• ই-পেপার

রপ্তানি আদেশ স্থগিত নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই : প্রেসসচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকা করলে সব দূতাবাস বন্ধ করতে হবে : মন্ত্রী

অনলাইন ডেস্ক
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকা করলে সব দূতাবাস বন্ধ করতে হবে : মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি ভোটের জন্য উপস্থাপনের সময় তারা এ দাবি জানান।

এর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটের যৌক্তিকতা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘ছাঁটাই প্রস্তাব অনুযায়ী আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলি বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। বন্ধ করে দিতে হবে প্রবাসীদের দেওয়া আমাদের সব সেবা। জাতিসংঘের সদস্য হিসেবে বার্ষিক প্রদেয় অর্থ আমরা দিতে পারব না, যার ফলে জাতিসংঘে আমাদের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে।’

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বর্তমানের এই পরিবর্তনশীল এবং ভূ-রাজনৈতিকভাবে জটিল বিশ্বব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশেই তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করে।’

আজকের এই প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের কূটনীতির মূল চালিকাশক্তি এবং লক্ষ্য হচ্ছে—‘সবার আগে বাংলাদেশ’, যার অভূতপূ্র্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া ও চীন সফর। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আমাদের জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

বুধবার দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে : বিপিসি

অনলাইন ডেস্ক
বুধবার দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে : বিপিসি
সংগৃহীত ছবি

বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও বাস্তব যাচাই কার্যক্রমের লক্ষ্যে আগামীকাল বুধবার (১ জুলাই) দেশের সব তেলের ডিপো এবং প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব: ও বিপ:) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বিপিসির আওতাধীন বিভিন্ন কম্পানির প্রধান স্থাপনা ও ডিপোসমূহে জ্বালানি তেলের বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রম বুধবার পরিচালিত হবে। এ লক্ষ্যে ওই দিন চট্টগ্রামস্থ প্রধানস্থাপনাসহ দেশের সব ডিপো ও স্থাপনার বিপণন কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।

তবে এ সময়ে বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, দেশি ও বিদেশি এয়ারলাইনসে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট ডিপোর জেটএ-১ মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম যথাসম্ভব দ্রুত সম্পন্ন করে সরবরাহ কার্যক্রম সচল রাখতে হবে।

এই বার্ষিক সমাপনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট কম্পানিগুলোর প্রধান স্থাপনাসহ সব ডিপোর বিপণন কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে বিপিসি। যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৪০ সদস্যের ‌‌‌‌‌‌‌‌এনসিইসিসি গঠন

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৪০ সদস্যের ‌‌‌‌‌‌‌‌এনসিইসিসি গঠন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৪০ সদস্যের ‌‌‌‌‌‌‌‌‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি (এনসিইসিসি)’ গঠন করা হয়েছে। সোমবার (২৯ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

কমিটিতে স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, পরিকল্পনা, পরিবেশ, ভূমি, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্য, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সদস্য হিসেবে থাকবেন। এ ছাড়া, খাদ্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও কমিটির সদস্য।

এ ছাড়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান, এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক, স্পারসোর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, এফবিসিসিআইয়ের সভাপতি এবং সরকার মনোনীত পরিবেশ ও জলবায়ুবিষয়ক দুজন বিশেষজ্ঞ কমিটির সদস্য থাকবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি জাতীয় পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতীয় পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবে। পাশাপাশি এই কমিটি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয় বিবেচনা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার, সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে কাজ করবে।

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

অনলাইন ডেস্ক
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
সংগৃহীত ছবি

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। আগামী বুধবার থেকে নতুন বাজেট কার্যকর হবে। নতুন বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগসহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে নতুন অর্থবছরের বাজেট পাস করা হয়।

এর আগে গতকাল সোমবার কয়েকটি সংশোধনীসহ অর্থবিল পাস করে জাতীয় সংসদ। সংশোধিত অর্থবিলে করমুক্ত আয়সীমা চার লাখ টাকায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের করপোরেট কর ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও বাদ দেওয়া হয়েছে। অর্থবিল পাসের মধ্য দিয়ে কর ও শুল্ক সংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়েছে।

সোমবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।