টানা দ্বিতীয়বারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর।
বুধবার (১৭ জুন) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তরা পশ্চিম থানা ওসি খালিদ মুনসুরকে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার তুলে দেন ঢাকা মেট্রোপলিটনের পুলিশ (ডিএমপির) পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
মে মাসের বিভিন্ন অপরাধ দমন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারসহ সেবামূলক কাজের সার্বিক বিষয়ে তাকে পুরস্কার দেওয়া হয়।
কৃতিত্বপূর্ণ এই অর্জনে এক প্রতিক্রিয়ায় (ওসি) খালিদ মুনসুর বলেন, ‘এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নেবে। কাজের অনুপ্রেরণা জোগাবে। শ্রেষ্ঠত্ব অর্জনের সহযোগিতা করার জন্য তিনি পশ্চিম থানা পুলিশের অন্যান্য সদস্যসহ উত্তরার জনগণকে ধন্যবাদ জানান।’
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক। এছাড়া যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




