• ই-পেপার

ববির 'নীলিমা' চার বছর পর

দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে মিলা-ফুয়াদ

বিনোদন প্রতিবেদক
দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে মিলা-ফুয়াদ
সংগৃহীত ছবি

একসময় বাংলা পপ গানে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন সংগীতশিল্পী মিলা ও সুরকার-সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ ও ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো হিট গানের পর দীর্ঘ বিরতি শেষে আবারও একসঙ্গে ফিরছেন এই জনপ্রিয় জুটি।

তাঁদের নতুন গান ‘কান্ডারি চল’ প্রকাশিত হবে আজ মঙ্গলবার। ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বকে ঘিরে তৈরি হওয়া গানটি ফুটবলপ্রেমীদের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে। গানটির সঙ্গে একই দিনে প্রকাশ পাবে এর মিউজিক ভিডিওও।

নতুন গান প্রসঙ্গে মিলা বলেন, ‘ফুয়াদ ভাইয়ের সঙ্গে করা গানগুলো আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে আছে। “তুমি কি সাড়া দেবে”, “রূপবানে নাচে কোমর দুলাইয়া” গানগুলোর কথা এখনো মানুষ আমাকে মনে করিয়ে দেন। এত বছর পর বনানীর একটি স্টুডিওতে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে সেই দিনগুলোর কথা বারবার মনে পড়েছিল। বলতে পারেন “কান্ডারি চল” শুধু একটি নতুন গান নয়, এটি আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি আর নতুন করে একসঙ্গে কাজ করার আনন্দেরও প্রকল্প।’

No photo description available.

মিলা জানান, গানটির রেকর্ডিং শেষে ফুয়াদ যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তবে তাঁদের আরও কয়েকটি গান নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে। 

শুধু তাই নয়, নতুন গান প্রকাশের পর দেশের বিভিন্ন কনসার্ট ও বিশেষ আয়োজনে একসঙ্গে মঞ্চে পারফর্ম করার ইচ্ছাও রয়েছে তাঁদের। ফলে দীর্ঘদিন পর আবারও এই জনপ্রিয় জুটিকে লাইভ পারফরম্যান্সে দেখার সুযোগ পাবেন ভক্তরা।

জানা গেছে, ‘কান্ডারি চল’-এর মিউজিক ভিডিওর কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস।

মিলা ও ফুয়াদের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় এবং র‍্যাপার ব্ল্যাক জ্যাং। গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় ও ব্ল্যাক জ্যাং।

নির্বাচনে না লড়েও এফডিসিতে হাজির হয়ে চমকে দিলেন বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক
নির্বাচনে না লড়েও এফডিসিতে হাজির হয়ে চমকে দিলেন বাপ্পারাজ
সংগৃহীত ছবি

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন, কিন্তু হঠাৎ করেই আবার সরে দাঁড়ান চিত্রনায়ক বাপ্পারাজ। এরপর নির্বাচনী আবহে হঠাৎ এফডিসিতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিলেন তিনি। দীর্ঘদিন পর তাঁর এমন উপস্থিতি ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সোমবার (২৩ জুন) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এফডিসিতে আসেন বাপ্পারাজ। তবে নিজের মনোনয়ন জমা দিতে নয়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির পক্ষে আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাশে দাঁড়াতেই তাঁর এই আগমন।

এর আগে গত মে মাসে বাপ্পারাজ ঘোষণা দিয়েছিলেন, তিনি শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। তবে কিছুদিনের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 

এরপর প্রায় ১৯ দিন জনসমক্ষে এ বিষয়ে নীরব থাকার পর আবারও এফডিসিতে তাঁর উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাপ্পারাজ বলেন, ‘আমি প্রার্থী না হলেও আমার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি। মুক্তিকে আগেই জানিয়ে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে সব সময় আছি। তাই আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসেছি। ওদের জন্য সব সময় শুভকামনা।’

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে এর আগে তিনি বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর মাঝে ব্যবসায়িক কারণ একটি। নির্বাচন করে যদি সময় না দিতে পারি, তাহলে বিষয়টা ভালো দেখায় না। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত।’

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাপ্পারাজকে পাশে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে শুরুতে সভাপতি পদে বাপ্পারাজের নাম ঘোষণার পর শিল্পীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। বিশেষ করে একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি তাঁর প্রার্থিতা নিয়ে বেশ আশাবাদী ছিলেন। তবে বাপ্পারাজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ভোটের সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এফডিসিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। এবারের নির্বাচনে মূল লড়াই হবে দুটি প্যানেলের মধ্যে। 

একদিকে রয়েছেন আরমান-মুক্তি প্যানেল, অন্যদিকে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল।

গ্যালারিতে শাকিরার পাশে কে এই তরুণ

বিনোদন ডেস্ক
গ্যালারিতে শাকিরার পাশে কে এই তরুণ
সংগৃহীত ছবি

স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা উপভোগ করছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা। হঠাৎ সম্প্রচার ক্যামেরার লেন্স তার দিকে ঘুরতেই দেখা গেল এক এক তরুণ চুমু এঁকে দিলেন পপ তারকার গালে! আর ক্যামেরায় বন্দি হওয়া সেই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মনে তৈরি হয় হাজারো জল্পনা-কল্পনা। কে এই তরুণ? শাকিরার নতুন কোনো সঙ্গী নাকি বিশেষ কেউ?

