• ই-পেপার

ছেলেকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের সশ্রম কারাদণ্ড

ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনা মূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনা মূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ
ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহ সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনা মূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার হলিধানী ইউনিয়নের কৃষক সুমন হোসেন, কুমড়াবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম এবং নলডাঙ্গা গ্রামের মিলন হোসেনের হাতে একটি করে মিনি গার্ডেন টিলার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বির্জন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিনসহ কৃষি বিভাগের অন্য কর্মকর্তারা।

টিলার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী বলেন, ফলদ ও বনজ বাগানে বড় পাওয়ার টিলার দিয়ে চাষাবাদে নানা ধরনের সমস্যা দেখা দেয়। মিনি গার্ডেন টিলার ব্যবহার করে এসব বাগানে সহজে জমি চাষ করা সম্ভব। এ ছাড়া বড় জমিতেও এ টিলার কার্যকরভাবে ব্যবহার করা যাবে বলে তিনি জানান।

ভালুকায় ট্রাকচাপায় বিক্রয় প্রতিনিধি নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় ট্রাকচাপায় বিক্রয় প্রতিনিধি নিহত
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মো. বিল্লাল হোসেন ভূইয়া (৫০) নামের ওষুধ কম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের নান্নু ভূইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভালুকা উপজেলার চাপরবাড়ী এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে মোটরসাইকেলযোগে ভালুকা বাজারের দিকে যাওয়ার সময় বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বগুড়ায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই
সংগৃহীত ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালক আব্দুল মান্নান নামে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার দড়িপাড়া গ্রামের কৈ-খালি বিলের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত আব্দুল মান্নান (৪৫) বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মুন্নার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। 

জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার (২৮ জুন) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মান্নান। তিনি বগুড়া শহরের চেলোপাড়া স্ট্যান্ড থেকে সারিয়াকান্দি রুটে অটোরিকশা চালান। রাত সাড়ে ৯টার দিকে সর্বশেষ সহকর্মীরা তাকে চেলোপাড়া স্ট্যান্ডে দেখেন। এরপর তিনি বাড়ি না ফেরায় সোমবার সকাল থেকে পরিবারের সদস্য ও সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে সারিয়াকান্দির কৈ-খালি বিল এলাকায় স্থানীয়রা একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মান্নানের বলে শনাক্ত করেন।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের পর শ্বাসরোধে চালক মান্নানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনের ভূমি রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় সর্বদলীয় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনের ভূমি রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় সর্বদলীয় মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

উপমহাদেশের রাগ ও শাস্ত্রীয় সংগীতের মহাসাধক সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রতিষ্ঠিত ‘সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন’-এর ভূমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সর্বদলীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পত্তিকে প্রত্নতাত্ত্বিক সম্পদ ঘোষণা করে সংরক্ষণের দাবি জানানো হয়।

সোমবার (২৯ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন সুরক্ষা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সংগীতাঙ্গনের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন সুরক্ষা কমিটির আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ।

এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূঁইয়া খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন এবং সংগীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলমসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরকারি সহায়তায় পরিচালিত সংগীতাঙ্গনের ৪৯ শতক জমি জাল দলিলের মাধ্যমে দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে জড়িত এ প্রতিষ্ঠানের ভূমি কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না। ভূমিদস্যুদের প্রতিহত করতে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে সংগীতাঙ্গনের জমি রক্ষায় আইনি লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ওস্তাদ আলাউদ্দিন খাঁর এই সম্পত্তিকে প্রত্নতাত্ত্বিক সম্পদ ঘোষণা করে সংরক্ষণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

প্রসঙ্গত, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেল রোড এলাকায় ৪৯ শতক জমিসহ বাড়িটি ক্রয় করেন। পরের বছর মৌখিক দানের মাধ্যমে সেখানে ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিউজিক কলেজ প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন’ রাখা হয়। বর্তমানে সেখানে শাস্ত্রীয় সংগীতসহ শিল্পকলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।