• ই-পেপার

দিল্লিতে ভাই-বোন হত্যাকাণ্ডের ঘটনা ওটিটিতে নতুন করে আলোচনায়

রাহুলের মৃত্যুর তদন্তে এবার নতুন মোড়

বিনোদন ডেস্ক
রাহুলের মৃত্যুর তদন্তে এবার নতুন মোড়
সংগৃহীত ছবি

ওপার বাংলার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি দেখা যাচ্ছে। ঘটনার প্রায় আড়াই মাস পর মামলার তদন্তভার পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সাম্প্রতিক এক প্রশাসনিক বৈঠকের পর এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলাটি সিআইডির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে।

এর আগে রাহুলের মৃত্যুর ঘটনায় ওডিশা সরকার একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে তদন্ত শুরু করে। সেই তদন্তের সঙ্গে সমন্বয় রেখে পশ্চিমবঙ্গ প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনকে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত সিআইডির কাছে হস্তান্তরের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে চাপ বাড়তে থাকে। একই সঙ্গে শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তাব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।

সংগঠনটি অভিযোগ করেছে, শুটিং চলাকালে নিরাপত্তা বিধিতে ঘাটতি এবং নিয়ম লঙ্ঘনের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে।

জানা গেছে, এআইসিডব্লিউএর কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি শুটিং সেটে কোনো ধরনের অবহেলা, গাফিলতি বা নিরাপত্তা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে ওডিশা সরকারের গঠিত এসআইটি।

তদন্তে সিআইডির সম্পৃক্ততা রাহুলের মৃত্যুর রহস্য উদঘাটনে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন তদন্তের পরবর্তী অগ্রগতির দিকেই নজর রয়েছে পরিবার, সহকর্মী এবং ভক্তদের।

ফুটবল মাঠ থেকে এবার অভিনয়ে জামাল ভূঁইয়া

বিনোদন প্রতিবেদক
ফুটবল মাঠ থেকে এবার অভিনয়ে জামাল ভূঁইয়া
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার হাজির হচ্ছেন একেবারে নতুন ভূমিকায়। ফুটবল মাঠের পরিচিত মুখ এবার অভিনয় জগতে পা রাখলেন। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নির্মিত ‘ব্রাজেন্টিনা’ নামের একটি সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

সোমবার (১৫ জুন) রাজধানীর কলাবাগানের একটি মাঠে শুরু হয়েছে সিরিজটির শুটিং। বিশ্বকাপ উপলক্ষে সিরিজটি নির্মাণ করছেন তারিক মুহাম্মাদ। 

‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করছেন তাসনুভা তিশা ও লামিমা লাম। বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা থাকলেও এটিই তাঁর প্রথম অভিনয়।

অভিনয় প্রসঙ্গে জামাল ভূইয়া বলেন, ‘শুরুতে না করেছি, বলেছি পারব না। এরপরও পরিচালক বারবার চেষ্টা করেছেন। চার বছর আগেও একবার করতে চেয়েছিলেন। কিন্তু ওই সময়ে আমার সময় ছিল না। এবার আবার তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। আমাকে কনভিন্স করেছেন, সাহসও দিয়েছেন। আমাকে বলেছেন, আমিনুল ভাই, আশরাফুল ভাইকে নিয়ে কাজ করেছেন- এসব শুনে একটু আশ্বস্ত হয়েছি। পরিচালকের আগের কাজগুলো দেখেছি। পরে আশরাফুল ভাইয়ের সঙ্গে আলাপ করেছি- তিনি বলেছেন, করেন করেন। আমিও ভাবলাম, দেখি চেষ্টা করে।’

অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে শুটিংয়ের পুরো ব্যাপারটা ম্যাজিক্যাল মনে হচ্ছে। বিজ্ঞাপনচিত্রে কাজ করছি, সেটা আলাদা। কিন্তু অভিনয়ের ব্যাপারটা একেবারে অন্য রকম, সহজ নয়। নাটকে যাদের সঙ্গে অভিনয় করছি, তারা সবাই পেশাদার। এরপরও অভিনয়টা উপভোগ করছি, কিন্তু একটু মুশকিলই মনে হচ্ছে।’

কলাবাগানের মাঠের সঙ্গে নিজের আবেগের সম্পর্কের কথাও জানান জাতীয় দলের এই অধিনায়ক। তাঁর কথায়, ‘এই মাঠে ক্যারিয়ার শুরু করেছি। সেই মাঠেই এখন শুটিং করছি।’

৮ পর্বের এই সিরিজে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ। আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘ব্রাজেন্টিনা’ প্রচার হবার কথা রয়েছে।

তিন দশক পর আধুনিক গানে ফিরছেন ফেরদৌস আরা

বিনোদন প্রতিবেদক
তিন দশক পর আধুনিক গানে ফিরছেন ফেরদৌস আরা
সংগৃহীত ছবি

নজরুলসংগীতের জনপ্রিয় শিল্পী ফেরদৌস আরা দীর্ঘদিন ধরেই শ্রোতাদের কাছে পরিচিত একটি নাম। তবে নজরুলসংগীতের পাশাপাশি বিভিন্ন সময়ে আধুনিক গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এবার প্রায় ৩১ বছর পর নতুন একটি আধুনিক গানের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই গুণী শিল্পী।

