাচ, সকালে দলে যোগ দিলেন ভিডিও অ্যানালিস্ট

রানা শেখ, গোয়া থেকে
রাতে বাংলাদেশের ম্যাচ, সকালে দলে যোগ দিলেন ভিডিও অ্যানালিস্ট
বাংলাদেশ দলের ভিডিও অ্যানালিস্ট মেহেদী হাসান। ছবি : মীর ফরিদ

অনুশীলন কিংবা ম্যাচ চলাকালীন ভিডিও অ্যানালিস্টকে সাধারণত স্ট্যান্ডে বসে ফুটবলারদের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধারণ করতে দেখা যায়। ম্যাচের পর সেই ফুটেজ বিশ্লেষণ করে কোচিং স্টাফ খেলোয়াড়দের ভুল-ত্রুটি চিহ্নিত করেন এবং দলের শক্তি-দুর্বলতা মূল্যায়ন করেন।

আধুনিক ফুটবলে এটি কোচিং প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ভিডিও অ্যানালিস্ট ছাড়াই সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে এসেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ। অথচ গতকাল পর্যন্তও দলের সঙ্গে কোনো অ্যানালিস্ট ছিল না।  

অবশেষে আজ ম্যাচের দিন সকালে অ্যানালিস্ট মেহেদী হাসান সিদ্দিকী গোয়ায় এসে পৌঁছেছেন। মূলত ভারতের ভিসা পেতে দেরি হয়েছে তার। এ কারণে দলে যোগ দিতে পারছিলেন না। গত পরশু ভিসা পেয়ে আজই চলে এসেছেন তিনি।

গোয়ায় এসে অ্যানালিস্ট মেহেদী বলেছেন, ‘ভিসা পেতে আমার দেরি হয়ে গেছে। আজ ম্যাচের আগে ভিডিও সেশন আছে। সেখানে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা দেখানো হবে।’

৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। সেই ম্যাচকে বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। ভারতীয় দলের শক্তিমত্তা-দুর্বলতা খুঁজে বের করার কাজটা করতে হচ্ছে মেহেদী হাসানকে। তিনি বলেছেন, ‘দলের বাইরে থাকলেও আমি কোচের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। কোচ কী কী চান এবং আমি কী পর্যবেক্ষণ করেছি, বিশেষ করে মালদ্বীপ ও ভারতের মধ্যকার ম্যাচ আমি ইউটিউবে দেখে সেটার পর্যালোচনা কোচকে জানিয়েছি। এ ছাড়া ভারত তাদের আগের ম্যাচগুলোতে কী কী করেছে বা কিভাবে খেলেছে, সেই তথ্যও দিয়েছি।’

নতুন ভূমিকায় সুইডেন প্রবাসী আনিকা

রানা শেখ, গোয়া থেকে
নতুন ভূমিকায় সুইডেন প্রবাসী আনিকা
আনিকা রানিয়া সিদ্দিকী। ছবি : মীর ফরিদ

গত মার্চে এশিয়ান কাপের আগে হঠাৎ করেই তার দলে আসা। সপ্তাহখানেক ট্রায়াল দেওয়ার পর অস্ট্রেলিয়াগামী দলে জায়গাও হয় আনিকা রানিয়া সিদ্দিকীর। তাতে দলের শক্তি বেড়ে যায়। তবে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচে মাত্র ১০৪ মিনিট মাঠে ছিলেন তিনি। তিন ম্যাচেই তিনি খেলেছিলেন উইঙ্গার হিসেবে। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপে নতুন ভূমিকায় দেখা যাবে এই ফুটবলারকে। গতকাল অনুশীলনে স্ট্রাইকার হিসেবে খেলতে দেখা গেছে তাকে। কোচ পিটার বাটলারও নিশ্চিত করেছেন, দলের নতুন স্ট্রাইকার আনিকাই।

গত কয়েক বছর ধরে জাতীয় দলের স্ট্রাইকার হিসেবে খেলেছেন তহুরা খাতুন। গোল করা যেন নেশা হয়ে গিয়েছিল তার। বয়সভিত্তিক ফুটবলে ম্যাচের পর ম্যাচ গোল করেছেন এই স্ট্রাইকার। চার বছর আগে সাফ জেতা দলের সদস্য ছিলেন তহুরা। কিন্তু সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানীদের ভীড়ে সেভাবে সুযোগ মেলেনি তার। তবে পরের সাফে আক্রমণভাগের মূল দায়িত্ব ছিল তার কাঁধেই। প্রত্যাশাও মিটিয়েছিলেন। পাঁচ গোল করে হয়েছিলেন বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু সেই তহুরাই কিনা চোট ও অফফর্মের কারণে এখন নিজেকে হারিয়ে খুঁজছেন।

