• ই-পেপার

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

নেত্রকোনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ, ৪ ফার্মেসিকে জরিমানা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ, ৪ ফার্মেসিকে জরিমানা
ছবি : কালের কণ্ঠ

নেত্রকোনার কেন্দুয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং লাইসেন্স না থাকার অভিযোগে চারটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী।

অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির পাশাপাশি বৈধ লাইসেন্স না থাকার অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রতিটি ফার্মেসিকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার আওতায় আসা ফার্মেসির মালিকরা হলেন সাইফুল ইসলাম, আতাউর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও আমিনুল ইসলাম।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী বলেন, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩–এর ৪০(খ) ধারায় চার ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মালিকদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

তিনি আরো বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ওষুধ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

রাঙামাটি সংবাদদাতা
সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা
সংগৃহীত ছবি

ভারি বর্ষণ ও পাহাড়ধসের কারণে পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় রাঙামাটির ঐতিহ্যবাহী 'সাজেক ভ্যালি' পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রাঙামাটি জেলা প্রশাসনের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসের প্রেক্ষিতে এবং সাম্প্রতিক সময়ে রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারি বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। একই সঙ্গে পাহাড়ি ঢল ও ধসের কারণে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য বড় ধরণের ঝুঁকি বিবেচনা করে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এ ছাড়াও সমগ্র জেলায় চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জে ছিনতাইচক্রের ১১ নারী সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ছিনতাইচক্রের ১১ নারী সদস্য গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ছিনতাইচক্রের ১১ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন সুফিয়া খাতুন (৪০), খোদেনা আক্তার দিলারা (৩৫), হামিদা আক্তার মিনা (২৪), পারভীন (৩০), বৃষ্টি (২৫), রোজিনা আক্তার সায়দা (৩০), বিউটি খাতুন (৩৫), শেফা আক্তার (২১), তামান্না (৩০), জুমা (২০) ও সুবিনা আক্তার লাকী (২০)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন এলাকা থেকে এসে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

ওসি আরো জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। পরে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার ১১ নারীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জামালপুরে পুলিশের অভিযানে পাইপগান, ককটেল ও পেট্রলবোমা উদ্ধার

জামালপুর প্রতিনিধি
জামালপুরে পুলিশের অভিযানে পাইপগান, ককটেল ও পেট্রলবোমা উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

জামালপুর শহরের একটি মার্কেটে অভিযান চালিয়ে দুটি পাইপগান, গোলাবারুদ, ককটেল, পেট্রলবোমা ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকার মনোয়ার আলী মার্কেটের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মার্কেটের দ্বিতীয় তলার একটি অফিসে অভিযান চালায়। এ সময় দুটি পাইপগান, চার রাউন্ড গোলাবারুদ, ছয়টি ককটেল, ছয়টি পেট্রলবোমা এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, ‘অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ককটেল, পেট্রলবোমা ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। মনোয়ার আলী মার্কেটের দ্বিতীয় তলার একটি অফিসে অভিযান চালানো হয়। অফিসটি কার, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’