• ই-পেপার

এসআই চাকরিপ্রার্থীদের জন্য পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তা

দেশের ১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক
দেশের ১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

দেশের ১৫ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

হজ শেষে ফিরেছেন ৫৮৬৩৯ জন বাংলাদেশি

অনলাইন ডেস্ক
হজ শেষে ফিরেছেন ৫৮৬৩৯ জন বাংলাদেশি

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৪৫ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৪ হাজার ৩২০ জন।

এদিকে হজ পালনে সৌদিতে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে এবং পরে এখন পর্যন্ত মারা গেছেন ৫২ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা যান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা গেছে, ১৮ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২৫ হাজার ৭২৬ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ২০ হাজার ২৮০ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ২৫৩ জন হাজি।

হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৪৫ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭২টি, সৌদি এয়ারলাইনস ৫২টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৫ হাজার ৮৮৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৬৭টি সেবা দেওয়া হয়েছে।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।

হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক
পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

গতকাল বুধবার (১৭ জুন) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী ২ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন : 

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেনকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি), বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারকে খুলনা মেট্রোপলিটন পুলিশে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমিকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে নড়াইল সদর সার্কেলে, ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফকে পুলিশ হেডকোয়ার্টার্সে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমাকে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার রহমানকে রাঙ্গামাটির ১৮ এপিবিএনে, সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহকে চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলে, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার ফারহান-উল-ইমামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস. এম. মাহবুবুল আলমকে সিআইডিতে, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়া লতিফুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শেখ মো. আব্দুর রাজ্জাককে সিআইডিতে বদলি করা হয়েছে।

ঢাকার বায়ুরমান আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে দিল্লি

অনলাইন ডেস্ক
ঢাকার বায়ুরমান আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে দিল্লি

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বিশ্বের শহরগুলোর মধ্যে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তবে একই সময়ে রাজধানী ঢাকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিংয়ে ঢাকার স্কোর ১০২। এ স্কোর বায়ুর মানকে ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করে, যা সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

এ স্কোর অনুযায়ী বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান নবম। বিশেষজ্ঞদের মতে, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন দীর্ঘদিন ধরে রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ভূমিকা রেখে আসছে। ফলে সাময়িক উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে টেকসই উদ্যোগের প্রয়োজনিয়তা এখনো রয়ে গেছে।

এদিকে, একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে থাকা দিল্লির স্কোর ১৮৬। এ ছাড়া, ১৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৩৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১২৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর এবং পঞ্চম অবস্থানে থাকা উগান্ডার রাজধানী কামপালার স্কোর ১২৪।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসাবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।