আবারও আইনি জটিলতায় পড়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। একাধিক ভোটার আইডি থাকার অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বেঙ্গালুরুর একটি আদালত।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, বেঙ্গালুরুর ৪৮তম অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত বারবার সমন পাঠানোর পরও প্রকাশ রাজ হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করেন।
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, তিনি বিচারিক নির্দেশের জবাব দেননি এবং নির্ধারিত সময়েও আদালতে উপস্থিত হননি।

এই মামলার সূত্রপাত ২০১৯ সালে। সে সময় আইনজীবী দিলীপ কুমার বেঙ্গালুরুর হালাসুরু গেট থানায় অভিযোগ করেন, প্রকাশ রাজ একই সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। অথচ ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন নাগরিক কেবল একটি স্থানেই ভোটার হিসেবে নিবন্ধিত থাকতে পারেন।
তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন প্রকাশ রাজ। তাঁর দাবি, তিনি শুধু তামিলনাড়ু থেকেই ভোট দেন এবং একাধিক ভোটার আইডি থাকার অভিযোগ সত্য নয়।
জানা গেছে, পরোয়ানার বিরুদ্ধে স্থগিতাদেশ কিংবা জরুরি জামিনের আবেদন জানাতে তাঁর আইনজীবীরা উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন।
সম্প্রতি কর্ণাটকের ধর্মস্থলাকে ঘিরে আলোচিত এক মামলাতেও প্রকাশ রাজের নাম উঠে আসে। ‘একাধিক হত্যা, ধর্ষণ ও গোপনে দাফনের’ অভিযোগকারী সি. এন. চিন্নাইয়া কর্ণাটক হাইকোর্টে করা রিট আবেদনে অভিনেতার নাম উল্লেখ করেন।
এ বিষয়ে সাংবাদিকদের সামনে প্রকাশ রাজ বলেন, ‘একজন কর্মী আমার সঙ্গে যোগাযোগ করে জানান, চিন্নাইয়া আমার সঙ্গে কথা বলতে চান। একজন নাগরিক হিসেবে আমি সঙ্গে সঙ্গে বিশেষ তদন্ত দলের প্রধান প্রণব মোহান্তিকে বিষয়টি জানিয়েছি। এটাই আমার দায়িত্ব ও জবাবদিহি।’
তিনি আরো বলেন, ‘হ্যাঁ, তিনি আমার সঙ্গে কথা বলেছেন। আর সেই তথ্য আমি সঙ্গে সঙ্গেই এসআইটি প্রধানকে দিয়েছি। বিষয়টি এখানেই শেষ।’
এদিকে আইনি জটিলতার মধ্যেও অভিনয়ে ব্যস্ত রয়েছেন প্রকাশ রাজ। সম্প্রতি তিনি তামিল ছবি ‘কালিদাস ২’-এ অভিনয় করেছেন। সামনে তাঁর হাতে রয়েছে হিন্দি ছবি ‘দৃশ্যম ৩’, তেলুগু সিনেমা ‘স্পিরিট’, ‘ডাকয়েত: আ লাভ স্টোরি’, ‘বারাণসী’ এবং তামিল ছবি ‘জনা নায়াগান’-সহ একাধিক প্রজেক্ট।






