খুলনার পূর্ব রূপসায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ষাটোর্ধ্ব হাসান ওরফে বিহারী হাসান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত সোয়া ১২টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হাসান চৌরাস্তার মোড়ে অবস্থানের সময় ৪/৫ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত যখম অবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, ‘হাসান নিহতের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’




