যুদ্ধে নাকাল মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এরই মাঝে অংশ নিয়েছে বিশ্বকাপে। দুই ম্যাচে দুর্দান্ত খেলেছেন আমির ঘালেনোই শিষ্যরা। বাঁচিয়ে রেখেছে নকআউট পর্বে ওঠার আশা। শক্তিমত্তায় জোজন এগিয়ে বেলজিয়ামকে রুখে দিয়ে ম্যাচে শেষে হাতে লেখা চিঠিতে দিয়ে গেলেন শান্তির বার্তা ইরানি ফুটবলাররা।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ম্যাচের পর ড্রেসিংরুমে এই চিঠি রেখে যান টিম মেল্লিরা।
ম্যাচের পর প্রকাশ পাওয়া লেখা চিঠিতে বলা হয়, ‘হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান। আমাদের আত্মা আজও জীবন্ত ও অটুট।’
এছাড়া লস অ্যাঞ্জেলেসবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা লিখেছে, ‘আতিথেয়তার জন্য ধন্যবাদ, লস অ্যাঞ্জেলেস। আমরা গর্ব নিয়ে এসেছিলাম। সম্মানের সঙ্গে লড়েছি। মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।’ ইরানি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ‘এই ১৮০ মিনিটে যাঁরা সর্বস্ব দিয়ে ইরানকে সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ।’
‘সকল জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব প্রতিষ্ঠিত হোক।’ বলে শেষ হয় লেখা চিঠিটি। লকার রুমে রাখা চিঠিতে #168 এবং #Minab হ্যাশট্যাগেরও ব্যবহার দেখা যায়।
আমেরিকা-ইরানের চলমান সংঘাতের মধ্যে মিনাব শহরের এক স্কুলে বোমা হামলার ঘটনার প্রতি ইঙ্গিত হিসাবেই এই হ্যাশট্যাগের ব্যবহার। বিশ্বকাপে নানান প্রতিকূলতার মুখোমুখি ইরান। আমেরিকার অভিবাসন নীতির বিধিনিষেধের কারণে ম্যাচ খেলেই চটজলদি ফিরে যাওয়ার কথা বলা হয়েছে।
ফলে অ্যারিজোনার টুসন থেকে ঘাঁটি সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় ক্যাম্প করছে ইরান। সেখান থেকেই ম্যাচ খেলতে আমেরিকা যাতায়াত করছে দেশটি।




