নাইটক্লাব কাণ্ড পেছনে ফেলে সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে অধিনায়ক হিসেবেই নটিংহাম টেস্টে খেলতে নেমেছেন বেন স্টোকস। গতকাল ম্যাচের তৃতীয় দিন পর্যন্তও সবকিছু মনে হচ্ছিল স্বাভাবিক। কিন্তু আজ হুট করেই দিলেন অবসরের ঘোষণা।
চলমান টেস্ট দিয়েই ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন স্টোকস। এরপর ইংল্যান্ডের জার্সিতে এই তারকা অলরাউন্ডারকে আর দেখা যাবে না।
আজ নটিংহাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের পর ড্রেসিংরুমে অবসরের ঘোষণা দেন স্টোকস। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ৩৫ বছর বয়সী তারকা, ‘মাঠে যাও এবং আগামী দুই দিন নিজেদের সবকিছু উজাড় করে দাও।’
স্টোকসের ঘোষণা শেষে ইংল্যান্ডের খেলোয়াড় ও কোচিং স্টাফরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান।
আকস্মিকভাবে কেন অবসর নিচ্ছেন, সেটা জানাননি স্টোকস, দকারণ জানার জন্য অপেক্ষা করা যাবে। তবে দলের জন্য, তোমাদের জন্য এবং পূর্বসূরিদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। আর মাত্র একবার আমি সেই লড়াই করব।’
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেছেন, ‘আমরা হারাচ্ছি একজন ব্যাটসম্যান, একজন বোলার, একজন অধিনায়ক এবং দলের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বকে। ইসিবির পক্ষ থেকে আমি স্টোকসকে তার সব অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তার ও তার পরিবারের আগামী দিনের সাফল্য কামনা করছি।’
২০১১ সালে এক মাসের ব্যবধানে ইংল্যান্ডের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক হয়ে স্টোকসের। দুই সংস্করণেই দেশের বিশ্বকাপ জয়ের পথে বড় ভূমিকা রাখেন তিনি। পাশাপাশি টেস্টে বেশ কিছু সাফল্যও এনে দিয়েছেন; বিশেষ করে অ্যাশেজে।
ইংল্যান্ডের হয়ে ১২২ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন স্টোকস। টেস্টে ১৪ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে এখন পর্যন্ত ৭২৪৩ রান করেছেন তিনি। পেস বোলিংয়ে উইকেট নিয়েছেন ২৫২টি।
২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতা স্টোকস এই সংস্করণে ৫ সেঞ্চুরি ও ২৪ ফিফটিতে করেছেন ৩৪৬৩ রান; উইকেট ৭৪টি। আর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার দেশের জার্সিতে এই সংস্করণে রান করেছেন ৫৮৫, উইকেট নিয়েছেন ২৬টি।




