• ই-পেপার

পদপিষ্ট কাণ্ডে আদালতে হাজিরা এড়ালেন আল্লু অর্জুন

আইসিইউতে মনির খানের মা

বিনোদন প্রতিবেদক
আইসিইউতে মনির খানের মা
সংগৃহীত ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের মা মনোয়ারা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে তীব্র ব্যথা অনুভব করার পর প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী।

মায়ের অসুস্থতার বিষয়ে গণমাধ্যমে মনির খান বলেন, ‘আম্মা গতকাল (২০ জুন) সন্ধ্যার দিকে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেছিলেন। এরপর আমার ছোট ভাইরা বাড়ির পাশের হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলেন, এখন যশোর নিয়ে যান। পরে সেখানে নিয়ে গেলে আইসিইউতে ভর্তি করা হয়।’

প্রথমদিকে পরিবারের সদস্যরা হার্ট অ্যাটাকের আশঙ্কা করলেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, এটি হৃদ্‌রোগজনিত সমস্যা নয়। বরং শরীরের অভ্যন্তরীণ সংক্রমণের কারণেই এই ব্যথা দেখা দিতে পারে।

মনির খান বলেন, ‘আমার মনে হয়েছিল তিনি কার্ডিয়াক অ্যাটাক করেছেন। আজ বিকেল ৪টার দিকে রিপোর্টগুলো পাওয়ার পর ডাক্তাররা বোর্ড বসিয়ে দেখেছেন, তিনি কার্ডিয়াক অ্যাটাক করেননি। শরীরের ভেতরে কোনো ইনফেকশনের কারণে ব্যথা উঠতে পারে। পাশাপাশি তাঁর রক্তচাপও অনেক নিচে নেমে গিয়েছিল।’

মায়ের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে আশাবাদী এই গায়ক। তিনি বলেন, ‘সেখানে চিকিৎসার পরে তাঁর বেশ উন্নতি হয়েছে। আশা করছি তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।’

মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মনির খান। তার ভাষায়, ‘আম্মার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।’

এর আগে রবিবার (২১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি অসুস্থতার খবর জানান। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমার গর্ভধারিণী মা অসুস্থ হয়ে আইসিইউতে।’

জমি বিরোধে পঙ্কজ ত্রিপাঠির ভাইয়ের ওপর নৃশংস হামলা

বিনোদন ডেস্ক
জমি বিরোধে পঙ্কজ ত্রিপাঠির ভাইয়ের ওপর নৃশংস হামলা
সংগৃহীত ছবি

বিহারের পৈতৃক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বড় ভাই বিজেন্দ্রনাথ তিওয়ারির ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। লাঠি ও লোহার রড দিয়ে চালানো ওই হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে বিহারের গোপালগঞ্জ জেলার বারৌলি থানার অন্তর্গত বেলসান্দ গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই স্থানীয় কয়েকজনের সঙ্গে বিজেন্দ্রনাথ তিওয়ারির জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোপালগঞ্জ মডেল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে পাটনার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার বিনয় তিওয়ারির নির্দেশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত এক প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার বিনয় তিওয়ারি সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিযুক্তদের একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ জমা পড়লে সেই অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ ও এতে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও অব্যাহত রয়েছে।

‘কেন, আপনি কি আমার মামা?’

বিনোদন ডেস্ক
‘কেন, আপনি কি আমার মামা?’
সংগৃহীত ছবি

বর্তমানে আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। সম্প্রতি মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার সময় বিমানবন্দরে তাকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। কালো শার্ট ও কালো প্যান্ট পরা অভিনেতাকে দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয়, তিনি কোথায় যাচ্ছেন।

জবাবে অক্ষয় মুচকি হেসে বলেন, ‘কেন, আপনি কি আমার মামা?’

