• ই-পেপার

সাকিবকে ফিরিয়ে আনার ভুয়া খবর ছড়িয়েছেন আসিফ আকবর

দুই প্রীতি ম্যাচের জন্য বিশ্বকাপ স্কোয়াডের বাইরে আরো যাদের ডেকেছেন স্ক্যালোনি

অনলাইন ডেস্ক
দুই প্রীতি ম্যাচের জন্য বিশ্বকাপ স্কোয়াডের বাইরে আরো যাদের ডেকেছেন স্ক্যালোনি
বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচের জন্য অতিরিক্ত আরো ৭ জনকে দলে রেখেছেন আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি। ছবি : টিওয়াসি স্পোর্টস

অবশেষে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। আজ (২৯ মে) ভোরে আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করেন তিনি। তবে এর পাশাপাশি তিনি আরো সাতজন ফুটবলারকে বেছে নিয়েছেন, যারা হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দলের সঙ্গে ভ্রমণ করবেন, যদিও তারা বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না।

আগামী ৭ ও ১০ জুন হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচই বিশ্বকাপ শুরুর আগে আলবিসেলেস্তেদের শেষ প্রস্তুতি ম্যাচ। মূল ২৬ সদস্যের দলে না থাকলেও এই দুই ম্যাচের জন্য অতিরিক্ত সাতজন খেলোয়াড় থাকবেন দলের সঙ্গে। তারা হলেন—সান্তিয়াগো বেলত্রান, আগুস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, তোমাস আরান্দা, ইগনাসিও ওভান্দো, জোয়াকিন ফ্রেইতাস এবং সিমোন এসকোবার।

ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগে দলে কোনো অপ্রত্যাশিত সমস্যা বা চোট দেখা দিলে এই ফুটবলাররাই প্রথম বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন। যদিও চাইলে স্কালোনি প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকে অন্য কাউকেও ডাকতে পারবেন। আপাতত তাদের মূল ভূমিকা হবে অনুশীলনে মূল দলের ‘স্প্যারিং পার্টনার’ হিসেবে কাজ করা। তরুণ প্রতিভা ও সাম্প্রতিক পারফরম্যান্সই এই খেলোয়াড়দের নির্বাচনের বড় কারণ।

তোমাস আরান্দা ও সান্তিয়াগো বেলত্রান বর্তমানে যথাক্রমে বোকা জুনিয়র্স এবং রিভারপ্লেটের হয়ে দারুণ ছন্দে আছেন। নিকোলাস কাপালদো জার্মান ক্লাব হ্যামবুর্গ এসভির অধিনায়ক হিসেবে উজ্জ্বল পারফরম্যান্স দেখাচ্ছেন। আগুস্তিন গিয়াই নিয়মিত খেলছেন পালমেইরাসে। ইগনাসিও ওভান্দো রোসারিও সেন্ট্রালের অন্যতম নির্ভরযোগ্য তরুণ তারকা। জোয়াকিন ফ্রেইতাসকে এদুয়ার্দো কুদেতের পছন্দের খেলোয়াড়দের একজন মনে করা হয়। আর মাত্র ১৬ বছর বয়সী সিমোন এসকোবারকে ধরা হচ্ছে ভেলেজ সারসফিল্ড রিজার্ভ দলের অন্যতম বড় প্রতিভা হিসেবে।

প্রীতি ম্যাচের দলে থাকা সাতজন

সান্তিয়াগো বেলত্রান (রিভার), আগুস্তিন গিয়াই (পালমেইরাস), নিকোলাস কাপালদো (হামবুর্গ), তোমাস আরান্দা (বোকা), ইগনাসিও ওভান্দো (রোসারিও সেন্ট্রাল), জোয়াকিন ফ্রেইতাস (রিভার) ও সিমোন এসকোবার (ভেলেজ)।

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া অন্য খেলোয়াড়রা : ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো কামবেসেস (রেসিং), কেভিন ম্যাক অ্যালিস্টার (ইউনিয়ন সেইন্ট জিলোয়াজ), লুকাস মার্তিনেজ কোয়ার্তা (রিভার), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), হেরমান পেজ্জেলা (রিভার), লাউতারো দি লোলো (বোকা), জায়েদ রোমেরো (গেতাফে), গ্যাব্রিয়েল রোহাস (রেসিং), মাক্সিমো পেরোনে (কালচিও কোমো), গুইদো রদ্রিগেজ (ভ্যালেন্সিয়া), আনিবাল মোরেনো (রিভার), মিল্টন দেলগাদো (বোকা), অ্যালান ভারেলা (পোর্তো), এজেকিয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), নিকোলাস দোমিঙ্গেজ (নটিংহ্যাম ফরেস্ট), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো (রিয়াল মাদ্রিদ), আলেহান্দ্রো গারনাচো (চেলসি), মাতিয়াস সুলে (রোমা), ক্লদিও এচেভেরি (জিরোনা), জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি (বেনফিকা), সান্তিয়াগো কাস্ত্রো (বোলোনিয়া) ও মাতেও পেলেগ্রিনো (পারমা)।

