• ই-পেপার

অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ এনসিপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার

মৌলভীবাজার ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় শুটকি ব্যবসায়ী আব্দুল আজিজের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে মৌলভীবাজার মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণগ্রামের ছোবহান হাজীর বাড়ির বাথরুমে একটি মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় এখন পর্যন্ত নতুন কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হত্যার উদ্দেশ্য কী ছিল এবং কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, যে বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

চিকিৎসক সেজে দীর্ঘ ১০ বছর ধরে ভয়ংকর প্রতারণা, অবশেষে ধরা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
চিকিৎসক সেজে দীর্ঘ ১০ বছর ধরে ভয়ংকর প্রতারণা, অবশেষে ধরা
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুয়া ডিগ্রিধারী ও চিকিৎসক সেজে প্রতারণার দায়ে মো. শহীদুল্লাহ নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা সদরের নূরজাহান শপিংমলে অবস্থিত হাজী মুখলেছুর রহমান চক্ষুসেবা কেন্দ্র ও চশমাঘরে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযুক্ত কক্সবাজার জেলার রামু উপজেলার শামসুল আলম শিকদারের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া নেতৃত্বে নূরজাহান শপিংমলে অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভুয়া চিকিৎসক শহীদুল্লাহর প্রয়োজনীয় কোনো চিকিৎসা সনদ বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। অভিযানে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, শহীদুল্লাহ দীর্ঘ ১০ বছর ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর, নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং কুমিল্লার হোমনা এলাকায় নিয়মিত রোগী দেখতেন। এমনকি বিভিন্ন চক্ষু হাসপাতালে অপারেশনের নামে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাতেরও গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভ্রাম্যমাণ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহমুদ মিয়া, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিনিধি মাহফুজুর রহমান, এসআই লুতফুর রহমান এবং স্থানীয় সংবাদকর্মীরা।

সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, ‘প্রথমবার বলে আজ শুধু জরিমানা করেই রেহাই দিলাম। তার চেম্বার বন্ধ থাকবে। ভবিষ্যতে যদি ফের রোগী দেখে তখন জেল-জরিমানা দুটোই হবে।  জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের প্রতারকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভুয়া চিকিৎসকদের অপতৎপরতা রুখতে স্থানীয়ভাবে নজরদারি বাড়ানো হয়েছে।’

প্লাস্টিকের ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্লাস্টিকের ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

কক্সবাজারের উখিয়ায় একটি প্লাস্টিকের ড্রামের ভেতর লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় একটি বসতবাড়িতে র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে শাকিলা শারমিন রেশমীকে গ্রেপ্তার করেন। তবে তার এক সহযোগী পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বসতঘর ও ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার শাকিলা শারমিন রেশমী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া ওয়াপালং এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল কালামের মেয়ে এবং মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

আ. ম. ফারুক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা শারমিন রেশমীর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার এবং পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবাসহ তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধ এবং এ চক্রের মূল হোতা ও পলাতক সদস্যদের গ্রেপ্তারে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

বরিশাল

স্বাস্থ্য পরিচালককে স্বৈরাচার আখ্যা দিয়ে অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
স্বাস্থ্য পরিচালককে স্বৈরাচার আখ্যা দিয়ে অপসারণ দাবি
সংগৃহীত ছবি

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নতুন পরিচালক (স্বাস্থ্য) ডা. এস. এম. মনিরুজ্জামান শাহীনকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তার অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে সর্বস্তরের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মচারী এবং সাধারণ জনগণের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ শেষে বিক্ষুব্ধরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ঘেরাও করেন। তবে সে সময় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে উপস্থিত ছিলেন না। পরিচালকের দাবি, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সক্রিয় সদস্য হওয়ায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তার বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে।

জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন বলে জানিয়েছেন ড্যাব বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোনায়েম সাদ। তবে ভুল বোঝাবুঝির কারণে এমনটি করেছেন সংগঠনটির সভাপতি ডা. কবিরুজ্জামান। 

বিক্ষোভে অংশ নেওয়া বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান প্রিন্স বলেন, ‘ডাক্তার মনিরুজ্জামান একটানা চার বছর শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের সময় তাদের নিজস্ব দলের সক্রিয় সদস্য না হলে তাকে দায়িত্ব দেওয়া হতো না। তিনি জুলাই আন্দোলনের বিরুদ্ধে অনুষ্ঠিত হওয়া শান্তি মিছিলে অংশ নিয়েছেন। এখন তিনি পুনরায় স্বাস্থ্য বিভাগের পরিচালকের দায়িত্ব পেয়েছেন। বিষয়টি আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না তাই তার প্রত্যাহার দাবি করছি। 

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোনায়েম সাদ বলেন, ‘ডা. এস. এম. মনিরুজ্জামান শাহীন আমাদের সংগঠনের সদস্য হলেও তিনি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ অংশ নিয়েছেন। তাই তার বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তিনি বলেন জুলাই এর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি ডা. কবিরুজ্জামান বলেন, ‘ডা. এস. এম. মনিরুজ্জামান শাহীন ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এরপর থেকে তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। তবে প্রশাসনিক দায়িত্ব পালনের সময় কিছু কর্মসূচিতে অংশ নিতে হয়। তেমনি একটি কর্মসূচির ছবি নিয়ে শুনেছি বিক্ষোভ হয়েছে। বিষয়টি ভুল বোঝাবুঝি, এটির সমাধান হবে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামান শাহীন জানান, তিনি সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার জন্য গিয়েছেন। শুনেছেন তাকে স্বৈরাচার দাবি করে একটি গ্রুপ বিক্ষোভ করছে। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠনের বরিশালে দুটি গ্রুপ রয়েছে। একটি গ্রুপ তাকে সমর্থন করছেন অপর গ্রুপ তার বিরোধিতা করছেন। গ্রুপিং এর কারণে তার বিরুদ্ধে এই বিক্ষোভ করা হচ্ছে।

তিনি দাবি করেন, ছাত্রজীবন থেকে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে ছিলেন। শেবাচিম হাসপাতালের সহকারি পরিচালক ও উপপরিচালক থাকাকালীন সময়ে বাধ্য হয়েও কিছু প্রোগ্রামে তার উপস্থিত হতে হয়েছে। আর সেই প্রোগ্রামের কিছু ছবি নিয়ে এখন ষড়যন্ত্র করা হচ্ছে। 

প্রসঙ্গত, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নতুন পরিচালক (স্বাস্থ্য) হিসেবে গতকাল সোমবার (৭ জুলাই) দায়িত্ব গ্রহণ করেন ডা. এস. এম. মনিরুজ্জামান শাহীন। এর আগে ডা. মনিরুজ্জামান শাহীন সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে টানা চার বছর সহকারী পরিচালক (প্রশাসন) এবং পরবর্তীতে দেড় বছরেরও বেশি সময় উপপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।