তিনি বলেন, ‘১৯৭২ সালে বিটিভিতে অডিশন দিয়ে নজরুল ও আধুনিক—দুই বিভাগেই তালিকাভুক্ত হয়েছিলাম; কিন্তু আব্বা চাইতেন না আমি আধুনিক গান নিয়ে এগোই। তাই নজরুলসংগীত নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছিলাম। তবে বিভিন্ন সময় অনুরোধে আধুনিক গান গেয়েছি—চলচ্চিত্রে, নাটকে এবং বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে। ১৯৯৫ সালে একটি আধুনিক গানের অ্যালবামও করেছিলাম। ভারতের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এইচএমভি থেকে প্রকাশিত অ্যালবামটির নাম ছিল ‘মনের পাখি কথা কয়’। এরপর অনেক বছর কেটে গেছে, আর কোনো আধুনিক গানের অ্যালবাম করা হয়নি। মাসখানেক আগে “আহা কী সুন্দর ঘুড়ি” নামে একটি আধুনিক গান রেকর্ড করার সময় হঠাৎ মনে হলো, নতুন করে আধুনিক গানের একটি অ্যালবাম করা যায়। সেই ভাবনা থেকেই কাজ শুরু করি।’

শিল্পী জানান, নতুন অ্যালবামের সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘প্রেম’। যদিও প্রকাশের আগে নাম পরিবর্তনের সুযোগ রয়েছে। অ্যালবামটিতে মোট ১০টি গান রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে পাঁচটি গানের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি গানগুলোর কাজও দ্রুত শেষ করার প্রস্তুতি চলছে।

ফেরদৌস আরার ভাষ্য অনুযায়ী, নতুন প্রজন্মের শ্রোতাদের রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়েই গানগুলোর কথা ও সুর তৈরি করা হচ্ছে। শুধু অডিও অ্যালবাম নয়, প্রতিটি গানের জন্য আলাদা মিউজিক ভিডিও নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। 

জানা গেছে, ধাপে ধাপে ভিডিওগুলো প্রকাশের পাশাপাশি অ্যালবামটি ডিজিটাল অডিও প্ল্যাটফর্মেও উন্মুক্ত করা হবে।

লর্ড অব দ্য রিংসের নতুন সিনেমায় যুক্ত হলেন আনিয়া টেলর-জয়

অনলাইন ডেস্ক
লর্ড অব দ্য রিংসের নতুন সিনেমায় যুক্ত হলেন আনিয়া টেলর-জয়
সংগৃহীত ছবি

হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজি ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর নতুন সিনেমা ‘দ্য হান্ট ফর গোল্লাম’-এ যোগ দিয়েছেন জনপ্রিয় তারকা আনিয়া টেলর-জয়। নিউ লাইন ও ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত এই সিনেমাটিতে তিনি সিন্ডার এলফ ‘সেরেন’ চরিত্রে অভিনয় করবেন, যাকে রাজা থ্রানডুইলের একজন বিশ্বস্ত ও মারাত্মক প্রতিনিধি হিসেবে বর্ণনা করা হয়েছে। 

এই সিনেমাটি পরিচালনা করার পাশাপাশি বিখ্যাত ‘গল্লাম’ চরিত্রে অভিনয় করবেন অ্যান্ডি সার্কিস। তার সঙ্গে পুরনো জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে ফিরছেন ইয়ান ম্যাককেলান (গ্যান্ডালফ), এলাইজা উড (ফ্রোডো) ও লি পেস (রাজা থ্রানডুইল)। নতুন যুক্ত হওয়া কলাকুশলীদের মধ্যে আনিয়া টেলর-জয় ছাড়াও রয়েছেন কেট উইন্সলেট, জেমি ডর্নান, লিও উডাল।

ওয়ার্নার ব্রোস ২০২৭ সালের ১৭ ডিসেম্বর বিশ্বব্যাপী ‘দ্য লর্ড অব দ্য রিংস : দ্য হান্ট ফর গল্লাম’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে। সিনেমার গল্পটি আবর্তিত হবে মূল ট্রিলজির প্রথম পর্ব ‘দ্য ফেলোশিপ অব দ্য রিং’য়ের আগের বছরগুলোর ঘটনা নিয়ে, যেখানে নাম ভূমিকায় থাকা হবিটকে (গল্লাম) খুঁজে বের করার কাহিনি তুলে ধরা হবে। অস্কারজয়ী পরিচালক পিটার জ্যাকসন এই সিনেমায় প্রযোজক হিসেবে থাকছেন।

ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে আনিয়া টেলর-জয়ের এটি তৃতীয় বড় কাজ। এর আগে তিনি এই প্রযোজনা সংস্থার অধীনে ‘ফিউরিওসা’ এবং ‘ডুন’ সিনেমায় অভিনয় করেছেন। ২০২৭ সালের ডিসেম্বরে এই সিনেমাটি মুক্তির পাশাপাশি তার আরেকটি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডুন : পার্ট থ্রি’ মুক্তি পাবে।

গত দুই দশকে ‘লর্ড অব দ্য রিংস’ এবং ‘দ্য হবিট’ সিরিজের মুক্তি পাওয়া ছয়টি চলচ্চিত্র বিশ্বব্যাপী প্রায় ৬ বিলিয়ন ডলার আয় করেছে। নতুন এই চলচ্চিত্রটি সেই গৌরবময় ঐতিহ্যকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন নির্মাতারা। ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী আরেকটি সিনেমা ‘দ্য লর্ড অব দ্য রিংস : শ্যাডো অব দ্য পাস্ট’ নিয়েও ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।