• ই-পেপার

‘সুশান্তকে খুন করা হয়েছে’, দাবি সালমানের প্রাক্তন প্রেমিকার

তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন প্রবীণ অভিনেতা

বিনোদন ডেস্ক
তারেক রহমানের কাছে ১০০টি নারকেলগাছ চাইলেন প্রবীণ অভিনেতা
সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন প্রবীণ অভিনেতা কাজী উজ্জ্বল। শারীরিক অবস্থার অবনতির কারণে প্রায় গৃহবন্দি জীবন কাটাচ্ছেন তিনি। কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত এক বছর ধরে তার শারীরিক অবস্থা আরো জটিল হয়ে উঠেছে। 

এমন পরিস্থিতিতে একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি দাবি জানিয়েছেন এই অভিনেতা।

ভিডিও বার্তায় কাজী উজ্জ্বল দাবি করেন, ১৯৭৯ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে খাল কাটা কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন। সেই স্মৃতির কথা উল্লেখ করে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ব্যক্তিগত আর্থিক সহায়তা নয়, বরং ১০০টি হাইব্রিড জাতের নারকেলগাছের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান। 

বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ভিডিওতে কাজী উজ্জ্বল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোনো শিল্পী হিসেবে আপনাকে কিছু বলছি না। এটা আমার দাবি। আপনার বাবার সঙ্গে ’৭৯-তে আমি খাল কেটেছি। তখন আমি স্কুলের ছাত্র। সেই দাবি নিয়ে বলছি। আমি বাংলাদেশে প্রায় সব নায়কের বাবার চরিত্রে অভিনয় করেছি। আমি আজ এক বছর ধরে অসুস্থ।’

তিনি আরো বলেন, ‘মৃত্যুর পূর্বে আমি কোনো সাহায্য চাই না। আমার মনে একটাই আশা, আমাকে ১০০টি হাইব্রিড জাতের নারকেলগাছের ব্যবস্থা করে দেবেন। জনগণের জন্য। মরার আগে আমি ১০০টি গাছ লাগাতে চাই। পৃথিবীর কাছে ঋণ শোধ করব।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করছেন, ব্যক্তিগত আর্থিক সহায়তার পরিবর্তে জনগণ ও পরিবেশের কল্যাণে গাছ লাগানোর ইচ্ছা প্রকাশ করে কাজী উজ্জ্বল একটি ব্যতিক্রমী বার্তা দিয়েছেন। এ কারণে তার উদ্যোগের প্রশংসাও করছেন অনেকে।

অভিনয়ে আসার আগে কাজী উজ্জ্বল শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। আশির দশকে চাকরি ছেড়ে অভিনয়জগতে পা রাখেন তিনি। ১৯৮৫ সালে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের হাত ধরে মঞ্চনাটকে তার যাত্রা শুরু হয়। পরে নব্বইয়ের দশকের শুরুতে বিটিভির জন্য নির্মিত ‘সুপ্রভাত ঢাকা’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন।

দীর্ঘ অভিনয়জীবনে তিনি পাঁচ থেকে ছয় শ নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তীতে প্রায় ১৫টি চলচ্চিত্রে অভিনয় করে দেশের নাটক ও চলচ্চিত্রাঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন এই অভিনেতা।

আবারও পরিচালনায় মৌসুমী, আসছে নতুন সিনেমা

বিনোদন প্রতিবেদক
আবারও পরিচালনায় মৌসুমী, আসছে নতুন সিনেমা
সংগৃহীত ছবি

দীর্ঘ ১০ বছরের বিরতির পর আবারও নির্মাতার আসনে ফিরলেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। তার পরিচালনায় নির্মিত নতুন চলচ্চিত্র ‘বিচ্ছেদ বেদনা’ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে অনাপত্তি সনদ পেয়েছে। ফলে সিনেমাটির মুক্তির প্রস্তুতি শুরু হয়েছে।

জানা গেছে, মনোস্তাত্ত্বিক গল্পনির্ভর এই সিনেমার নির্মাণকাজ করোনাকালেই সম্পন্ন করেন মৌসুমী। এতে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস ও আবদুন নূর সজল। 

বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন তাঁর স্বামী অভিনেতা ওমর সানী। তিনি বলেন, ‘ছবিটির কাজ বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল। প্রযোজক সাংবাদিক আবদুর রহমানের নাম দেখেই বিষয়টি মনে পড়ে। মৌসুমীর সঙ্গে কথা বলে জেনেছি, তখন ছবির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছিল। পরবর্তী সময়ে বাকি অংশের কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এটি মৌসুমীর পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা।’

এর আগে ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। প্রায় এক দশক পর ‘বিচ্ছেদ বেদনা’র মাধ্যমে তিনি আবারও পরিচালনায় সক্রিয় হলেন। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের কাজের পরিধি বাড়িয়ে চলেছেন এই জনপ্রিয় তারকা।

পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও রয়েছে মৌসুমীর সম্পৃক্ততা। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরিবের রানী’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রযোজকের ভূমিকায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘আবার আমি এতিম হতে চাই’ শিরোনামের একটি চলচ্চিত্রও প্রযোজনা করেছেন তিনি।

