নেত্রকোনার কেন্দুয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং লাইসেন্স না থাকার অভিযোগে চারটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী।
অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির পাশাপাশি বৈধ লাইসেন্স না থাকার অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় প্রতিটি ফার্মেসিকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার আওতায় আসা ফার্মেসির মালিকরা হলেন সাইফুল ইসলাম, আতাউর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও আমিনুল ইসলাম।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী বলেন, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩–এর ৪০(খ) ধারায় চার ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মালিকদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরো বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ওষুধ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





