• ই-পেপার

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাবেন ৩৭৫৬৭ জন

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত

মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, ধাপে ধাপে বাস্তবায়ন

অনলাইন ডেস্ক
মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, ধাপে ধাপে বাস্তবায়ন

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের রূপরেখা চূড়ান্ত হয়েছে। নতুন কাঠামোয় মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, পেনশনে উল্লেখযোগ্য সমন্বয় এবং শিক্ষা, টিফিন ও বৈশাখী ভাতায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। গেজেট প্রকাশের পর আগামী ১ জুলাই থেকে এটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পে স্কেলের গেজেট যে কোনো সময় প্রকাশ হতে পারে। ইতোমধ্যে বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা প্রস্তুত হয়েছে এবং সেখানে তিন ধাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একবারে পুরো কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয় ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। আগামী ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকর ধরা হলেও বাস্তবায়ন হবে পর্যায়ক্রমে। এতে সরকারের বেতন খাতে বরাদ্দ প্রায় ৯৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন কাঠামোতে প্রথম গ্রেডের বর্তমান ৭৮ হাজার টাকার মূল বেতন বেড়ে দাঁড়াবে ১ লাখ ১৭ হাজার টাকায়। একইভাবে দ্বিতীয় থেকে দশম গ্রেড পর্যন্ত সব পর্যায়ের কর্মকর্তাদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধির ভিত্তিতে পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও একই হারে বেতন বৃদ্ধি করা হলে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেসিক ১০০ শতাংশ বৃদ্ধির একটি সম্ভাব্য প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। যদিও চূড়ান্ত রূপরেখায় ৫০ শতাংশ বৃদ্ধির বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে, তবু নিম্ন আয়ের কর্মীদের জন্য অতিরিক্ত সুবিধার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে।

শুধু বেতন নয়, নতুন পে স্কেলে বিভিন্ন ভাতা ও পেনশন সুবিধাতেও বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বৈশাখী ভাতা বর্তমানের ২০ শতাংশ থেকে বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ রয়েছে। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা বর্তমানের তুলনায় পাঁচ গুণ বেশি।

এ ছাড়া কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা মাসিক ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকা এসব ভাতা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পেনশনভোগীরাও নতুন কাঠামোতে সুবিধা পেতে পারেন। প্রস্তাব অনুযায়ী, মাসিক ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। আর ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, গেজেট প্রকাশ ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগলেও নতুন বেতন কাঠামোর সুবিধা জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে। ফলে গেজেট প্রকাশের পর চাকরিজীবীরা বকেয়াসহ বর্ধিত বেতন-ভাতা পাওয়ার সুযোগ পাবেন।

সর্বশেষ অষ্টম জাতীয় বেতন কাঠামো কার্যকর হয়েছিল ২০১৫ সালে। এরপর এক দশকের বেশি সময় ধরে খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও পরিবহন ব্যয়সহ প্রায় সব খাতে জীবনযাত্রার খরচ বেড়েছে। এ বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় কমে যাওয়ায় নতুন পে স্কেলে বিশেষ করে নিম্ন আয়ের কর্মীদের বেতন বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রাজধানীর ১২০ গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ক্যামেরা

অনলাইন ডেস্ক
রাজধানীর ১২০ গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ক্যামেরা

যানজট নিরসনে রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা। এরমধ্যে  প্রথম ধাপে ৭৬ মোড়ে এআইভিত্তিক সিস্টেম পুরোদমে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন-সংক্রান্ত সভায় এ পরিকল্পনা তুলে ধরা হয়। সভা সূত্রে জানা গেছে, ডিএমপির সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন কার্যক্রমে যুক্ত থাকবে ঢাকার দুই সিটি করপোরেশন। প্রধান সড়কগুলোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বয়ংক্রিয় করতে ধাপে ধাপে এ আধুনিকায়ন কার্যক্রম পরিচালিত হবে বলে বণিক বার্তার একটি প্রতিবেদনে প্রকাশ হয়।

সভায় জানানো হয়, প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত কোনো বরাদ্দ বা বিশেষ তহবিলের প্রয়োজন হবে না। পুলিশের নিজস্ব তহবিল থেকেই এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর জাহাঙ্গীর গেট, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এসব সিগন্যাল বাতি তৈরি করে। বাতিগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হওয়ার পাশাপাশি প্রয়োজনে ম্যানুয়ালিও নিয়ন্ত্রণ করা যায়।

সিগন্যাল স্থাপনের এ প্রকল্পে অর্থায়ন করছে ঢাকার দুই সিটি করপোরেশন। নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে ডিএমপির ট্রাফিক বিভাগ এবং পুরো কার্যক্রম সমন্বয় করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

চলতি বছরের ৭ মে পরীক্ষামূলকভাবে এসব ট্রাফিক পয়েন্টে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ডিএমপি। এআইভিত্তিক ক্যামেরায় সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘন শনাক্ত করার সফটওয়্যার সংযোজন করা হয়েছে। 

ডিটিসিএ সূত্রে জানা গেছে, ঢাকায় প্রথম ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয় ১৯৬০-এর দশকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সেগুলো অকেজো হয়ে পড়ে। পরে ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় ৬৮ স্থানে সিগন্যাল বাতি স্থাপন করা হলেও সেগুলো কার্যকর হয়নি এবং ২০০৯ সালের মধ্যে অচল হয়ে যায়।

এ ছাড়া ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে আরো ৯১টি ইন্টারসেকশনে সিগন্যাল বাতি ব্যবস্থা গড়ে তোলা হয়, যা কার্যকর করা সম্ভব হয়নি। আবার ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে জাইকার ঋণে চারটি ইন্টারসেকশনে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সিগন্যাল স্থাপন করা হলেও সেগুলো কিছুদিন পর অকার্যকর হয়ে পড়ে। ফলে এআইনির্ভর বর্তমান উদ্যোগ স্বস্তির বার্তা দিলেও এর ধারাবাহিকতা ও কার্যকারিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

বাসস
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
ফাইল ছবি

দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন । 

এ ছাড়া কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

গতকাল বুধবার রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এ তথ্য জানান। 

তিনি জানান, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র পেয়েছেন তিনি। পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সহসভাপতি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি ও সহসভাপতি হিসেবে তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক
দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৩টি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।