• ই-পেপার

বিসিবির সভা কাল, আলোচনায় সাকিব-মুশফিকদের কেন্দ্রীয় চুক্তি

গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানাও গেল নকআউটে

ক্রীড়া ডেস্ক
গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানাও গেল নকআউটে

বিশ্বকাপের ‘এল’ গ্রুপে শেষ মুহূর্তের নাটকিয়তা বেশ ভালই জমে উঠেছিল। তবে শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে হাসি মুখেই মাঠ ছাড়ল ফেবারিট ইংল্যান্ড।

পানামার বিপক্ষে শুরু থেকেই চড়াও হয়ে খেলেছে ইংল্যান্ড। মাঠের দখল ও আক্রমণে থ্রি লায়ন্সরা পুরোপুরি দাপট দেখালেও প্রথমার্ধে কাজের কাজ গোলটি অধরাই রয়ে যায় হ্যারি কেইনদের। অপর ম্যাচে ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়া জালের দেখা পাওয়ায় শঙ্কা জাগে কেইনদের শীর্ষস্থান হারানোর।

তবে দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় থ্রি লায়ন্সরা। ডালাসের মাঠে ম্যাচের ৬২ মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে গোল করে ইংল্যান্ডকে লিড এনে দেন জুড বেলিংহাম। এর পাঁচ মিনিটের মাথায় বেলিংহামের বাড়ানো এক নিখুঁত ও চোখ ধাঁধানো ক্রসে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান হ্যারি কেইন।

এতেই ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন এই ইংলিশ স্ট্রাইকার।

এরপর ম্যাচে আর কেউ জালের দেখা না পাওয়ায় ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে থমাস টুখেলের দল। এতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়ে যায় তাদের।

গ্রুপের অপর ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যাচ্ছেন মদরিচরা। অপর দিকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করা ঘানাও যাচ্ছে শেষ ৩২-এ। গ্রুপে তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে উপরের দিকে থাকায় নতুন নিয়মে নকআউটে জায়গা করে নিয়েছে তারা।

বিশ্বকাপে গোলের অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে গোলের অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
ছবি : রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে জালের দেখা পেয়েছেন থ্রি লায়ন্স অধিনায়ক হ্যারি কেইন। আর এই গোলের সঙ্গেই অনন্য এক কীর্তিতে নিজের নাম লেখালেন এই ইংলিশ স্ট্রাইকার।

ডালাসের মাঠে ম্যাচের ৬৭ মিনিটে ডানপ্রান্ত থেকে জুড বেলিংহামের বাড়ানো এক নিখুঁত ও চোখ ধাঁধানো ক্রসে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান হ্যারি কেইন। আর এই এক গোলেই বিশ্বকাপে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নতুন এক মহাকাব্য লিখলেন তিনি।

এই গোলটির মাধ্যমে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন কেইন। এতোদিন ১০টি গোল নিয়ে এই রেকর্ডের চূড়ায় বসেছিলেন কিংবদন্তি গ্যারি লিনেকার। আজ লিনেকারকে ছাড়িয়ে বিশ্বমঞ্চে কেইনের গোলসংখ্যা এখন ১১টি।

আর্জেন্টিনার বিপক্ষে খেলার আগে যা বললেন কেপ ভার্দের সেই গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার বিপক্ষে খেলার আগে যা বললেন কেপ ভার্দের সেই গোলরক্ষক
ছবি : রয়টার্স

দিনকয়েক আগেও ফুটবল দুনিয়ায় তার নামটা কজনই বা জানত! অথচ আজ একবিংশ শতাব্দীর ফুটবল বিশ্বমঞ্চে তিনি এক জীবন্ত রূপকথার নায়ক। মাঠের পারফরম্যান্সে যেমন কেড়েছেন আলো, তেমনি নেটদুনিয়ায় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এখন অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখের ঘর। তিনি আর কেউ নন, পশ্চিম আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী ভোজিনহা। তার অতিমানবীয় বিশ্বস্ত গ্লাভসে ভর করে প্রথমবারের মতো বিশ্বকাপে এসেই শেষ ৩২-এর টিকিট কেটেছে কেপ ভার্দে।

বিশ্বমঞ্চের গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে আর সৌদি আরবের মতো পরাশক্তিদের রুখে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। আর সেখানে শেষ ৩২-এর মঞ্চে এই পুঁচকে দলটির প্রতিপক্ষ খোদ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা! কয়েক সপ্তাহ আগেও যে সমীকরণ ছিল অলীক কল্পনা, আজ তা এক রূঢ় বাস্তব। এই পুরো পরাবাস্তব জার্নিটা খোদ ভোজিনহার কাছেও এক অন্তহীন স্বপ্নের মতো।

