• ই-পেপার

নেইমারের গোলে জাপানকে হারাল ব্রাজিল

বিশ্বকাপে ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
ছবি : রয়টার্স

বৈরি কূটনৈতিক সম্পর্ক ও চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেই ফুটবল বিশ্বকাপ মাতাতে মেক্সিকো অবস্থান করছে ইরান দল। তবে ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ায় ও মার্কিন প্রশাসনের কঠোর কড়াকড়ির কারণে টুর্নামেন্টের শুরু থেকেই মাঠ এবং মাঠের বাইরে বেশ ভুগতে হচ্ছিল এশিয়ান জায়ান্টদের। অবশেষে কিছুটা বরফ গলেছে। ইরানের বিশ্বকাপ দলের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিজেদের পরবর্তী ম্যাচের দুই দিন আগেই ভেন্যু শহর সিয়াটলে ভ্রমণের অনুমতি পাচ্ছে ইরান দল। গত মঙ্গলবার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অবশ্য নিষেধাজ্ঞা শিথিল হলেও ম্যাচ শেষেই তল্পিতল্পা গুটিয়ে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বলে জানিয়েছেন ডিএইচএস-এর এক মুখপাত্র। আগামী শুক্রবারের ম্যাচটি খেলেই তারা মেক্সিকোর টিজুয়ানায় অবস্থিত তাদের বেস ক্যাম্পে ফিরে যাবে। ইরান ফুটবল ফেডারেশনও নিশ্চিত করেছে যে, ম্যাচের প্রস্তুতি নিতে বুধবারই তারা সিয়াটলের উদ্দেশ্যে রওনা হচ্ছে।

হোয়াইট হাউস ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘পরিকল্পনাটি আমাদের আগে থেকেই ছিল। আমরা মূলত দেখতে চেয়েছিলাম প্রথম দুই ম্যাচে তাদের যাতায়াত কেমন হয়। যেহেতু সবকিছু সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, তাই দীর্ঘ ভ্রমণক্লান্তির কথা বিবেচনা করে আমরা তাদের বাড়তি একদিন সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

চলতি বছরের মার্চ মাসেই যুদ্ধ পরিস্থিতির কারণে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল ইরান। কিন্তু অ্যারিজোনার টুসন থেকে মেক্সিকোর টিজুয়ানায় বেস ক্যাম্প সরানোর অনুমতি মিললেও মার্কিন মুলুকে পা রাখার পর থেকেই একের পর এক বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। দলের বেশ কয়েকজন অফিশিয়াল ও সাপোর্ট স্টাফকে তো যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমিতই দেয়নি মার্কিন প্রশাসন।

লস অ্যাঞ্জেলেসে খেলা প্রথম দুটি ম্যাচের ক্ষেত্রে ম্যাচের মাত্র একদিন আগে ভ্রমণের অনুমতি পেয়েছিল ইরান। এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দলটির প্রধান কোচ আমির ঘালেনোই। গত রোববার বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এক দোভাষীর মাধ্যমে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রিকভারি (ক্লান্তি দূর করা)। কিন্তু আমাদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন করে তোলা হয়েছে।’

ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচের একদিন আগে ভেন্যুতে পৌঁছানো স্বাভাবিক ঘটনা হলেও, টিজুয়ানা থেকে সিয়াটলের দূরত্ব প্রায় ১,৯৩০ কিলোমিটার। এই দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতেই বাড়তি সময় চেয়েছিল ইরান। দলের অধিনায়ক আলিরেজা জাহানবখশ আক্ষেপ করে বলেন, ‘আমরা তো বেশি কিছু চাইনি। বাকি ৪৭টি দল যে সুযোগ-সুবিধা পাচ্ছে, আমরাও শুধু সেটাই চেয়েছি।’

ইরান দল মাঠের রাজনীতি থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করলেও যুদ্ধক্ষেত্রের নির্মমতা ঠিকই বিশ্বমঞ্চে তুলে ধরছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের শুরুতে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৮ জন শিক্ষার্থীর স্মরণে বিশেষ প্রতীক ব্যবহার করছেন ফুটবলাররা।

গত ৭ জুন মেক্সিকোতে পৌঁছানোর পর থেকেই খেলোয়াড়দের জ্যাকেটে ‘১৬৮’ লেখা গোল্ডেন রঙের পিন দেখা গেছে। এমনকি গত রোববার সোফাই স্টেডিয়ামের ড্রেসিংরুমে বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি চিঠিও রেখে আসে দলটি, যেখানে হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিল ‘১৬৮’ এবং স্কুলের নাম ‘মিনাব’। গত মঙ্গলবার টিজুয়ানায় ইরানের শেষ অনুশীলনেও মাঠের ঘাসে ‘১৬৮’ লেখা চারটি ছোট পতাকা পুঁতে রাখা হতে দেখা যায়।

এদিকে ইরানের পরবর্তী প্রতিপক্ষ মিশরও সিয়াটলে আগেভাগে পৌঁছানোর আবেদন জানিয়েছিল। ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারানোর পর তারা সরাসরি সিয়াটলে যাওয়ার অনুমতি চায় ফিফার কাছে। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব দেখিয়ে মিশরের সেই আবেদন নাকচ করে দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। ফলে বাধ্য হয়েই সিয়াটল থেকে ৪৫ মিনিটের দূরত্বের স্পোকেন ভেন্যুর বেস ক্যাম্পে ফিরে যেতে হয়েছে মোহাম্মদ সালাহদের দেশকে।

