• ই-পেপার

ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ, কাল থেকে কার্যকর

সোনা ও স্বর্ণালংকারে উৎসে কর ও ভ্যাট কমছে

নিজস্ব প্রতিবেদক
সোনা ও স্বর্ণালংকারে উৎসে কর ও ভ্যাট কমছে

সোনা ও স্বর্ণালংকার সরবরাহে ৫ শতাংশ উৎসে কর কমিয়ে ০.৫০ শতাংশ, এ ছাড়া ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে দুই হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে কমতে পারে আকাশছোঁয়া সোনার দাম। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ ঘোষণা দেবেন।

এই প্রস্তাব কার্যকর হলে দেশে স্বর্ণালংকারের দাম কমতে পারে। সোনা বিক্রিতে বর্তমানে ৫ শতাংশ ভ্যাট দিতে হয়। এতে বর্তমান বাজারমূল্য হিসাব করলে প্রতি ভরিতে ১২-১৩ হাজার টাকা ভ্যাট দিতে হয়। তবে আগামী বাজেটে এই হার প্রতি ভরিতে দুই হাজার ৫০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে প্রতি ভরিতে ১০ হাজার টাকার মতো দাম কমতে পারে। সোনার দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। তবে বাজেট বাস্তবায়িত হলে ভ্যাটের পরিমাণ কমবে।

ব্যবসায়ীদের মতে, নতুন ব্যবস্থা চালু হলে স্বর্ণালংকারের বাজারে স্বচ্ছতা বাড়বে, পাশাপাশি ক্রেতাদের ব্যয়ও কমবে। এরই মধ্যে দেশের বাজারে সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল বুধবার নতুন মূল্য ঘোষণা করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছয় হাজার ৫৯১ টাকা কমিয়ে দুই লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

ব্যবসায়ীরা মনে করছেন, বাজারে সোনার মূল্যের সাম্প্রতিক নিুমুখী প্রবণতার সঙ্গে বাজেটে প্রস্তাবিত ভ্যাট সুবিধা যুক্ত হলে স্বর্ণালংকারের খুচরা দাম আরো কমতে পারে। ফলে সোনা কেনা সাধারণ ক্রেতাদের জন্য তুলনামূলকভাবে সহজ হবে এবং বাজারে লেনদেনও বাড়তে পারে। ভ্যাট ছাড়াও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে উৎসে করের হার। ৫ শতাংশ থেকে কমিয়ে এই হার ০.৫০ শতাংশ করা হয়েছে।

ব্যাংকের টাকার আবগারি শুল্কমুক্ত সীমা ৪ লাখ

নিজস্ব প্রতিবেদক
ব্যাংকের টাকার আবগারি শুল্কমুক্ত সীমা ৪ লাখ

ক্ষুদ্র আমানতকারীদের সঞ্চয়ে উৎসাহিত করতে আগামী বাজেটে ব্যাংকে জমা অর্থের আবগারি শুল্কমুক্ত সীমা চার লাখ টাকা করা হতে পারে। বর্তমানে কোনো গ্রাহকের ব্যাংক হিসাবে বছরে তিন লাখ টাকা পর্যন্ত জমার বিপরীতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। আর তিন লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জমা হলে ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। আগামী বাজেটে ব্যাংকে জমা অর্থ চার লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্কমুক্ত রাখা হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশে মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা তিন কোটি ৭৭ লাখ ১০ হাজার ৬৯১। এর মধ্যে চার লাখ টাকা জমা থাকা অ্যাকাউন্টের সংখ্যা তিন কোটি ৫৮ লাখ ২২ হাজার ৫৮৩। হিসাব অনুযায়ী, মোট অ্যাকাউন্টের মধ্যে ৯৪.৯৯ শতাংশ অ্যাকাউন্টেই চার লাখ টাকা পর্যন্ত জমা রয়েছে। 

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ব্যাংক খাত থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এক লাখ ১২ হাজার কোটি টাকা নেওয়া হবে ব্যাংকিং ব্যবস্থা থেকে। ফলে সরকারের অভ্যন্তরীণ ঋণের প্রধান উৎস হিসেবেই থাকছে ব্যাংক খাত।  

