• ই-পেপার

বাংলাদেশ বিমান বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ যন্ত্রসংগীত পরিবেশনা

ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ২১০৪ মামলা

অনলাইন ডেস্ক
ট্রাফিক আইন লঙ্ঘন : ডিএমপিতে ২১০৪ মামলা
সংগৃহীত ছবি

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১০৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৪টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ১১টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৯১টি, লালবাগ বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ১৭টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি, মতিঝিল বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি, ওয়ারী বিভাগে ৭০টি বাস, ৪৫টি ট্রাক, ৬৩টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১৭৩টি মোটরসাইকেলসহ মোট ৫৫২টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি, মিরপুর বিভাগে ৬টি বাস, ৭টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি, ১২৭ টি মোটরসাইকেলসহ মোট ২০২টি, উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজি ও ১৬১টি মোটরসাইকেলসহ মোট ৪১৫টি, গুলশান বিভাগে ৬৭টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ৫৭৪টি গাড়ি ডাম্পিং ও ৩৩৭টি গাড়ি রেকার করা হয়েছে।
 

চকবাজারে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
চকবাজারে প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর চকবাজারে প্লাস্টিকের কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে এমদাদুল হক (২৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এমদাদুলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টায় মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এমদাদুলের সহকর্মী বিপ্লব বলেন, তারা সোয়ারীঘাট এলাকার একটি প্লাস্টিকের কারখানায় কাজ করেন। সেখানে কাজের সময় মেশিন চালু করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন এমদাদুল। খবর শুনে সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, তিনজন আটক

অনলাইন ডেস্ক
আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, তিনজন আটক
বিএনপি নেতা বাদশা

রাজধানীর আদাবরে সালিসি বৈঠক শেষে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) আদাবরের নবোদয় হাউজিং থেকে তাদের আটক করা হয়। তারা হলেন শোয়েব, আরমান ও নয়ন।

নিহত আবুল বাসার বাদশা আদাবর থানা ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। একই ঘটনায় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন আহত হয়েছেন।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

জানা গেছে, বিশ্বকাপ খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিসি বৈঠক হয়। বৈঠক শেষে সাদ্দাম ও বাদশা সেখান থেকে চলে যাচ্ছিলেন। এ সময় পথের মধ্যে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বাদশার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ইউনিট সভাপতি সাদ্দাম সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

পয়োবর্জ্যের অবৈধ নিষ্কাশন বন্ধে ডিএনসিসির যৌথ কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
পয়োবর্জ্যের অবৈধ নিষ্কাশন বন্ধে ডিএনসিসির যৌথ কর্মপরিকল্পনা

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় নিরাপদ ও টেকসই পয়োবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সোসাইটি, ঢাকা ওয়াসা ও ডিএনসিসির অংশগ্রহণে একটি সমন্বয় সভা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বারিধারা সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি ও নিকেতন সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ডিএনসিসি এবং ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ঢাকা শহরের কিছু এলাকায় ঢাকা ওয়াসার পয়োনিষ্কাশন (সুয়ারেজ) ব্যবস্থা থাকলেও অনেক এলাকায় এখনো সেপটিক ট্যাংকের ওপর নির্ভর করতে হয়। কিন্তু বাস্তবে বহু স্থানে পয়োবর্জ্য সরাসরি লেক, খাল ও অন্যান্য জলাশয়ে সংযুক্ত করা হয়েছে। এতে পরিবেশ দূষণ, জনস্বাস্থ্য ঝুঁকি, মশার বংশবিস্তার এবং জলাবদ্ধতার মতো সমস্যা বাড়ছে।

এ প্রেক্ষাপটে ডিএনসিসির প্রশাসক গুলশান, বনানী ও বারিধারা লেকসহ সব জলাধারে পয়োবর্জ্যের অবৈধ নিষ্কাশন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বারিধারা, গুলশান, বনানী ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা প্রশাসকের সঙ্গে একমত পোষণ করেন এবং সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় আরো জানানো হয়, নিরাপদ পয়োবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২০২৩ সালের ১০ অক্টোবর ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার মধ্যে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) সই হয়। ওই সমঝোতার ভিত্তিতেই ডিএনসিসি এলাকায় পরিকল্পিতভাবে সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচিত পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাইয়ের জন্য পরীক্ষামূলকভাবে আগামী দুই মাস ড্রাই-রান কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষামূলক এ কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর কারিগরি সক্ষমতা, সেবার মান এবং কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়ন করা হবে। সফলভাবে ড্রাই-রান সম্পন্ন হলে পর্যায়ক্রমে ডিএনসিসির আওতাধীন এলাকায় পূর্ণাঙ্গ সিডিউল ডিস্লাজিং কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে পয়োবর্জ্য ব্যবস্থাপনা আরো আধুনিক ও পরিবেশবান্ধব হবে। একই সঙ্গে জলাশয় দূষণ কমবে, মশার প্রজনন নিয়ন্ত্রণে আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।