সৌদি আরবের বিপক্ষে মহানাটকীয় ম্যাচের পর উচ্ছ্বসিত ভোজিনহা বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা আমাদের ফুটবল ইতিহাসেরই অন্যতম দারুণ একটা ঘটনা হতে যাচ্ছে। আর্জেন্টিনা এবং লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামাটা দুনিয়ার যেকোনো ফুটবলারের জন্যই এক পরম স্বপ্ন।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বিশ্বসেরা স্পেনের সাথে গোলশূন্য ড্র করে ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছিল কেপ ভার্দে, আর সেই ম্যাচের নায়ক ছিলেন এই ভোজিনহাই। এরপরই আলোর গতিতে ছড়িয়ে পড়ে তার জীবনের এক আবেগঘন গল্প। ঠিক সময়ে পর্যাপ্ত অর্থের সংস্থান করতে না পারায় ভোজিনহার মায়ের যুক্তরাষ্ট্রে যাওয়া আটকে গিয়েছিল। অথচ ভাগ্যের কী অদ্ভুত খেলা, সেই মা-ই এবার গ্যালারিতে বসে চোখের সামনে ছেলেকে বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়াই করতে দেখছেন।

সৌদি আরবকে রুখে দিয়ে শেষ ৩২ নিশ্চিত করার পর আবেগ ধরে রাখতে পারেননি ভোজিনহা। তিনি বলেন, ‘আমরা কেউই সম্ভবত কখনো এমন অবিশ্বাস্য কিছু কল্পনা করিনি। তবে আমরা মনেপ্রাণে জানতাম, দল হিসেবে আমরা কতটা শক্তিশালী। বিশ্বকাপে আসার সময় হয়তো অনেকেই ভেবেছিল আমরা একটা ম্যাচও জিততে পারব না। কিন্তু আমাদের এই স্কোয়াডটা দুর্দান্ত, এখানে সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো সামর্থ্যবান ফুটবলাররা আছেন।’

মাত্র ৫ লাখ ৩০ হাজার মানুষের দেশ কেপ ভার্দে। বাছাইপর্বে পরাক্রমশালী ক্যামেরুনকে বিদায়ঘণ্টা বাজিয়ে তারা টিকিট পেয়েছিল বিশ্বকাপের। আর আজ সেই পুঁচকে দেশটিই বিশ্বের সেরা ৩২টি দলের একটি!

ভোজিনহা বলেন, ‘আমরা বিশ্বকে দেখাতে পেরেছি, দেশের প্রতি আমাদের ভালোবাসা কতটা গভীর। আমরা মাঠে শুধু কজন খেলোয়াড়কে রিপ্রেজেন্ট করছি না, দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা প্রতিটি কেপ ভার্দিয়ান মানুষের প্রতিনিধিত্ব করছি। আয়তনে বা জনসংখ্যায় আমরা হয়তো ছোট একটা দেশ হতে পারি, কিন্তু আমাদের বুকভরা সাহস আর একটা বড় হৃদয় আছে। আর দিনশেষে আমরা লড়াই করতে জানি।’

ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থান নিয়ে প্রথমার্ধ শেষ করল ক্রোয়েশিয়া

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থান নিয়ে প্রথমার্ধ শেষ করল ক্রোয়েশিয়া

একদিকে ইংল্যান্ডের গোলের জন্য হাহাকার, অন্যদিকে লুকা মদরিচদের মাঝমাঠের ম্যাজিক মিলিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘এল’ গ্রুপের শেষ মুহূর্তের নাটকিয়তা এখন তুঙ্গে। গ্রুপের শেষ দুটি ম্যাচে একই সাথে মাঠে নেমেছে ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা। আর প্রথমার্ধের খেলা শেষে মাঠের সমীকরণ ওলটপালট করে দিয়ে চালকের আসনে বসে গেছে ক্রোয়াটরা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম না করা ঘানার রক্ষণব্যুহ প্রথমার্ধেই ভেঙে দিয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচের ৩১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে এক চোখ ধাঁধানো দূরপাল্লার শটে ঘানার জাল কাঁপান ক্রোয়াট মিডফিল্ডার পেতার সুচিচ। এই ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে গেছে মদরিচের দল।

এদিকে গ্রুপের অন্য ম্যাচে পানামার বিপক্ষে শুরু থেকেই চড়াও হয়ে খেলছে ফেভারিট ইংল্যান্ড। মাঠের দখল ও আক্রমণে থ্রি লায়ন্সরা পুরোপুরি দাপট দেখালেও কাজের কাজ গোলটি এখনো অধরাই রয়ে গেছে হ্যারি কেইনদের। প্রথমার্ধের খেলা শেষে গোলশূন্য সমতায় থেকেই মাঠ ছেড়েছে এই দুই দল।

মাঠের এই আংশিক ফলাফলই গ্রুপ টেবিলকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। এই মুহূর্তে ঘানার বিপক্ষে এগিয়ে থাকায় ‘লাইভ টেবিলে’ গ্রুপের তৃতীয় স্থান থেকে নিয়ে একলাফে একদম শীর্ষে উঠে এসেছে ক্রোয়েশিয়া। আর পানামার বিপক্ষে গোল না পাওয়ায় এক ধাপ নিচে নেমে দ্বিতীয় স্থানে চলে গেছে ইংল্যান্ড। আর আপাতত ঘানা আছে তৃতীয় স্থানে। পূর্ণাঙ্গ ফল পেতে অপেক্ষা আর ৪৫ মিনিটের।