বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ফ্রান্স ও নরওয়ে। তবে দুই দলই ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করায় ম্যাচে বড়সড় পরিবর্তন এসেছে। নকআউটের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের সেরা তারকা ও গোলমেশিন আর্লিং হালান্ডকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নরওয়ে কোচ। শুক্রবারের এই ম্যাচে তাকে ডাগআউটে রেখেই শুরুর একাদশ সাজিয়েছে নরওয়েজিয়ানরা।
অন্যদিকে, ফরাসি শিবিরে লেগেছে শোকের ছায়া। মাকে হারিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। মায়ের শেষকৃত্যে যোগ দিতে জরুরি ভিত্তিতে দেশে ফিরে গেছেন তিনি। দেশমের অনুপস্থিতিতে আজ ফরাসিদের ডাগআউট সামলাচ্ছেন সহকারী কোচ।
বিশ্বকাপের নকআউটের টিকিট আগেই পকেটে পোরায় এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার দারুণ এক সুযোগ লুফে নিয়েছেন নরওয়েজিয়ান বস সোলবাকেন। গত ম্যাচের একাদশ থেকে আজ এক ধাক্কায় ১০টি পরিবর্তন এনেছেন তিনি! নকআউটের হাই-ইনটেনসিটি ম্যাচের আগে ফুটবলারদের তাজা রাখাই যে তার মূল লক্ষ্য, তা স্পষ্ট।
অবশ্য ফ্রান্স শিবির অতটা চরম পন্থায় হাঁটেনি। দেশমের সহকারী গি স্তেফান মাত্র ৪টি পরিবর্তন নিয়ে সাজিয়েছেন দিদিয়ের দেশমের রেখে যাওয়া ব্লুপ্রিন্ট। তবে ফরাসি সমর্থকদের জন্য স্বস্তির খবর, শুরুর একাদশেই আছেন দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন কিলিয়ান এমবাপ্পে।
দুই দলের একাদশ:
নরওয়ে: এগিল সেলভিক, লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।
ফ্রান্স: মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে।