• ই-পেপার

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

বাসস
চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস।আজ (সোমবার) জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে চলমান বাজেট অধিবেশন, সংসদীয় কার্যক্রম এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় চিফ হুইপ বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের পর জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি কার্যকর সংসদ গঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদে ২৬০ জন নতুন সদস্য নির্বাচিত হয়েছেন এবং এটি তাদের প্রথম বাজেট অধিবেশন। 

মো. নূরুল ইসলাম বলেন, নতুন সদস্যরা সংসদীয় রীতি-নীতি ও কার্যপ্রণালী আয়ত্ত করার জন্য আন্তরিকভাবে কাজ করছেন। অতীতে জনগণের মধ্যে সংসদীয় কার্যক্রমের প্রতি আগ্রহ তুলনামূলকভাবে কম থাকলেও বর্তমানে তারা নিয়মিত সংসদ অধিবেশন অনুসরণ করছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য অত্যন্ত ইতিবাচক।

স্টুয়ার্ট জেমস বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংসদীয় ককাস গঠিত হলে দু’দেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। তিনি জনগণের জন্য একটি কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠায় চিফ হুইপের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিল্লিতে বিএসএফ-বিজিবির বৈঠকে ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক
দিল্লিতে বিএসএফ-বিজিবির বৈঠকে ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা
ফাইল ছবি

ভারতের রাজধানী দিল্লিতে ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে বিএসএফ ও বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার (৮ জুন) এ বৈঠক শুরু হয়। যা আগামী  ১১ জুন পর্যন্ত চলবে।

৫৭তম কনফারেন্সে বিজিবিকে নেতৃত্ব দিচ্ছেন ডিজি মেজর জেনারেল আফরুজ্জামান সিদ্দিকি এবং বিএসএফকে নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর ডিজি প্রবীণ কুমার।

জানা গেছে, চারদিনের কনফারেন্সে অনুপ্রবেশ সংক্রান্ত আলোচনা, নাগরিকদের ওপর আক্রমণ, আন্তঃসীমান্ত অপরাধ, সীমান্তে বেড়া দেওয়ার প্রক্রিয়া, বাংলাদেশের ভারত বিরোধী গোষ্ঠীগুলির বিরুদ্ধে পদক্ষেপ সুনিশ্চিত করা, দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা করা হবে।

এদিকে ভারত থেকে 'পুশইনের' চেষ্টার অভিযোগ তুলে সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, বিএসএফের কয়েক দফা 'পুশইন' চেষ্টা তারা ঠেকিয়ে দিয়েছে।

আজ সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, পুশইন ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে প্রতিহত করছে। পাশাপাশি পুশইন বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে পুশইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। পুশইন বন্ধে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে ভারতকে। 

পুশইন বন্ধে ভারতকে ১২ বার চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
পুশইন বন্ধে ভারতকে ১২ বার চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, পুশইন ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে প্রতিহত করছে। পাশাপাশি পুশইন বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে পুশইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। পুশইন বন্ধে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে ভারতকে। 

তিনি বলেন, ইলিগ্যাল (অবৈধ) যারা আছে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে। সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে।

পুশইন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শিশু, নারীসহ বিভিন্ন ব্যক্তিকে ঠেলে পাঠানো ঠেকাতে সম্প্রতি বাংলাদেশের ২৬ জেলার সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। চার পালায় ২৪ ঘণ্টা তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন।

ভারত থেকে পুশইনের মধ্যে আজ সোমবার থেকে আগামী ১১ জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে।

বিজিবি জানিয়েছে, সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি

২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, প্রায় সব ধরনের অপরাধ কমেছে।

আজ সোমবার সচিবালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পুলিশ বাহিনীকে  আরো ‘বুস্ট আপ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনটি আলোচিত ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

এর মধ্যে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ নেওয়া সংশ্লিষ্ট কয়েকজন পুলিশ সদস্য, দৌলতদিয়ায় নৌদুর্ঘটনায় যাত্রীদের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নৌ-পুলিশের তিন সদস্য এবং মুন্সীগঞ্জে সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তারে অবদান রাখা তিন পুলিশ সদস্য রয়েছেন।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজন সদস্যকে বিশেষ ব্যাজও প্রদান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দায়িত্ব গ্রহণের তিন মাস পূর্ণ হয়েছে। এ সময়ের তথ্য গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আমার কাছে যে পরিসংখ্যান এসেছে, তাতে দেখা গেছে ২০২৫ সালের তুলনায় অপরাধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই অপরাধ কমেছে।’