বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের পর বাংলাদেশের কোটি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে দেশটির রাষ্ট্রদূত পাওলো এফ. ডি. ফেরেস বলেছেন, ‘ব্রাজিলের হলুদ জার্সি আবার ঝলমল করবে।’
সোমবার (৬ জুলাই) এক বার্তায় বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ফুটবলে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরবতা যেন কথার চেয়েও জোরালোভাবে কিছু বলে। শেষ বাঁশি বাজার পর, বিশ্বজুড়ে লাখ লাখ ব্রাজিলিয়ানের হৃদয় একই রকম হতাশার ভার অনুভব করেছে। আমি জানি, সেই হৃদয়গুলোর অনেকেই এখানে, বাংলাদেশে ছিল।’
রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের জার্সি পরা, পতাকা ওড়ানো, খেলোয়াড়দের জন্য গান গাওয়া এবং অকৃত্রিম আবেগ নিয়ে দলটির পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞ। জাতীয় দলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা ব্রাজিলের মানুষকে গভীরভাবে নাড়া দেয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই পরাজয় কষ্টের। কারণ ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল শুধু একটি খেলা নয়; এটি স্মৃতি, শৈশব, পরিবার, সঙ্গীত, আনন্দ ও আশার প্রতীক। তবে মন ভাঙাও ভালোবাসারই একটি অংশ, আর ব্রাজিল ও ফুটবলের সম্পর্ক বহু দুঃসময় পেরিয়েও অটুট রয়েছে।
রাষ্ট্রদূত জানান, ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের ফুটবল সমন্বয়কারী রদ্রিগো কাইতানোও এই বিদায়কে শেষ নয়, বরং নতুন যাত্রার শুরু হিসেবে দেখছেন। তাদের মতে, নবায়ন, ধৈর্য, অঙ্গীকার এবং ভবিষ্যতের প্রতি আস্থাই ব্রাজিলকে আবারও সাফল্যের পথে ফিরিয়ে নেবে।
বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে তিনি আরো বলেন, ব্রাজিলের দুঃসময় ও সুসময়—উভয় সময়েই বাংলাদেশিরা যেভাবে পাশে থেকেছেন, তা ব্রাজিলের মানুষের জন্য এক মূল্যবান উপহার। ফুটবল যে ভাষা, দূরত্ব ও সীমান্তের গণ্ডি পেরিয়ে মানুষকে এক সুতোয় বেঁধে রাখতে পারে, এই সম্পর্ক তারই প্রমাণ।
বার্তার শেষাংশে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘হলুদ জার্সি আবার ঝলমল করবে। সুর ফিরে আসবে। আনন্দ ফিরে আসবে। আর যখন ব্রাজিল আবার জেগে উঠবে, আমরা তাদের স্মরণ করব, যারা সবচেয়ে কঠিন রাতে আমাদের পাশে দাঁড়িয়েছিল।’
প্রসঙ্গত, রবিবার দিবাগত রাত ভোর রাত ২টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে ২ গোল করে নরওয়েকে এগিয়ে নেন আরলিং হলান্ড। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে নেইমার জুনিয়র একটি গোল করে ব্যবধান কমালেও ম্যাচে আর ফিরতে পারেনি ব্রাজিল। এতেই হেক্সা জয়ের স্বপ্নভঙ্গ হয় সেলেসাওদের।