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার হাইভোল্টেজ ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে ঘটে এই ঘটনা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই রহস্যময় সেই তরুণকে নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। তবে সব রহস্যের অবসান ঘটিয়ে অবশেষে জানা গেছে সেই তরুণের আসল পরিচয়। তিনি অন্য কেউ নন, খোদ শাকিরারই বড় ছেলে!

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-র ম্যাচ দেখতে দুই ছেলে মিলান ও সাশাকে নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন শাকিরা। টানটান উত্তেজনার ম্যাচের একপর্যায়ে ক্যামেরা যখন শাকিরার দিকে তাক করা হয়, তখনই মায়ের প্রতি ভালোবাসার জেরে গালে স্নেহের চুমু দেয় তার ছেলে। কিন্তু শাকিরার পারিবারিক জীবন সম্পর্কে যারা খুব একটা অবগত নন, তারা এই পারিবারিক ও আবেগময় মুহূর্তটিকে ভিন্ন চোখে দেখতে শুরু করেন। মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় নানা মুখরোচক মন্তব্যের ঝড় ওঠে। পরে ছেলেদের পরিচয় স্পষ্ট হতেই সব গুঞ্জনে জল পড়ে।

ম্যাচ চলাকালে শুধু এই একটি দৃশ্যই নয়, আরো বেশ কয়েকবার ক্যামেরার ফোকাস কেড়ে নিয়েছেন লাতিন এই পপ তারকা।

অন্য একটি দৃশ্যে দুই ছেলেকে নিয়ে বেশ হাস্যোজ্জ্বল মেজাজে দেখা যায় শাকিরাকে। সে সময় গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে তাকে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দিতেও দেখা গেছে।

মাঠের ফুটবল লড়াই ছাপিয়ে গ্যালারিতে শাকিরার এই পারিবারিক ও আনন্দঘন মুহূর্তগুলোই ম্যাচ শেষে বিনোদন দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ছেলের ভালোবাসার এই সুন্দর মুহূর্তটি শেষ পর্যন্ত জল্পনার ডালপালা মেললেও, সত্য প্রকাশের পর ভক্তরা এখন শাকিরার এই পারিবারিক বন্ধনের প্রশংসায় পঞ্চমুখ।

অ্যানিমেটেড সিনেমায় কণ্ঠ দিতে জুটি বাঁধছেন টিমোথি ও সেলেনা

অনলাইন ডেস্ক
অ্যানিমেটেড সিনেমায় কণ্ঠ দিতে জুটি বাঁধছেন টিমোথি ও সেলেনা

‘মিনিয়নস’ বা ‘ডেসপিকেবল মি’ এবং ‘সুপার মারিও ব্রোস’-এর মতো বিশ্ব কাঁপানো অ্যানিমেশন সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান ‘ইলুমিনেশন’ নিয়ে আসছে এলিয়েন বা ভিনগ্রহী কেন্দ্রিক নতুন অ্যানিমেটেড চলচ্চিত্র ‘নট অ্যালোন’। আর এই সিনেমাতেই প্রধান দুইটি চরিত্রে কণ্ঠ দিতে একসঙ্গে জুটি বাঁধছেন হলিউডের জনপ্রিয় দুই তারকা টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ। সম্প্রতি ফ্রান্সের বিখ্যাত ‘অ্যান্সি অ্যানিমেশন ফেস্টিভ্যাল’ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এই সিনেমায় টিমোথি কণ্ঠ দিচ্ছেন ‘জো’ নামের চরিত্রে, যে একজন রকেট মেকানিক এবং একা শান্তিতে থাকতে ভালোবাসে। অন্যদিকে, সেলেনা গোমেজ কণ্ঠ দিচ্ছেন ‘ফ্রান’ চরিত্রে, যে একজন অত্যন্ত মেধাবী জ্যোতির্বিজ্ঞানী এবং বিশ্বের প্রথম উদ্ভিদ-চালিত রকেট তৈরি করছে। গল্পে দেখা যাবে, এই বৈপ্লবিক রকেট মহাকাশে ছাড়ার প্রস্তুতির সময় জো ও ফ্রানের দেখা হয় এবং তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। কিন্তু প্রেম-ভালোবাসার বিষয়ে তারা দুজনেই একদম আনাড়ি।

জো ও ফ্রানের জীবন আরো জটিল হয়ে ওঠে যখন তিনটি দুষ্টু এলিয়েন এসে জো-এর বাড়িতে আশ্রয় নেয়। এই তিন ভিনগ্রহী—ডাঙ্ক, ওয়েলি ও শিরম মহাকাশের এক অদক্ষ আইনরক্ষকের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছিল। তারা বুঝতে পারে যে, ফ্রানের তৈরি করা রকেটটিই তাদের নিরাপদে নিজেদের গ্রহে ফিরে যাওয়ার একমাত্র উপায়।

সিনেমাটির প্রযোজনা করছেন ইলুমিনেশনের প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস মেলেডানড্রি। এ ছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন জয় পোয়েরেল, রিচার্ড কার্টিস ও ডেভিড ডিসটেনফেল্ড। নতুন ও মজার এই অ্যানিমেশন সিনেমাটি ২০২৭ সালের ১৬ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ববির 'নীলিমা' চার বছর পর | কালের কণ্ঠ