• ই-পেপার

নুজসাত আত্মহত্যা মামলা : গ্রেপ্তার প্রাইভেট শিক্ষকের রিমান্ড শুনানি রবিবার

ক‌টিয়াদী‌তে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
ক‌টিয়াদী‌তে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিফাত নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্প‌তিবার (২৫ জুন) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত (২৩)  কটিয়াদী পৌরসভার কামারকোনা এলাকার সুরুজ মিয়ার ছেলে। তিনি চরিয়াকোনা এলাকায় গাড়ি মাপার স্কেলের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে চরিয়াকোনায় তার দোকানের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও করল গ্রাহকরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও করল গ্রাহকরা
ছবি : কালের কণ্ঠ

গাজীপুরের কালিয়াকৈরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে গ্রাহকরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মৌচাক এলাকায় পল্লীবিদ্যুতের মৌচাক জোনাল অফিসে গ্রাহকরা ওই বিক্ষোভ মিছিলসহ অফিস ঘেরাও করে।

এলাকাবাসী জানায়, গত এক সপ্তাহ ধরে উপজেলার মৌচাক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। এতে করে বিশুদ্ধ পানির সংকটসহ শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছে। এ ছাড়া বিশ্বকাপ ফুটবল খেলা লোডশেডিংয়ের কারণে দেখতে সমস্যা হচ্ছে। একদিকে লোডশেডিং, অন্যদিকে বাড়তি বিলের ঝামেলা পোহাতে হচ্ছে গ্রাকদের। বিষয়টি বিদ্যুৎ অফিসের লোকজনকে বারবার বলেও কোনো প্রতিকার পায়নি গ্রাহকরা। পরে বৃহস্পতিবার সকালে গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পল্লীবিদ্যুতের মৌচাক জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে।

এ সময় বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, সিরাজুল ইসলাম, সোহেল আহমেদ, ইমরান বাদশা প্রমুখ। বক্তারা বলেন, ‘এক সপ্তাহ ধরে আমরা বিদ্যুত পাই না। ঘনঘন লোডশেডিংয়ের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনে চার থেকে পাঁচ ঘণ্টা পর পর বিদ্যুৎ আসে, তা-ও আবার ১০ মিনিটের জন্য। বাসাবাড়িতে বিশুদ্ধ পানির সমস্যা। তা ছাড়া অধিকাংশ মানুষ বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিক তারা ডিউটি শেষ করে ঠিকমতো ঘুমাতে বা বিশ্রাম নিতে পারে না। খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রাহকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মৌচাক জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রফিকুল আজাদ বলেন, সকালে শতাধিক গ্রাহক লোডশেডিং কারণ জানতে অফিসে আসে। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়। তারা অফিস ঘেরাও করেনি। লোডশেডিংয়ের কারণ জানতে চেয়েছে। চাহিদা কম থাকায় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। চাহিদা পর্যাপ্ত থাকলে লোডশেডিং হতো না।

মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ শামীম আক্তার বলেন, ‘গ্রাহকরা লোডশেডিংয়ের প্রতিবাদে মৌচাক পল্লীবিদ্যুৎ অফিসে এসে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রাহকদের বুঝিয়ে শান্ত করা হয়। পরে কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টার আশ্বাস দিলে গ্রাহকরা ফিরে যায়।’

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, নরসিংদীতে গ্রেপ্তার ১

নরসিংদী প্রতিনিধি
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, নরসিংদীতে গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলীকে (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ আলী শহরের কামারগাঁও এলাকার আবদুর রব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গতকাল বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি সেতু এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি কয়েকজনের সহযোগিতায় একটি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেন। কিছুক্ষণের মধ্যেই কুকুরটি নদীর পানিতে তলিয়ে যায়।

ঘটনার সময় উপস্থিত এক ব্যক্তি পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিষয়টি জেলা পুলিশের নজরে আসে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এ আর এম আল মামুন বলেন, ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তের পরিচয় শনাক্ত করে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

পাবনায় আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নারীর মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
পাবনায় আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নারীর মৃত্যু
সংগৃহীত ছবি

পাবনার সাঁথিয়া উপজেলায় বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে খুশি (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার বহলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খুশি ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী ইকরাম ডেকোরেটরের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্র জানায়, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের একটি আমগাছের নিচে পড়ে থাকা আম কুড়াতে যান খুশি। একপর্যায়ে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। একই দিন বাদ আসর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রাঘাতে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

তিনি ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় ঘরের বাইরে না বের হওয়ার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।