 

অন্যদিকে তরুণ সাগরিকাও জাতীয় দলে এসে প্রত্যাশা মেটাতে পারছেন না। বয়সভিত্তিক দলে গোলে গোলে মাতালেও সিনিয়র পর্যায়ে ভুগতে হচ্ছে তাকেও। যে কারণে বিকল্প খুঁজে নিতে হয়েছে বাটলারকে।

আনিকাকে স্ট্রাইকার পজিশনে খেলানো নিয়ে বাটলার বলেছেন, ‘ফর্ম ও ইনজুরি নিয়ে তহুরা ভুগছেন। আনিকা তরুণ, শক্তিশালী এবং শারীরিকভাবে দারুণ। কেন আমি কাউকে সুযোগ দেব না? একাদশে সুযোগ পেতে হলে সাগরিকাকে আরো পরিশ্রম করতে হবে। আমি তাকে (আনিকা) সুযোগ দিচ্ছি, কারণ সে তরুণ এবং ভালো খেলোয়াড়। তহুরা, শামসুন্নাহার জুনিয়র এখন আর তরুণ নন। অভিজ্ঞ তারা।’

ভারতের গোয়ায় পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।

ফিটনেস শঙ্কা নিয়েই নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে ডিপাই ও টিম্বার

ক্রীড়া ডেস্ক
ফিটনেস শঙ্কা নিয়েই নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে ডিপাই ও টিম্বার

২০২৬ বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডসের দল ঘোষণা হয়েছে বুধবার। দলে জায়গা পেয়েছেন সর্বোচ্চ গোলদাতা মেমফিস ডিপাই এবং আর্সেনালের ডিফেন্ডার জুরিয়েন টিম্বার। তবে দুজনের ফিটনেস নিয়েই চিন্তা রয়েছে।

৩২ বছর বয়সী মেমফিস ডিপাই নেদারল্যান্ডসের হয়ে ৫৫টি গোল করেছেন। তিনি এখন ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে খেলছেন। গত দুই মাসে উরু ও পায়ের মাংসপেশির চোটের কারণে তিনি মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন।

আর্সেনালের ডিফেন্ডার জুরিয়েন টিম্বার এই সপ্তাহে ক্লাবের অনুশীলনে ফিরেছেন। শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে তার এই ফেরা স্বস্তির। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার মার্চের মাঝামাঝি এভারটনের বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়তে বাধ্য হন। কুঁচকির চোটের কারণে এরপর আর্সেনালের ১৪টি ম্যাচে খেলতে পারেননি তিনি।

জাস্টিন ক্লুইভার্টও দলে সুযোগ পেয়েছেন। জানুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল তার। সুস্থ হওয়ার পর বোর্নমাউথের হয়ে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন তিনি। সোমবার নেদারল্যান্ডসের ক্যাম্পে সবার আগে অনুশীলনে হাজির হন ক্লুইভার্ট।

গ্যালাতাসারাইয়ের হয়ে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে মার্চে আঙুলে আজব একটি চোট পেয়েছিলেন নোয়া ল্যাং। সেই চোট কাটিয়ে সুস্থ হয়ে তিনিও দলে জায়গা পেয়েছেন।

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ক্রাইসেনসিও সামারভিল এবং সান্ডারল্যান্ডের গোলকিপার রবিন রোফস এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন। আর দুই বছর পর মিডফিল্ডার মার্টেন ডি রুনের প্রত্যাবর্তন অনেকেই আশা করেননি। 

তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ সেন্টারব্যাক স্টেফান ডি ফ্রাইয়ের। শনিবার সিরি আ-তে বোলোনিয়ার বিপক্ষে ম্যাচে উরুতে চোট পান ইন্টার মিলানের এই ডিফেন্ডার। এ ছাড়া লিভারপুলের ফুলব্যাক জেরেমি ফ্রিম্পংও বাদ পড়েছেন।

বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৩ জুন রটার্ডামে আলজেরিয়ার বিপক্ষে এবং ৮ জুন নিউ ইয়র্কে উজবেকিস্তানের বিপক্ষে।

নেদারল্যান্ডস দল

গোলকিপার : মার্ক ফ্লেকেন (বায়ার লেভারকুজেন), রবিন রোফস (সান্ডারল্যান্ড), বার্ট ফারব্রুগেন (ব্রাইটন)

