ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের দুই পাশে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর ( সওজ)। সোমবার (৬ জুলাই) দিনব্যাপী উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে পুনরায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস। এছাড়াও অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, স্থাপনাগুলো সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। আগে একাধিকবার নোটিশ ও মাইকিং করে এসব অবৈধ দখলদারকে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলেও তা মানা হয়নি। ফলে বিধি অনুযায়ী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিনের নেতৃত্বে, উপজেলার সহকারী কমিশনা ভূমি আবু মোছা, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুবুর রহমান ও শতাধিক পুলিশ সদস্যদের সহযোগিতায় এই একই জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানঘর উচ্ছেদ করা হয়েছিল।




