• ই-পেপার

৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্কসংকেত

শিক্ষা ব্যবস্থার ৪ স্তম্ভে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন উপাদান : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শিক্ষা ব্যবস্থার ৪ স্তম্ভে পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন উপাদান : প্রতিমন্ত্রী

শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য ৪টি মূল স্তম্ভ এবং ১টি নতুন উপাদানের কথা উল্লেখ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষকদের মানোন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো, স্ট্রিমসমূহের এলাইমেন্ট (সমন্বয়), প্রযুক্তির সংযোজন (এআই ও ফিউচার জবস) এর ওপর গুরুত্বারোপ করা হবে।

আজ মঙ্গলবার (১৬ জুন) ঢাকায় র‍্যাডিসন ব্লু হোটেলে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল অ্যাডুকেশন আয়োজিত ক্যামব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেড, উদ্বোধন ২০২৬ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি ভিশন নির্ধারণ করেছে। এই ভিশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বমানের নাগরিক তৈরি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে তোলা।

প্রতিমন্ত্রী আরো বলেন,  বর্তমানে দেশে ২৭টিরও বেশি ধরনের শিক্ষা ধারা বিদ্যমান। এসব ধারার শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করতে হবে, যেন মাদরাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম কিংবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান ও দক্ষতায় সমমানের সুযোগ পায়।

শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, চাকা ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি শিক্ষক ছাড়া শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।

তিনি জানান, দেশের বিপুলসংখ্যক শিক্ষকের জন্য বিশ্বমানের প্রশিক্ষণ নিশ্চিত করতে কেমব্রিজের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ও অন্যান্য আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ হাইকমিশন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন

অনলাইন ডেস্ক
একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন
ফাইল ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

এসব প্রকল্পের ব্যয়ের জন্য সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন তিনটি এবং সংশোধিত দুটি প্রকল্প রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রকল্প রয়েছে। এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো ফেনী জেলার মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়), করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের প্রথম সংশোধনী।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ প্রকল্পের তৃতীয় সংশোধনীও অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসহ মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন মঞ্জুর

অনলাইন ডেস্ক
অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন মঞ্জুর

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।  

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এ তার আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত ৫ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত।’

আবুল বারকাতের আইনজীবী শাহিনুর ইসলাম তার জামিন চেয়ে শুনানি করেন৷ রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তার জামিন আবেদন মঞ্জুর করেন। 

এর আগে গত রবিবার এই মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। তার পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে আদালত সোমবার শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। সোমবার আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।  

গত ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

বিয়ে নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

অনলাইন ডেস্ক
বিয়ে নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়ালের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড ব্যবহার বাধ্যতামূলক করতে সরকার ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে। 

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য জানান। 

তিনি উল্লেখ করেন, ইউনিসেফ এবং ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় বর্তমানে এই নতুন আইনের খসড়া তৈরির কাজ চলছে।  

মন্ত্রী জানান, প্রস্তাবিত এই সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’র সুযোগ নিয়ে বাল্যবিবাহ দেওয়ার আইনি ফাঁকফোকরগুলো বন্ধ করা হবে। এই সংশোধনীর মূল বৈশিষ্ট্য হবে, বিবাহ নিবন্ধনের জন্য সনাতন পদ্ধতির কাগজের সনদের বদলে বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার করা। মূলত জালিয়াতির মাধ্যমে জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক বর-কনের আসল বয়স লুকানোর প্রবণতা বন্ধ করতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।  

মন্ত্রী আরও বলেন, ‘ধর্মীয় রীতিনীতি মেনে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই অনেক বিবাহ সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে এর সঠিক নজরদারি ও আইন প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে। তাই বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।’