প্রীতি ম্যাচে নিউজিল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে হাইতি। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে চার গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপসঙ্গী এই ক্যারিবীয়ান দলটি। যা হাইতির উচ্ছ্বসিত সমর্থকদের আনন্দিত করেছে এবং অল হোয়াইটস অধিনায়ক ক্রিস উডের একটি মাইলফলক ম্যাচকে ম্লান করে দিয়েছে।
ইন্টার মায়ামি সিএফ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই গোল করে দ্বিতীয়বারের মত বিশ্বকাটে সুযোগ পাওয়া হাইতিকে লিডৈ এনে দেয় রুবেন প্রভিডেন্স। বিরতির ছয় মিনিট পর বদলি খেলোয়াড় হিসেবে ব্যবধান দ্বিগুন করেন লেনি জোসেফ।
ম্যাচের ৬০ মিনিটে এক দুর্দান্ত হেডে দলের তৃতীয় গোলটি করেন ফ্রানৎসদি পিয়েরো। এরপর মার্কুস লাক্রোয়া এক দূরপাল্লার রকেট শটে গোল করে ৪-০ ব্যবধানের বড় জয় তুলে নেয় বিশ্বকাপের সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের দলটি থেকে।
তবে হাইতির প্রস্তুতি পর্ব কিছুটা ম্লান হয়ে যায় মিডফিল্ডার উডেনস্কি পিয়েরের ভিসা সমস্যায়। কারণ তিনি এখনো দেশেই অবস্থান করছেন। মার্কিন কর্তৃপক্ষ অনেক দেরিতে তার ভিসা অনুমোদন করায় পিয়ের নিউজিল্যান্ডারদের বিপক্ষে খেলতে পারেননি।
এদিকে দল হারলেও নিউজিল্যান্ডের অধিনায়ক উড গড়েছেন এক ব্যক্তিগত মাইলফলক। হাইতির বিপক্ষের ম্যাচ দিয়ে দেশের হয়ে খেলেছেন সর্বাধিক ৮৯ ম্যাচ।