রেকর্ড ৬ বিশ্বকাপে গোল করলেন রোনালদো, যে কীর্তি নেই মেসিরও

ক্রীড়া ডেস্ক
রেকর্ড ৬ বিশ্বকাপে গোল করলেন রোনালদো, যে কীর্তি নেই মেসিরও
ছবি : রয়টার্স

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা ক্রিস্তিয়ানো রোনারদো ও লিওনেল মেসিকে ঘিরে তুলনা যেন কখনোই শেষ হয় না। এবার সেই লড়াইয়ে নতুন এক অনন্য রেকর্ড গড়ে মেসিকেও ছাড়িয়ে গেলেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয়ে জোড়া গোল করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম গোলটি করেই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। রোনালদো হয়ে যান বিশ্বকাপ ইতিহাসে ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার।

২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬—টানা ছয় বিশ্বকাপেই গোল করার বিরল কীর্তি গড়েছেন তিনি। অন্যদিকে মেসি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করলেও ছয় আসরে গোল করার রেকর্ড এখনো স্পর্শ করতে পারেননি। ২০১০ বিশ্বকাপে জালের দেখা পাননি তিনি। 

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে। জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ, যা পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ।

প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর রোনালদোকে ঘিরে সমালোচনা শুরু হয়েছিল। অনেকেই তাকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন। তবে উজবেকিস্তানের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘রেকর্ড অবশ্যই আনন্দ দেয়, কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের সাফল্য। আমরা দুর্দান্ত খেলেছি এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি।’

রোনালদোর জোড়া গোলের সঙ্গে আরো গোল করেন নুনো মেন্দেস ও রাফায়েল লিও। একটি গোল আসে আত্মঘাতী থেকে। এই বড় জয়ে নকআউট পর্বের দুয়ারে পৌঁছে গেছে পর্তুগাল।

স্কটল্যান্ড ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
স্কটল্যান্ড ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি
ছবি : রয়টার্স

ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে, স্কোয়াডে ফিরছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। ইনজুরি থেকে সেরে ওঠা এই তারকাকে কোচ কার্লো আনচেলত্তি পুরোপুরি ফিট ঘোষণা করেছেন। 

আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, ‘নেইমার এ সপ্তাহে ভালো ট্রেনিং করেছেন, ফিট আছেন এবং খেলার জন্য প্রস্তুত।’

কোচ আরো জানিয়েছেন, ‘নেইমার ৪৫ মিনিট বা পুরো ৯০ মিনিটও খেলতে পারেন যদি দরকার হয়।’

তবে ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, ১০ নম্বর জার্সিধারী এই পোস্টার বয় আজ শুরু করবেন সাইডবেঞ্চ থেকে। ম্যাচের পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী দ্বিতীয়ার্ধের শেষভাগে তাকে মাঠে নামানো হতে পারে। 

ব্রাজিল বর্তমানে গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। স্কটল্যান্ডের বিপক্ষে জয় বা ড্র করে নকআউট নিশ্চিত করতে চায় তারা। 
 

রাফিনিয়ার জায়গায় ১৯ বছরের তারকা, ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক
রাফিনিয়ার জায়গায় ১৯ বছরের তারকা, ব্রাজিলের সম্ভাব্য একাদশ
ছবি : রয়টার্স

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মায়ামিতে এই হাইভোল্টেজ ম্যাচের আগে সেলেসাও শিবিরে বড় কোনো পরিবর্তনের আভাস নেই। তবে ইনজুরির কারণে ছিটকে যাওয়া উইঙ্গার রাফিনহার জায়গায় আজ একাদশে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানকে।

বর্তমানে ‘জি’ গ্রুপে মরক্কোর চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। শীর্ষস্থান ধরে রাখার এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ কোচ কার্লো আনচেলত্তি। একাদশের অন্যতম দুই ভরসা ক্যাসেমিরো এবং ডগলাস সান্তোস রয়েছেন কার্ডের ঝুঁকিতে। আজ আর একটি হলুদ কার্ড পেলেই পরের ম্যাচে দর্শক হয়ে থাকতে হবে তাদের। তবে এমন সমীকরণের সামনে দাঁড়িয়েও এই দুই তারকাকে বিশ্রামে রাখার পক্ষপাতী নন ডাগআউটের মাস্টারমাইন্ড।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নেমে একটা দারুণ ম্যাচ উপহার দেওয়া ছাড়া আর কিছুই ভাবছি না। রাফিনহার বিকল্প আমাদের মাথায় পরিষ্কার। কার্ডের কথা চিন্তা করে দল সাজানোর কোনো মানে খুঁজে পাচ্ছি না।’

অনুশীলনের চিত্র বলছে, ডান প্রান্তের আক্রমণভাগে তরুণ রায়ানকেই পরখ করে নিয়েছেন আনচেলত্তি। বিকল্প হিসেবে লুইস হেনরিখকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলেও, কোচের প্রথম পছন্দ এই তরুণ তুর্কিই। মাঠের গতি সচল রাখতে ও আক্রমণকে প্রসারিত করতে রিয়াল মাদ্রিদের সাবেক এই গুরুর বড় আস্থা এখন রায়ানের ওপরই।

এদিকে ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে, স্কোয়াডে ফিরছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে শতভাগ ফিট না থাকায় এখনই তাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ১০ নম্বর জার্সিধারী এই পোস্টারবয় আজ শুরু করবেন সাইডবেঞ্চ থেকে। ম্যাচের পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী দ্বিতীয়ার্ধের শেষভাগে তাকে মাঠে নামানো হতে পারে।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

আলিসন, দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

নেইমারের গোলে জাপানকে হারাল ব্রাজিল | কালের কণ্ঠ