• ই-পেপার

ঢাকায় আজ কেমন থাকবে আবহাওয়া

যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর মারধরে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর মারধরে যুবক নিহত
সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে রিফাত (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিফাত পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুর গ্রামের হাসেম মৃধার ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রায়েরবাগ খানবাড়ি মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

নিহতের বাবা হাসেম মৃধা জানান, সন্ধ্যায় বাসার সামনে রাস্তায় বসে ছিলেন রিফাত। এ সময় প্রতিবেশী শাকিল এসে তাকে উদ্দেশ্য করে বলেন, ‘এখানে বসে কী করছিস, গাঁজা খাবি নাকি?’ জবাবে রিফাত বলেন, ‘আমি গাঁজা খাই না, তোরা খাস।’ এ কথা বলার পর শাকিল তাকে গালাগাল ও মারধর করেন। প্রথম দফায় বিষয়টি মীমাংসা করা হলেও পরে শাকিল আবার এসে রিফাতকে কিল-ঘুষি ও লাথি মারলে তিনি অচেতন হয়ে পড়েন।

তিনি আরো জানান, পরে তিনি ও তার আরেক ছেলে রিয়াজ রিফাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত শাকিল অটোরিকশাচালক এবং মাদক সেবন করতেন। ঘটনার পর তিনি ও তার পরিবারের সদস্যরা বাসায় তালা দিয়ে পালিয়ে গেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটরকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটরকে ছুরিকাঘাত
প্রতীকী ছবি

জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটর সুদীপ চন্দ্র দে’কে ছুরিকাঘাত করে করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়েছে।‎‎ সোমবার (২০ জুলাই) বিকেল ৩টার পর মহাখালী গাউসুল আজম মসজিদের বিপরীত পাশে ওয়াসা অফিসের সামনে তাকে ছুরিকাঘাত করা।‎‎

পুলিশ সূত্রে জানা গেছে, অফিস শেষ করে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন সুদীপ চন্দ্র। ওয়াসা অফিসের সামনে যাওয়া মাত্রই অজ্ঞাতপরিচয় কয়েকজন সন্ত্রাসী এসে তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

বনানী থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, ‘ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তাকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে দেখা গেছে। তবে তার চেহারা অস্পষ্ট হওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।’‎‎ তিনি আরো বলেন, ‘এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। আমরা আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

নিবন্ধন পেল বাংলা পোস্ট

নিজস্ব প্রতিবেদক
নিবন্ধন পেল বাংলা পোস্ট
সংগৃহীত ছবি

নিবন্ধন পেল অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলা পোস্ট ডটকম। সোমবার (২০ জুলাই) তথ্য অধিদপ্তর পোর্টালটিকে নিবন্ধন সনদ দেয়।

এর আগে সরকারি সংস্থার যাচাই-বাছাই শেষে বাংলা পোস্টকে নিবন্ধন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য অধিদপ্তরের কাছে চিঠি পাঠানো হয়। সরকার নির্ধারিত ফি জমা দেওয়ার পর নিবন্ধন সনদ ইস্যু করেছে তথ্য অধিদপ্তর।

বাংলা পোস্টের সম্পাদক মাসউদুল হক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সরকারি নিবন্ধন পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মাইলফলক। অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছি, যা আমাদের আরো দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’

তিনি বলেন, ‘এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আমরা বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সর্বোচ্চ পেশাদারি বজায় রাখার পাশাপাশি পাঠকের বিশ্বাস অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘শুধু সংবাদ প্রকাশেই নয়, মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও আধুনিক ও মানসম্মত কনটেন্ট তৈরির মাধ্যমে এগিয়ে থাকতে চাই। সত্য, বিশ্বাসযোগ্যতা এবং প্রযুক্তিনির্ভর উপস্থাপনাকে সমান গুরুত্ব দিয়ে আমরা পাঠকের পাশে থাকার অঙ্গীকার করছি’ বলেন সম্পাদক মাসউদুল হক।

নির্ভীক অনুসন্ধানী সাংবাদিকতার অঙ্গীকার আর আধুনিক প্রযুক্তির সর্বাধিক ব্যবহার করে বাংলা পোস্ট ২০২৪ সালের ২৭ এপ্রিল পরীক্ষামূলক যাত্রা শুরু করে। মাল্টিমিডিয়া এই পোর্টালে রয়েছে দেশ-বিদেশের প্রতি মুহূর্তের সংবাদ। আছে বিশেষ প্রতিবেদন, বিনোদন, খেলাধুলা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প-সংস্কৃতিসহ নানা আয়োজন। সংবাদের পাশাপাশি লাইভ কাভারেজ, ভিডিও কনটেন্ট ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও গ্রহণযোগ্যতা তৈরি করেছে বাংলা পোস্ট।

দুই বছরে সংবাদের বস্তুনিষ্ঠতায় বাংলা পোস্ট ছিল অবিচল। এর প্রতিদানও পাঠক ও বোদ্ধামহল দিয়েছেন। শুধু জনপ্রিয়তা নয় এখন আস্থার শক্ত ভিতের ওপর ধীরে ধীরে দাঁড়াচ্ছে পোর্টালটি। 

বাংলা পোস্টের অর্থায়নে রয়েছে মেহনুর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেহনুর প্রোপার্টিস লিমিটেড (এমপিএল)।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা

নিজস্ব প্রতিবেদক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১৬০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রবিবার (১৯ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
 
সোমবার (২০ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ১১টি সিএনজি ও ৪৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ২৪টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ২৪টি কাভার্ড ভ্যান, ৬৫টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ৩১৮ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৩টি ট্রাক, ২৪টি কাভার্ড ভ্যান, ২১টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
 
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯টি বাস, ৬ টি ট্রাক, ১২ টি কাভার্ড ভ্যান, ৫৫ টি সিএনজি ও ১৬৭টি মোটরসাইকেলসহ মোট ৩৩০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪ টি বাস, ৮টি ট্রাক, ২৪টি কাভার্ড ভ্যান, ৪১টি সিএনজি, ১৭৭টি মোটরসাইকেলসহ মোট ৩৩১টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯ টি বাস, ৮টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৫০টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ৩১১টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১৯টি বাস, ৫টি ট্রাক, ১০টি কাভার্ড ভ্যান, ৫৪টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ৩০২টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৬৩৫টি গাড়ি ডাম্পিং ও ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।