ডিফেন্ডার : নাথান আকে (ম্যানচেস্টার সিটি), ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান), জোরেল হাটো (চেলসি), জুরিয়েন টিম্বার (আর্সেনাল), মিকি ফান ডি ফেন (টটেনহ্যাম), ফার্গিল ফান ডাইক (লিভারপুল), ইয়ান পল ফান হেকে (ব্রাইটন)

মিডফিল্ডার : ফ্রেংকি ডি ইয়ং (বার্সেলোনা), মার্টেন ডি রুন (আটলান্টা), রায়ান খ্রাফেনবার্খ (লিভারপুল), জাস্টিন ক্লুইভার্ট (বোর্নমাউথ), তেউন কোপমেইনার্স (ইউভেন্তুস), তিয়ানি রাইনডার্স (ম্যানচেস্টার সিটি), খুস তিল (পিএসভি), কুইন্টেন টিম্বার (মার্সেই), মাটস ভিফার (ব্রাইটন)

ফরোয়ার্ড : ব্রায়ান ব্রোবি (সান্ডারল্যান্ড), মেমফিস ডিপাই (করিন্থিয়ান্স), কোডি খাকপো (লিভারপুল), নোয়া লাং (গ্যালাতাসারাই), দোনিয়েল মালেন (রোমা), ক্রাইসেনসিও সামারভিল (ওয়েস্ট হ্যাম), ওয়াউট ভেখোর্স্ট (আয়াক্স)

বিশ্বকাপ শেষে ফুটবলকে বিদায় বলে দিতে পারেন মডরিচ

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ শেষে ফুটবলকে বিদায় বলে দিতে পারেন মডরিচ
লুকা মডরিচ। ছবি : সংগৃহীত

বয়স ৪০ বছর পেরিয়ে গেছে। তার ক্লাব এসি মিলানকেও আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে না। সব মিলিয়ে শেষের ডাক শুনতে পাচ্ছেন লুকা মডরিচ। আসন্ন বিশ্বকাপ দিয়ে ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে ক্রোয়েশিয়ার অধিনায়কের।

ইতালির সাংবাদিক নিকোলো স্কিরা জানিয়েছেন, বিশ্বকাপ শেষে অবসরের ঘোষণা দিতে চলেছেন মডরিচ। মিলানের সঙ্গে তার এক বছরের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মাসে। চুক্তিপত্রে মডরিচের শর্ত ছিল, মিলান যেন আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করতে পারে। 

কিন্তু গত রবিবার ইতালিয়ান সিরি ‘আ’-এর শেষ রাউন্ডে কালিয়ারির কাছে হেরে যাওয়ায় মিলানের সেই আশা শেষ হয়ে যায়। পাঁচে থেকে লিগ শেষ করে দলটি।

সেই ব্যর্থতায় পরদিন কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রিকে বরখাস্ত করে মিলান। পাশাপাশি কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহীকেও সরিয়ে দেয় ক্লাবটি। পরে পরিস্থিতি নাকি আরো জটিল হয়ে উঠেছে।

যদিও মডরিচ তার মিলান অধ্যায় দারুণ উপভোগ করছিলেন। এক বছরেই আপন করে নিয়েছিলেন ভক্তদের। কিন্তু মিলান চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে না পারাই সবকিছু নতুন করে ভাবতে হচ্ছে তাকে। রিয়াল মাদ্রিদে ১৩ বছরের গৌরবময় অধ্যায় শেষ করে গত বছরের জুলাইয়ে মিলানে যোগ দিয়েছিলেন তিনি।

ক্লাবকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য মডরিচের হাতে খুব বেশি সময় নেই। কয়েক দিনের মধ্যেই এই মিডফিল্ডার বিশ্বকাপ খেলতে ক্রোয়েশিয়া দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রওনা হবেন। 

মডরিচের সব মনোযোগ এখন বিশ্বকাপ নিয়ে। তাই তার ক্লাব ছাড়ার বিষয়টি চূড়ান্ত হয়ে যেতে পারে কদিনের মধ্যে। মিলান যদিও তাকে ধরে রাখতে আগ্রহী। কিন্তু ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, সেটি সম্ভব হবে না। মদরিচ বিশ্বকাপ শেষেই বর্ণাঢ্য ক্যারিয়ারকে বিদায় জানাবেন।

২০১৮ সালে ব্যালন ডি’অর জেতা মডরিচ এবার নিজের পঞ্চম ও শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়া প্রীতি ম্যাচ খেলবে স্লোভেনিয়া ও বেলজিয়ামের বিপক্ষে। 

১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ক্রোয়টদের বিশ্বকাপ অভিযান। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা।