বেতন বাড়িয়ে বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির এ ঘটনা ঘটে। এ সময় এক শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, সকালে কার্জন হলের সামনে শিক্ষকরা সমাবেশ করলেও সেখানে একটি গ্রুপ যোগ দিতে পারেনি। পরে তারা শহীদ মিনার এলাকায় এসে অবস্থান নেয়। পরবর্তী সময়ে কার্জন হলের সামনে সমাবেশ করা শিক্ষকরাও তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ করতে থাকে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরিফ সাংবাদিকদের বলেন, শিক্ষকদের আমরা কোনো লাঠি চার্জ করিনি। তবে তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে তারা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর আগে সকালে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে সমাবেশ করে শিক্ষকরা। সেখান থেকে তারা ঘোষণা দেয় যে, ১৩ নভেম্বরের মধ্যে সরকার দাবি মেনে না নিলে তারা প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা বর্জন করে স্কুলে স্কুলে তালা ঝুলিয়ে দেবে।