অভিনেতার এমন তাৎক্ষণিক উত্তর শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। পরে অবশ্য তিনি জানান, আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নিতেই দিল্লি যাচ্ছেন।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় নানা প্রতিক্রিয়া। একজন মন্তব্য করেন, ‘হেরাফেরি সিনেমার রাজুর কথা মনে পড়ে গেল।’ আরেকজন লেখেন, ‘অক্ষয় আর তাঁর কথা দুটোই অতুলনীয়।’ তৃতীয় একজনের ভাষ্য, ‘কমেডি ওঁর রক্তে রয়েছে।’

এদিকে অক্ষয় এখন অপেক্ষায় রয়েছেন ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ মুক্তির। আহমেদ খান পরিচালিত ছবিটি জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। এতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, ফরিদা জালাল, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, রাজপাল যাদব, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, দালের মেহেন্দি ও আফতাব শিবদাসানিসহ আরও অনেকে। 

ফিরোজ নাদিয়াদওয়ালা ও কেপ অব গুড ফিল্মস প্রযোজিত সিনেমাটি আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া অক্ষয়ের হাতে রয়েছে প্রিয়দর্শন পরিচালিত ‘হায়ওয়ান’। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে অক্ষয় ও সাইফকে। বর্তমানে ছবিটি পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

বানসালির শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মীর মৃত্যু

বিনোদন ডেস্ক
বানসালির শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মীর মৃত্যু
সংগৃহীত ছবি

বলিউডের আলোচিত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। 

এ ঘটনায় প্রযোজনা সংস্থা মৃত কর্মীর পরিবারকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিলেও সেই অঙ্ক বাড়িয়ে ৫০ লাখ রুপি করার দাবি তুলেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ জুন মুম্বাইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম স্টুডিওতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ৪২ বছর বয়সি কাঠমিস্ত্রি চন্দ্রধারী সিং যাদব। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় একই সেটে অভিনেত্রী আলিয়া ভাটের শুটিং চলছিল বলেও জানা গেছে।

এই ঘটনার পর বানসালি প্রোডাকশনস যাদবের পরিবারের জন্য ৪০ লাখ রুপি ক্ষতিপূরণের প্রস্তাব দেয়। তবে এফডব্লিউআইসিই মনে করছে, পরিবারের দীর্ঘমেয়াদি নিরাপত্তার কথা বিবেচনা করলে এই অর্থ যথেষ্ট নয়। বিশেষ করে যাদবের অল্পবয়সি দুই কন্যার পড়াশোনা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে ক্ষতিপূরণের পরিমাণ অন্তত ৫০ লাখ রুপি হওয়া উচিত।

এফডব্লিউআইসিই-এর সভাপতি বি. এন. তিওয়ারি বলেন, ‘আমরা চাই ক্ষতিপূরণের পরিমাণ ৫০ লাখ রুপি করা হোক। তাঁর সন্তানরা এখনও খুব ছোট, তাদের পড়াশোনা ও ভবিষ্যতের জন্য পরিবারের আর্থিক সহায়তা প্রয়োজন। পাশাপাশি আমরা সেটে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মীদের কাজের সময়সীমা নিয়ন্ত্রণের দাবিও জানিয়েছি। তিনি একজন দক্ষ টেকনিশিয়ান ছিলেন। এভাবে তাঁর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’

সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি জানানো হয়েছে, যাদবের স্ত্রীকে বানসালি প্রোডাকশনসে একটি চাকরি দেওয়া হোক, যাতে পরিবারটির নিয়মিত আয়ের একটি উৎস তৈরি হয়। তবে এসব দাবির বিষয়ে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং পুরোদমে চলছে। ‘সাওয়ারিয়া’র পর এই সিনেমার মাধ্যমে আবারও রণবীর কাপুরের সঙ্গে কাজ করছেন সঞ্জয় লীলা বানসালি। ছবিতে আরও অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। বড় বাজেটের এই প্রজেক্টটি ইতোমধ্যেই বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমায় পরিণত হয়েছে।

উল্লেখ্য, ছবিটির মুক্তির তারিখ একাধিকবার পরিবর্তন করা হয়েছে। প্রাথমিকভাবে ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও বর্তমানে সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।