প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ হচ্ছে। তাতে পরের ধাপে সুযোগ পাওয়ার নিয়মে পরিবর্তন এসেছে। আগে প্রতিটি গ্রুপ থেকে ২টি করে পেলেও এবার তৃতীয় হওয়া দলটি সুযোগ পাচ্ছে।
এই নিয়মটাই যুক্তিযুক্ত মনে হচ্ছে না ইকার ক্যাসিয়াসের। তাই ৬৪ দলের বিশ্বকাপ চান স্পেনের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক। ২০১০ বিশ্বকাপজয়ী গোলরক্ষক বলেছেন, ‘৬৪ দলের বিশ্বকাপ হওয়া দরকার। তৃতীয় সেরা দলের বিষয়টি আমার মাথায় ঢুকছে না।’
ক্যাসিয়াসের চাওয়া পূরণ হতে পারে আগামী বিশ্বকাপে। ৬৪ দলের বিশ্বকাপ করার স্বপ্ন দেখছে ফিফাও। ২০৩০ বিশ্বকাপ দিয়েই সেটা করতে চায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
৬৪ দলের বিশ্বকাপ হলে নকআউট ঠিক করার ঝামেলা থাকবে না বলেই এমন চাওয়া ক্যাসিয়াসের। কেননা এবার ১২ গ্রুপ থেকে শীর্ষ দুইয়ের সঙ্গে তৃতীয় হওয়া দলটিও সুযোগ পাচ্ছে। অর্থাৎ, তৃতীয় হওয়া ১২ দলের মধ্যে থেকে ৮টি সুযোগ পাবে শেষ ৩২-এ। দলগুলোর পয়েন্ট সমান হলে ৮ দল নির্বাচিত করা হচ্ছে গোল ব্যবধান, হেড টু হেডসহ আরো কিছু সমীকরণের মধ্য দিয়ে। যা ক্যাসিয়াসের কাছে একটু অদ্ভুত মনে হচ্ছে।