চিকিৎসাসামগ্রী ও ওষুধের দাম কমবে

নিজস্ব প্রতিবেদক
চিকিৎসাসামগ্রী ও ওষুধের দাম কমবে

আগামী বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য, প্রতিবন্ধীসেবা, ক্যান্সার, অটিজম, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া ও সামাজিক কল্যাণে নিয়োজিত ১১টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে সুবিধা। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ ঘোষণা দেবেন।

কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানির ওপর থাকা ৫ শতাংশ আগাম কর প্রত্যাহার হতে পারে। এতে কিডনি রোগীদের প্রতিটি ডায়ালিসিসে খরচ সাশ্রয় হবে প্রায় ৬০০ টাকা। ওষুধ উৎপাদনে ব্যবহৃত ৬৮টি কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব আসতে পারে। ক্যান্সারের ওষুধ তৈরিতে ব্যবহৃত ৯টি কাঁচামাল আমদানিতে দেওয়া হতে পারে কর রেয়াত সুবিধা। এ ছাড়া হার্টের রিং ও চোখের লেন্সের ওপর থাকা ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হতে পারে। শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য আমদানি করা ১৫টি পণ্যের অগ্রিম আয়করের হার ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হতে পারে।

এ ছাড়া এক হাজার ৮০০ সিসি পর্যন্ত হাইব্রিড গাড়ি ও খেজুর আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার, বালাইনাশক উৎপাদনের ৩৬টি কাঁচামালে ভ্যাট প্রত্যাহার, লোশন-ফেস ক্রিম ও ফেস ওয়াশে শুল্ক-কর কমানো, পোলট্রি-ডেইরি ও মৎস্য খাদ্যের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা, বিভিন্ন বাদ্যযন্ত্র আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার, সিনথেটিক ওভেন ফ্যাব্রিকস আমদানিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার, ফ্লোট গ্লাস উৎপাদনের পাঁচটি কাঁচামাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক হ্রাস, সার-কীটনাশকে সাড়ে ৭ শতাংশ ভ্যাট ও কর প্রত্যাহার, প্যাকেজিং পণ্য সরবরাহের ওপর উৎসে করে কমিয়ে ৩ শতাংশ, পরিবহন-ক্যারিং-গাড়ি ভাড়া সেবা খাতে উৎসে কর কমিয়ে ২ ও রিসাইকলড পণ্য ও রিসাইক্লিং কাঁচামালের করহার কমে ১ শতাংশ হতে পারে।

কর্মসংস্থান বাড়াতে ফ্রিল্যান্সার-উদ্যোক্তাদের করমুক্তির সুখবর

নিজস্ব প্রতিবেদক
কর্মসংস্থান বাড়াতে ফ্রিল্যান্সার-উদ্যোক্তাদের করমুক্তির সুখবর

দেশে বিনিয়োগ, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে একগুচ্ছ কর ও শুল্ক সুবিধার প্রস্তাব এনেছে সরকার। বিশেষ করে তরুণ, নারী, প্রতিবন্ধী উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং প্রযুক্তিনির্ভর স্টার্টআপদের জন্য ব্যাপক করছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব করবেন। বাজেটে সরকারের লক্ষ্য মধ্য মেয়াদে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ১৫ শতাংশে উন্নীত করা। এ জন্য একটি ন্যায্য, প্রযুক্তিনির্ভর ও ব্যবসাবান্ধব রাজস্ব কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্মসংস্থানকে বাজেটের কেন্দ্রবিন্দুতে রেখে সরকার আইটি খাতের বাইরে সব ধরনের ফ্রিল্যান্সিং আয়কে করমুক্ত করার প্রস্তাব করেছে। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয়ও করমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এসএমই উদ্যোক্তাদের জন্য ৫০ লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার থেকে অর্জিত আয় করমুক্ত রাখার প্রস্তাবও এসেছে।

ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ, কাল থেকে কার্যকর | কালের কণ্ঠ