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেই ২ বড় তারকা

অনলাইন ডেস্ক
মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেই ২ বড় তারকা

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ তুর্কিদের নিয়েই এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। 

অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে মাঠে নামবে। 

মেসির পাশে দিবু মার্টিনেজ, রদ্রিগো দে পল, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজরা মিলে আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে মনে করা হচ্ছে।

স্কালোনির চূড়ান্ত তালিকায় কয়েকটি উল্লেখযোগ্য নাম নেই। এর মধ্যে সবচেয়ে অবাক করা বাদ পড়াটি ফ্রাঙ্কো মাস্তানতুওনোর। তিনি অভিজ্ঞ তারকাদের ভিড়ে আক্রমণভাগে জায়গা করে নিতে পারেননি। কাতার ২০২২-এর বিশ্বকাপজয়ী দলের সদস্য আকুনিয়াও বাদ পড়েছেন।

তবে স্কালোনি কাতারের বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো ধরে রেখেছেন। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং জুলিয়ানো সিমিওনের মতো উদীয়মান ও প্রমাণিত খেলোয়াড়দের মিশেলে দল সাজিয়েছেন তিনি।

চূড়ান্ত দল:

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

ডিফেন্ডার : লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), গনজালো মন্তিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (অলিম্পিক মার্সেই), নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), ভ্যালেন্তিন বার্কো (রেসিং স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), এক্সেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি)।

ফরোয়ার্ড : হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকো গনজালেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হুয়ান ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার
সংগৃহীত ছবি

ব্রাজিল জাতীয় দলের আসন্ন প্রীতি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। একই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চিকিৎসক রদ্রিগো লাসমার বৃহস্পতিবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমআরআই স্ক্যানে নেইমারের ডান পায়ের কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। এতে তাকে আরো দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

লাসমার বলেন, নেইমার গতকাল গ্রানজা কোমারিতে দলের সঙ্গে যোগ দেয়। এরপর তার সব ধরনের মেডিক্যাল পরীক্ষা করা হয়। এমআরআই স্ক্যানে শুধু ফোলা নয়, বরং গ্রেড-টু ক্যাফ ইনজুরি ধরা পড়েছে। তাকে সুস্থ হতে আরো দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।

তবে এই ইনজুরির কারণে নেইমারকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

এর আগে মঙ্গলবার জাতীয় দলে যোগ দিলেও বুধবারের প্রথম অনুশীলনে অংশ নেননি নেইমার। ডান পায়ের কাফে ফোলাভাবের অভিযোগ করায় তাকে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে স্ক্যানের জন্য পাঠানো হয়।

ব্রাজিল দল ঘোষণার আগে নেইমারের ক্লাব সান্তোসের চিকিৎসক রদ্রিগো জোগাইব জানিয়েছিলেন, তার সমস্যাটি কেবল সামান্য ফোলাভাব এবং তিনি অনুশীলনে যোগ দেওয়ার মতো ফিট আছেন।

কিন্তু জাতীয় দলের মেডিক্যাল পরীক্ষায় ভিন্ন চিত্র সামনে আসে।

এই ইনজুরির কারণে রবিবার মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। এ ছাড়া ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষের ম্যাচেও তার খেলা হচ্ছে না।

সবশেষ পরিস্থিতিতে আগামী ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচেও তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।

বিশ্বকাপে ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে। একই গ্রুপে আছে হাইতি ও স্কটল্যান্ড।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই রবিবারের ম্যাচে পাচ্ছেন না ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনিওস এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ও পিএসজির হয়ে ব্যস্ত থাকায় তারা আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন।

গত সপ্তাহে নেইমারের দলে ফেরা ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছিল। কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর পুরো এক বছর তার পরিকল্পনায় ছিলেন না ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড।

১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার গত কয়েক বছর ধরেই চোটের সমস্যায় ভুগছেন। ক্লাব সান্তোসে ফেরার পরও প্রত্যাশামতো পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছিলেন, নেইমারকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না। জাতীয় দলে তার জায়গা নির্ধারণ হবে শুধুই ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতে। ফলে আপাতত নেইমারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে ব্রাজিলকে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

ঘাম-ঝরানো জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

রানা শেখ, গোয়া থেকে
ঘাম-ঝরানো জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
বাংলাদেশের মেয়েদের গোল উদযাপন। ছবি: মীর ফরিদ, গোয়া থেকে

জওহরলাল নেহরু স্টেডিয়ামের বাইরে থেকে দেখে বুঝে ওঠার সুযোগ নেই ভেতরে কোনো টুর্নামেন্ট চলছে। স্টেডিয়ামের আশপাশে নেই কোনো প্রচার। নেই সমর্থকদের আনাগোনাও। গ্যালারি খাঁ খাঁ করছিল। গুটি কয়েকজন এসেছেন বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার ম্যাচ দেখতে। দর্শকহীন এমন ম্যাচে বাজে প্রদর্শনী ঋতুপর্ণা চাকমাদের।

