বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচে জর্দানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। রবিবার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাসে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ডালাসে পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে আর্জেন্টাইন মহাতারকার লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করে আর্জেন্টাইন রক্ষণভাগের অভিজ্ঞ তারকা নিকোলাস তাগলিয়াফিকো।
ম্যাচের আগে সংবাদে সম্মেলনে নিকোলাস তাগলিয়াফিকো বলেন, মেসি বর্তমানে কাতার বিশ্বকাপের চেয়েও আরো দুর্দান্ত খেলছেন।
তিনি বলেন, ‘বর্তমান আর্জেন্টিনা দল প্রতিযোগিতাপূর্ণ ফুটবল খেলছে। যেখানে কোনো খেলোয়াড়ই গা ভাসিয়ে দেওয়ার সুযোগ পান না। এই অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতাই সবাইকে সেরাটা দিতে বাধ্য করে’।
তাগলিয়াফিকো বলেন. ‘দলে আসা প্রতিটি খেলোয়াড়ই সতীর্থদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে চান। একই মানসিকতার ১৫-২০ জন খেলোয়াড় যখন একসাথে হন, তখন প্রতিপক্ষের জন্য তাদের হারানো কঠিন হয়ে পড়ে বলে যোগ করেন এই ডিফেন্ডার।’
মেসিকে দলের প্রধান পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি জানান, দলের সবাই শেষ মুহূর্ত পর্যন্ত তাদের অধিনায়ককে সমর্থন দিয়ে যাবেন যাতে কাতার বিশ্বকাপের মতো আবারো স্মরণীয় কিছু করা যায়।
জাতীয় দলের জার্সিতে ম্যাচের সংখ্যা গণনা করার চেয়ে প্রতিদিনের কঠোর পরিশ্রমকে তিনি এগিয়ে রাখেন। অতীত দিনগুলোর দিকে ফিরে তাকালে অত্যন্ত গর্ব অনুভব করেন এই রাইটব্যাক।
বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে খেলাকে অত্যন্ত বিশেষ অনুভূতি বলে বর্ণনা করেছেন । টানা দুবার বিশ্বকাপ জেতা একটি 'স্বপ্ন' হলেও তারা বর্তমান সময়ে প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চান বলে যোগ করেন তিনি।