এদিকে ‘বিচ্ছেদ বেদনা’ অনাপত্তি সনদ পাওয়ার পর চলচ্চিত্রটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে ঘোষণা এখনো আসেনি।

‘কাট’ বলার পরও থামেননি সহ-অভিনেতা, হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
‘কাট’ বলার পরও থামেননি সহ-অভিনেতা, হেনস্তার অভিযোগ অভিনেত্রীর
সংগৃহীত ছবি

ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং সেটে এক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া বাপট। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি সিনেমার গানের দৃশ্য ধারণের সময় পরিচালকের ‘কাট’ নির্দেশের পরও সহ-অভিনেতা তাকে চুম্বন করতে থাকেন। সেই ঘটনার পাশাপাশি পরবর্তীতে ব্যক্তিগতভাবেও হয়রানির অভিযোগ তুলেছেন তিনি।

প্রিয়া বাপটের ভাষ্য, তখন তিনি ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন ছিলেন। ফলে ঘটনার সময় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করার মতো পরিস্থিতি বা সাহস কোনোটিই তার ছিল না। সেই অভিজ্ঞতা তাকে দীর্ঘদিন মানসিকভাবে অস্বস্তিতে রেখেছিল।

অভিনেত্রী জানান, সিনেমার চিত্রনাট্য পড়ার সময় থেকেই একটি চুম্বনের দৃশ্য নিয়ে তার আপত্তি ছিল। তবে পরিচালকের অনুরোধ ও পেশাদার দায়িত্বের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত তিনি দৃশ্যটি করতে রাজি হন।

কিন্তু শুটিং চলাকালে পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। প্রিয়ার অভিযোগ, পূর্বনির্ধারিত দৃশ্যের বাইরে গিয়ে সহ-অভিনেতা আচমকাই শারীরিক ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেন। পরিচালকের ‘কাট’ নির্দেশের পরও তিনি থামেননি, যা অভিনেত্রীকে বিব্রত ও অস্বস্তিকর অবস্থায় ফেলে।

শুধু শুটিং সেটেই নয়, ভোপালে আউটডোর শুটিংয়ের সময় হোটেলে অবস্থানকালেও ওই সহ-অভিনেতা ফোন ও বার্তার মাধ্যমে তাকে বিভিন্ন কুপ্রস্তাব দেন বলে অভিযোগ করেন প্রিয়া। এসব ঘটনায় তিনি মানসিক চাপে পড়ে যান এবং পরে বিষয়টি স্বামীকে জানান।

অভিনেত্রীর দাবি, বিষয়টি জানার পর তার স্বামী সরাসরি শুটিং সেটে উপস্থিত হন। এরপর পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং ওই সহ-অভিনেতা নিজের আচরণ সংশোধন করতে বাধ্য হন।

উল্লেখ্য, মারাঠি ও হিন্দি চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ প্রিয়া বাপট ২০০০ সালে ‘ডক্টর বাবাসাহেব আম্বেদকর’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। পরে ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘লাগে রাহো মুন্নাভাই’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। এছাড়া ‘কাকস্পর্শ’ ও ‘টাইমপাস টু’ সিনেমায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা পায়।

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিটি অব ড্রিমস’-এ অভিনয়ের মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকের কাছেও ব্যাপক পরিচিতি পান প্রিয়া বাপট। বর্তমানে তিনি তার নতুন মনস্তাত্ত্বিক চলচ্চিত্র ‘ডালিম : দ্য মিথ’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

পাঁচ মাস সংসারের পর আইনি বিয়ে সারলেন মধুমিতা

বিনোদন ডেস্ক
পাঁচ মাস সংসারের পর আইনি বিয়ে সারলেন মধুমিতা
সংগৃহীত ছবি

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের জানুয়ারিতে পারিবারিক পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন মধুমিতা ও দেবমাল্য। এবার পাঁচ মাসের মাথায় আইনি বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন এই তারকা দম্পতি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে রেজিস্ট্রির কয়েকটি ছবি শেয়ার করেন মধুমিতা। সেখানে দেখা যায়, কোনো জাঁকজমক বা আড়ম্বর ছাড়াই দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা।

বিশেষ এই দিনে মধুমিতার সাজেও ছিল সরলতার ছাপ। তিনি পরেছিলেন রাস্ট অরেঞ্জ রঙের সালোয়ার-কামিজ এবং ছিলেন প্রায় মেকআপবিহীন। অন্যদিকে দেবমাল্যও বেছে নিয়েছিলেন একেবারে সাধারণ ক্যাজুয়াল পোশাক।

দম্পতির জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের পোষ্য কুকুরটিও ছিল সঙ্গী। রেজিস্ট্রির ছবি প্রকাশ করে ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম।’

উল্লেখ্য, এটি দেবমাল্য চক্রবর্তীর প্রথম বিয়ে হলেও মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে কয়েক বছর পর তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এরপর দীর্ঘদিনের সম্পর্কের পর দেবমাল্যের সঙ্গে নতুন জীবন শুরু করেন অভিনেত্রী, যা এবার আইনি স্বীকৃতিও পেল।
 

‘সুশান্তকে খুন করা হয়েছে’, দাবি সালমানের প্রাক্তন প্রেমিকার | কালের কণ্ঠ