যদিও শুরুতেই গোল পেয়েছিল বাংলাদেশ। কিন্তু খেই হারিয়ে ফেলে তাড়াহুড়ো করতে গিয়ে। একসময় ম্যাচ ছিল ২-২ সমতায়। তবে শেষ পর্যন্ত নারী সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা ৪-২ গোলের জয় দিয়েই করেছে গত দুই আসরের চ্যাম্পিয়নরা। ফলে এক ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের। কারণ মালদ্বীপ দুইটি ম্যাচ হেরেছে। এর আগে তারা ভারতের কাছে তারা হারে ১১-০ ব্যবধানে। ৩১ মে গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে নির্ধারণ হবে, কারা হবে গ্রুপসেরা।

যেভাবে শুরুটা পেয়েছিল বাংলাদেশ, তাতে মনে হচ্ছিল বড় ব্যবধানেই জিততে যাচ্ছে। কিন্তু তা আর হয়নি। বরং কষ্টের এক জয় পেয়েছে বাংলাদেশ। ১১ সেকেন্ডেই প্রতিপক্ষের জালে বল পাঠায় বর্তমান চ্যাম্পিয়নরা। কিক অফের পর বল পান ঋতুপর্ণা। বাঁ দিক থেকে তার বাড়ানো নিচু ক্রস প্রথম প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন আনিকা রানিয়া সিদ্দিকী। লাল-সুবজের জার্সি গায়ে তোলার পর চতুর্থ ম্যাচে এসে প্রথম গোল  সুইডেন প্রবাসী এই ফরোয়ার্ডের।

তৃতীয় মিনিটে ‘অলিম্পিক গোল’ পেয়ে যেতে পারতেন ঋতুপর্ণা, কিন্তু তার বাঁকানো কর্নার দূরের পোস্টে লেগে ফিরে আসে। তবে মালদ্বীপের রক্ষণে চাপ ধরে রেখে সুযোগ তৈরি করতে থাকে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে ঋতুপর্ণার নিচু ক্রসে গোলমুখে থাকা শামসুন্নাহার জুনিয়র ঠিকঠাক সংযোগ করতে পারেননি। বল গোলরক্ষকের গায়ে লেগে ফের শামসুন্নাহারের গায়ে লেগে যায় বাইরে।

২৮ মিনিটে আবারও বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। ঋতুপর্ণার থ্রু পাস ধরে অধিনায়ক মারিয়া মান্দা আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। দূরের পোস্টে থাকা শামসুন্নাহার জুনিয়রের শট ক্রসবারের উপরের দিকে লেগে বেরিয়ে যায়।

ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়রের ক্রস জোরালো নিচু শটে কাছের পোস্ট দিয়ে জালে জড়িয়ে দেন উমেহ্লা মারমা। এরপরই অপ্রত্যাশিত এক গোল হজম করে বাংলাদেশ। মাঝমাঠে অধিনায়ক মারিয় মান্দার ভুল পাস পেয়ে যায় মালদ্বীপের এক ফুটবলার। তার বাড়ানো পাস ধরে মরিয়ম নোরার দূরপাল্লার শট এগিয়ে আসা গোলরক্ষক মিলি আক্তারের মাথার ওপর দিয়ে গিয়ে ক্রসবারে লেগে জালে জড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে হঠাৎই ফের এলোমেলো হয়ে যায় বাংলাদেশের রক্ষণ। এই সুযোগে ৫৬ মিনিটে সমতাও ফেরায় মালদ্বীপ। অভাবনীয় ভুল করেন সেন্টার ব্যাক আফঈদা খন্দকার। যথেষ্ট সময় পেয়েছিলেন আফঈদা কিন্তু মালদ্বীপের আমিনাথ ফাজলাকে চার্জ করেননি তিনি। বল নিয়ে বেরিয়ে গিয়ে, ঝাঁপিয়ে পড়া মিলিকে পরাস্ত করেন মালদ্বীপের এই উইঙ্গার।

এরপর পরই উমেহ্লা ও আনিকাকে তুলে শাহেদা আক্তার রিপা ও গত সাফে দলের হয়ে সর্বোচ্চ ৫ গোল করা তহুরাকে নামান বাটলার। ৬৪ মিনিটে ফের এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ দিক থেকে ঋতুপর্ণার ক্রস গোলরক্ষকের গ্লাভস গলে বেরিয়ে গেলে তার সামনে থাকা প্রীতি নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। তাতে শঙ্কা দূর হয়ে ম্যাচ জয়ের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেন বাংলাদেশের মেয়েরা। আর শেষ মিনিটে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন কোহাতি কিসকু।