• ই-পেপার

ভারতীয় গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার

  • গত ১০ বছরে সীমান্তে মারা গেছেন ৩১৯ বাংলাদেশি

৬ রাত যান চলাচলে নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেল

অনলাইন ডেস্ক
৬ রাত যান চলাচলে নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেল
কর্ণফুলী টানেল। ছবি : সংগৃহীত

নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে আগামী ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত রাতে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এ সময় টানেলের একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এসময় প্রয়োজন অনুযায়ী পতেঙ্গা থেকে আনোয়ারা অথবা আনোয়ারা থেকে পতেঙ্গা অভিমুখী একটি টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে উভয় দিকের যান চলাচল অব্যাহত রাখা হবে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ চলাকালে যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনকে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এ সময়ে টানেল ব্যবহারকারী চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত দুই দেশের সরকারপ্রধান : মাহদী আমিন

অনলাইন ডেস্ক
বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত দুই দেশের সরকারপ্রধান : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ‘মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য। বাণিজ্য সম্প্রসারণসহ ৯টি বিষয়ে সম্পর্ক জোরদার করার বিষয়ে দুই দেশের সরকারপ্রধান একমত হয়েছেন।’

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় যৌথ ব্রিফিংয়ের পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে আলোচনায় শ্রমবাজার খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি অভিবাসন ব্যয় কমানোর আহ্বানও জানান তিনি।’

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়া কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সহযোগিতায় দুই দেশের শীর্ষ নেতা ইতিবাচক আলোচনা করেছেন।’

মাহদী আমিন বলেন, ‘এ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তারেক রহমানের প্রথম এই মালয়েশিয়া সফর দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

অনলাইন ডেস্ক
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
মো. বদিউজ্জামান তপাদার।

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার। আজ সোমবার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

গণ অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্টে মাসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে মো. বদিউজ্জামান তপাদারকে নিয়োগ দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদানের পর থেকে তিনি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য সচেষ্ট ছিলেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি পত্রে বলেছেন, বর্তমানে আমার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র দাখিল করলাম।

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

অনলাইন ডেস্ক
পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

রাজনৈতিক কারণে পদোন্নতি, পদায়ন বঞ্চিত এবং অকালীন অবসরপ্রাপ্ত কর্মকতাদের আবেদন যাচাইয়ে কমিটি করেছে সরকার। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে হয়রানির শিকার এসব কর্মকর্তার আবেদন যাচাই করবে কমিটি।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সর্বোচ্চ এক মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি, অর্থবিভাগের একজন প্রতিনিধি এবং আইন ও বিচারবিভাগের একজন প্রতিনিধি। প্রতিনিধিদের পদমর্যাদা যুগ্মসচিবের নিচে হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কমিটি আবেদনকারীদের দাখিল করা তথ্য ও নথিপত্র যাচাই-বাছাই করে রাজনৈতিক কারণে পদোন্নতি ও পদায়ন বঞ্চনার অভিযোগের সত্যতা পর্যালোচনা করবে। তবে যেসব বিষয়ে আদালতের সুস্পষ্ট আদেশ রয়েছে, সেসব বিষয় কমিটির কার্যপরিধির বাইরে থাকবে।

কমিটির সদস্যরা সুপিরিয়র সিলেকশন বোর্ডের সদস্যদের মতো প্রতি সভার জন্য সমপরিমাণ সম্মানি পাবেন।

ভারতীয় গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার | কালের কণ্ঠ