‘শুভ কাজে সবার পাশে’ এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের লামায় দরিদ্র, সুবিধাবঞ্চিত ও সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিন মাসব্যাপী বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ মে) বিকেলে লামা পৌরসভার মধুঝিরি এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে ৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীসহ ২০ জন অসচ্ছল ও দরিদ্র নারী অংশগ্রহণ করেন।
বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা শাখার উপদেষ্টা ও লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের লামা-আলীকদম প্রতিনিধি মো. তানফিজুর রহমান, দ্যা ডেইলি সান প্রতিনিধি মো. সাহাব উদ্দিন রিটু, বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা শাখার উপদেষ্টা মো. মনিরুল ইসলাম তুহিন ও মাজেদা বেগম।
সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা পার্বত্য জনপদের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিনা মূল্যে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের আয়োজন করায় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভায় বক্তারা বলেন, নারীর সুঁই-সুতা বুননের মধ্য দিয়ে পরিবারের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হতে পারে। এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান নারীরা যথাযথভাবে কাজে লাগানোর সুযোগ পেলে নিজেরা স্বাবলম্বী হওয়ার মাধ্যমে নিজ পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।
বক্তারা বলেন, বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীরা যদি বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিনা মূল্যে সেলাই মেশিন পায় তাহলে নারীরা ঘরে বসেই আয়-রোজগার করতে পারবে। নারীরা স্বাবলম্বী হলে পারিবারিক নির্যাতন ও অশান্তি দূর হবে।
সেলাই প্রশিক্ষণের সুযোগ পাওয়া রেশমা আক্তার প্রশিক্ষণ শেষে একটি সেলাই মেশিন পেলে নিজের পায়ে দাঁড়ানোর মধ্য দিয়ে নিজের ও পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বসুন্ধরা শুভসংঘ লামা উপজেলা শাখার সহ-সভাপতি ইয়াসিন মামুন ও মো. ইরান, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস উদ্দিন ও দপ্তর সম্পাদক শাহরুখ ইন্তেজান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার অভিজ্ঞ প্রশিক্ষক মিনারা বেগমের তত্ত্বাবধানে নিয়মিত প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হবে।







