ইসরায়েলের কারাগারে থাকার ফিলিস্তিনি বন্দী অজ্ঞাত কারণে মারা গেছেন। ফিলিস্তিনি বন্দীদের আইনী সহায়তা বিষয়ক দুটি সংগঠন এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। দ্য প্রিজনারস কমিশন ও দ্য প্যালেস্টাইন প্রিজনারস সোসাইটি (পিপিএস) জানায়, পশ্চিম তীরের কালকিলয়া শহরের বাসিন্দা মাহের দিব সাসা (৪৫) গত বুধবার তেলআবিব শহরের রিমনিম কারাগারে মারা গেছেন। মাহের দিব সাসা ছয় সন্তানের জনক। গত মঙ্গলবার তাঁকে করোনার টিকা প্রদান করা হয়। দীর্ঘমেয়াদী নানান রোগে আক্রান্ত ছিলেন তিনি। এরপরই তিনি মারা যান। এক বিবৃতিতে বলা হয়, ‘তাঁর মৃত্যু সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। তাঁর বিষয়টি দেখা হবে এবং মৃত্যুর কারণ নিরীক্ষা করা হবে।’ বন্দীদের অধিকার বিষয়ক সংগঠন দুটি সাসার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে। ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের যেকোনো বিষয়ে কারা কর্তৃপক্ষ দায়ী থাকবে। অবশ্য বন্দীর মৃত্যুর বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি ইসরায়েল কর্তৃপক্ষ। ২০০৬ সাল থেকে সাসা কারাগারে বন্দী। তাঁকে ২৬ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। করোনা মহামারি প্রাদুর্ভাবের পর ইসরায়েলের কারাগারে থাকা ২৯০ জন ফিলিস্তিনি বন্দী করোনায় আক্রান্ত হয়েছেন। ১৯৬৭ সাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলের কারাগারে ২২৭ জন ফিলিস্তিনি বন্দী মারা গেছেন। ইসরায়েলের কারাগারে প্রায় চার হাজার চার শ ফিলিস্তিনি আটক আছে। এদের মধ্যে ৪১ জন নারী ও ১৭০ জন শিশুও বন্দী আছে। সূত্র : আল জাজিরা